পাক্ষিক ‘কমলকুঁড়ি’র ১৬ বছরে পদার্পণ: আলোচনা সভা ও বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, জুন ৩, ২০২৬

পাক্ষিক ‘কমলকুঁড়ি’র ১৬ বছরে পদার্পণ: আলোচনা সভা ও বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | কমলগঞ্জ (মৌলভীবাজার), ০৩ জুন ২০২৬ : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার স্থানীয় সাংবাদিকতা ও জনমতের অন্যতম মুখপত্র হিসেবে পরিচিত পাক্ষিক ‘কমলকুঁড়ি’ পত্রিকা ১৫ বছরের গৌরবময় পথচলা অতিক্রম করে ১৬ বছরে পদার্পণ করেছে।

Manual4 Ad Code

এ উপলক্ষে বুধবার (৩ জুন ২০২৬) সকালে কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা এবং বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিশিষ্ট সাংবাদিক পিন্টু দেবনাথের সম্পাদনা ও প্রকাশনায় প্রকাশিত পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, সাংবাদিক সমাজ, শিক্ষাবিদ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে পত্রিকাটির দীর্ঘ পথচলা, স্থানীয় সাংবাদিকতায় এর অবদান এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

কমলকুঁড়ি পরিবারের সদস্য ও দৈনিক সমকাল পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে এবং কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক ও প্রকাশক পিন্টু দেবনাথ।

স্বাগত বক্তব্যে তিনি পত্রিকাটির প্রতিষ্ঠা থেকে বর্তমান সময় পর্যন্ত নানা চ্যালেঞ্জ, সীমাবদ্ধতা ও অর্জনের কথা তুলে ধরেন। তিনি বলেন, “একটি মফস্বল অঞ্চলে নিয়মিত পত্রিকা প্রকাশ ও টিকিয়ে রাখা সহজ নয়। পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী এবং সংবাদকর্মীদের সহযোগিতায় কমলকুঁড়ি আজ ১৬ বছরে পদার্পণ করতে পেরেছে। ভবিষ্যতেও এলাকার মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের পাশে থাকতে চাই।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান। তিনি বলেন, “একটি আঞ্চলিক পত্রিকার ১৫ বছর অতিক্রম করে ১৬ বছরে পদার্পণ করা নিঃসন্দেহে গৌরবের বিষয়। দীর্ঘ দেড় দশক ধরে পাক্ষিক কমলকুঁড়ি কমলগঞ্জের সমস্যা, সম্ভাবনা, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে জনমতের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। স্থানীয় পর্যায়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রশাসন ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করে এবং উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে সহায়তা করে।”

তিনি আরও বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। দায়িত্বশীল সাংবাদিকতা গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করে এবং জনগণের প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে সংযোগ স্থাপন করে। কমলকুঁড়ি তার সততা, নিরপেক্ষতা ও সাহসিকতার ধারা অব্যাহত রেখে ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।”

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান ছরওয়ার শোকরানা নান্না, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশ্বজিৎ রায়, দৈনিক মানবজমিনের প্রতিনিধি সাজিদুর রহমান, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি শাব্বির এলাহী, তৌহিদুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন দেব এবং কমলগঞ্জ পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির সভাপতি মো. মোনায়েম খান।

বক্তারা বলেন, রাজধানীকেন্দ্রিক সংবাদমাধ্যমের বাইরে মফস্বল সাংবাদিকতা নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে এগিয়ে চলে। অর্থনৈতিক প্রতিবন্ধকতা, প্রযুক্তিগত চ্যালেঞ্জ এবং পাঠকসংখ্যা ধরে রাখার মতো নানা বাস্তবতার মধ্যেও কমলকুঁড়ি নিয়মিত প্রকাশিত হয়ে স্থানীয় সাংবাদিকতায় একটি শক্ত অবস্থান তৈরি করেছে। তারা মনে করেন, সম্পাদক পিন্টু দেবনাথের নিষ্ঠা, সাহসী নেতৃত্ব ও সংবাদপত্রটির প্রতি দায়বদ্ধতার কারণেই পত্রিকাটি দীর্ঘ সময় ধরে পাঠকের আস্থা ধরে রাখতে সক্ষম হয়েছে।

Manual1 Ad Code

আলোচনায় অংশগ্রহণকারীরা আরও বলেন, স্থানীয় সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ, চা-শ্রমিক জনগোষ্ঠীর জীবনমান এবং প্রান্তিক মানুষের নানা বিষয় ধারাবাহিকভাবে তুলে ধরার মাধ্যমে কমলকুঁড়ি জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে পত্রিকাটি আরও সমৃদ্ধ হবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষপর্বে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকার ১৬ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটেন এবং এ উপলক্ষে প্রকাশিত বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করেন।

এ সময় কমলগঞ্জ প্রেসক্লাব, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষাবিদ, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সাংবাদিকতা বিকাশে দীর্ঘ ১৫ বছরের অবদান স্মরণ করে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পাক্ষিক কমলকুঁড়ির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সত্যনিষ্ঠ, দায়িত্বশীল ও জনমুখী সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

Manual3 Ad Code

পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কেক কাটছেন সম্পাদক সহ অতিথিরা।

এদিকে ‘পাক্ষিক কমলকুঁড়ি’র ১৬ বছরে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজ-এর সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “জনগণের সংগ্রামের সহযোদ্ধা হিসেবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে শোষণ-বঞ্চনা, বৈষম্য ও অনুন্নয়নের চিত্র তুলে ধরার পাশাপাশি এলাকার উন্নয়ন ভাবনা ও সম্ভাবনাকে আরও বেশি গুরুত্ব দেবে—এমন প্রত্যাশা করি। গণমানুষের কণ্ঠস্বর হিসেবে কমলকুঁড়ি আগামী দিনেও দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করি।”

 

Manual3 Ad Code