সিলেট ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | সিলেট, ১২ অক্টোবর ২০২৬ : সিলেট নগরে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করাকে কেন্দ্র করে হৃদয় কুমার হরিজন (৩৫) নামের এক পরিচ্ছন্নতাকর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (১১ অক্টোবর ২০২৬) রাত আটটার দিকে নগরের কাস্টঘর এলাকায় সুইপার কলোনির কাছে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। এ ঘটনায় আমিন নামের এক ব্যক্তিকে প্রধান অভিযুক্ত করে তাঁর সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করেছে নিহতের পরিবার।
নিহত হৃদয় কুমার হরিজন কাস্টঘর এলাকার স্থায়ী বাসিন্দা। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। পরিবারের অভিযোগ, স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালানো হয়।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের বরাতে জানা যায়, ঘটনার দিন রাতে হৃদয়ের স্ত্রী পিংকী রানীর দিকে মুঠোফোনের ক্যামেরা তাক করে ছবি তুলছিলেন স্থানীয় আমিন নামের এক ব্যক্তি। বিষয়টি দেখে হৃদয় প্রতিবাদ জানালে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমিন সেখান থেকে চলে গিয়ে মুঠোফোনে কয়েকজনকে ডেকে আনেন বলে অভিযোগ রয়েছে।
পরে আমিনের নেতৃত্বে একদল যুবক ধারালো অস্ত্র নিয়ে হৃদয়ের ওপর হামলা চালায় বলে দাবি করেছেন স্বজনেরা। এ সময় তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। গুরুতর রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে। হামলার পর অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যান।
ঘটনার পর হৃদয়ের স্বজনেরা ঘটনাস্থলে ছুটে যান। তাঁর ছোট ভাই অজয় কুমার হরিজন বলেন, ‘ভাবির ছবি তোলার প্রতিবাদ করাই কি ভাইয়ের অপরাধ ছিল? প্রকাশ্যে আমিন ও তাঁর সহযোগীরা মিলে আমার ভাইকে ছুরিকাঘাতে হত্যা করেছে। চারটি অবুঝ সন্তান নিয়ে ভাবি এখন কোথায় দাঁড়াবে? আমরা এ নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।’
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সিলেট কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. মইনুল জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্ত্রীর ছবি তোলার প্রতিবাদকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে নিহতের স্বজনেরা অভিযোগ করেছেন। পুলিশ ঘটনার পরপরই অভিযান শুরু করেছে। প্রধান অভিযুক্ত আমিনসহ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা দ্রুত অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি