সিলেট ২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৩
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৮ অক্টোবর ২০২৩ : দেশে পেঁয়াজের মূল্য বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে সরকার ঢাকা মহানগরীতে টিসিবি’র কার্ডধারীদের মধ্যে ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল সোমবার থেকে এই কার্যক্রম শুরু হবে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আজ রবিবার (৮ অক্টোবর ২০২৩) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিগত কয়েক বছরের আলোকে ও পেঁয়াজের খারাপ মৌসুমের বিবেচনায় আগামীকাল থেকে পর্যায়ক্রমে ঢাকা মহানগরীর কার্ডধারী ভোক্তাদের কাছে পেঁয়াজ বিক্রয় করা হবে। একজন ভোক্তা সর্বোচ্চ দুই কেজি করে পেঁয়াজ কিনতে পারবেন।
দেশে স্বল্প আয়ের এক কোটি পরিবার টিসিবির কার্ডধারী। এর মধ্যে ঢাকা মহানগরীতে যেসব কার্ডধারী রয়েছেন, তাদেরকে মূলত ভর্তুকি মূল্যে প্রতি মাসে দুই কেজি করে পেঁয়াজ দেওয়া হবে।
টিসিবির তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, পেঁয়াজ বিক্রয় কার্যক্রম পর্যায়ক্রমে ঢাকা মহানগরীর বাইরে দেশের অন্যান্য জায়গায় সম্প্রসারণ করা হবে। তবে সেটি মূলত আমদানিকৃত পেঁয়াজের পর্যাপ্ততা সাপেক্ষে করা হবে।
টিসিবির কার্ডধারী পরিবারের মধ্যে সাধারণত চিনি, সয়াবিন তেল ও মসুর ডাল বিক্রি করা হয়। কোনো কোনো মাসে চালও বিক্রি করা হয়েছে। এ ব্যবস্থায় খোলাবাজারের তুলনায় কম দামে কার্ডধারীরা নির্দিষ্ট পরিমাণ পণ্য কিনতে পারেন।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি