স্বাস্থ্যঝুঁকি কমাতে গণপরিবহণ ও সাইকেলবান্ধব নগর গড়ার আহ্বান

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৬

স্বাস্থ্যঝুঁকি কমাতে গণপরিবহণ ও সাইকেলবান্ধব নগর গড়ার আহ্বান

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৩ অক্টোবর ২০২৬ : ঢাকায় ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীর সংখ্যা মোট জনসংখ্যার তুলনায় মাত্র ৫ থেকে ৭ শতাংশ হলেও এসব গাড়ি সড়কের প্রায় ৭০ শতাংশ জায়গা দখল করে থাকে। অন্যদিকে, যানজটের কারণে রাজধানীতে বছরে প্রায় ৩০০ থেকে ৫০০ কোটি মার্কিন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়। ব্যক্তিগত গাড়ির আধিক্য ও অপরিকল্পিত যান চলাচলের ফলে বায়ু ও শব্দদূষণ বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমিয়ে গণপরিবহণ, হাঁটা ও সাইকেলে যাতায়াতের নিরাপদ ও কার্যকর সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

‘বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস’ উপলক্ষে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে আয়োজিত ‘কম গাড়ি, বাসযোগ্য নগরী’ শীর্ষক সাইকেল র‍্যালি ও মানববন্ধন থেকে এ আহ্বান জানানো হয়।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগ, ইনস্টিটিউট অব ওয়েলবিইং বাংলাদেশ এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে বক্তারা সবার জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগর গড়ে তুলতে ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণ এবং পরিবেশবান্ধব যাতায়াতব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এ বি এম আলাউদ্দিন চৌধুরী।

প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. এস এম মাহবুবুল হক মজুমদার।

Manual1 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের স্ট্র্যাটেজি অ্যান্ড ইনোভেশনের উপদেষ্টা অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহসান এবং ডব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগের গবেষণা সহকারী সাজ্জাদুর রহমান সাগর।

Manual8 Ad Code

বক্তারা বলেন, স্বাস্থ্যবান্ধব ও বাসযোগ্য নগর গড়ে তুলতে ব্যক্তিগত গাড়িনির্ভর পরিকল্পনার পরিবর্তে হাঁটা, সাইকেল ও গণপরিবহণকে প্রাধান্য দিয়ে সমন্বিত যাতায়াতব্যবস্থা গড়ে তোলা জরুরি। ব্যক্তিগত গাড়ির নির্বিচার ব্যবহার সড়কে জায়গার ওপর চাপ বাড়ানোর পাশাপাশি যানজট, বায়ুদূষণ ও শব্দদূষণ তীব্র করছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে মানুষের শারীরিক সুস্থতা ও সামগ্রিক জীবনযাত্রার ওপর।

তাঁরা আরও বলেন, সম্প্রতি চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সাইকেল চালানো ও হাঁটার পথ তৈরিতে সরকারের উদ্যোগ জনস্বাস্থ্যের উন্নয়নে ইতিবাচক পদক্ষেপ। এ ধরনের উদ্যোগ দেশের অন্যান্য নগর ও শহরেও সম্প্রসারণ করা প্রয়োজন। পরিকল্পিত সাইকেল লেন, নিরাপদ ফুটপাত এবং সহজলভ্য গণপরিবহণ নিশ্চিত করা গেলে ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি পরিবেশদূষণ ও স্বাস্থ্যঝুঁকিও হ্রাস করা সম্ভব।

Manual6 Ad Code

বক্তারা জানান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দীর্ঘদিন ধরে জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় কাজ করছে। স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি কমাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসের ভেতরে চলাচলের জন্য গণপরিবহণ ও সাইকেল ব্যবহারের ব্যবস্থা রেখেছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ও এ ধরনের উদ্যোগ গ্রহণ করলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিবেশবান্ধব যাতায়াতের সংস্কৃতি গড়ে উঠবে।

Manual6 Ad Code

কর্মসূচি থেকে সরকারের প্রতি জনবান্ধব ও সহজলভ্য গণপরিবহণব্যবস্থা গড়ে তোলা, নিরাপদ সাইকেল লেন নির্মাণ, সমন্বিত সাইকেল নেটওয়ার্ক তৈরি এবং সাইকেলের যন্ত্রাংশের ওপর বিদ্যমান শুল্ক ও কর কমানোর আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা সাইকেল র‍্যালিতে ক্যাম্পাস পরিভ্রমণ করেন এবং পরিবেশবান্ধব যাতায়াত ও ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমানোর পক্ষে সচেতনতামূলক বার্তা প্রচার করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ