সিলেট ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, আগস্ট ১৪, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৪ আগস্ট ২০২৬ : চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচটি সিটি করপোরেশনসহ সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও গণমুখী করতে নির্বাচনের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সরকারের নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীমঙ্গল সফর করেছেন। ওই সফরে শ্রীমঙ্গলের উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, তারই ধারাবাহিকতায় তিনি শ্রীমঙ্গল সফরে এসেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পর্যটননির্ভর এ শহরের অবকাঠামোগত উন্নয়ন, সড়ক যোগাযোগ, বর্জ্য ব্যবস্থাপনা ও পর্যটন সুবিধা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
শ্রীমঙ্গলের চলমান উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরে মীর শাহে আলম বলেন, উপজেলার রাধানগর-বিষামনি সড়কের প্রায় ছয় কিলোমিটার অংশ নির্মাণে প্রায় পৌনে ৬ কোটি টাকা ব্যয় হচ্ছে। সড়কটির নির্মাণকাজ চলমান রয়েছে এবং আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সড়কটি নির্মাণ শেষ হলে স্থানীয় জনগণের যোগাযোগব্যবস্থার পাশাপাশি পর্যটন ও কৃষিপণ্য পরিবহনেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাইপাস সড়ক ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা
শ্রীমঙ্গরের দীর্ঘদিনের আলোচিত বাইপাস সড়ক নির্মাণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বাইপাস সড়ক নির্মাণের পাশাপাশি পৌরসভার ময়লার ভাগাড় স্থানান্তরের বিষয়েও আলোচনা চলছে। পরিবেশবান্ধব স্থানে বর্জ্য ব্যবস্থাপনার জন্য নতুন জায়গা নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, শুধু ময়লা ফেলার জন্য ভাগাড় তৈরি নয়, আধুনিক ও পরিবেশবান্ধব ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। বর্জ্যকে সম্পদে পরিণত করে জৈব সার উৎপাদন এবং সম্ভব হলে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের মতো প্রকল্প গ্রহণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এমন একটি ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্য রয়েছে, যাতে পরিবেশের ক্ষতি না হয় এবং দুর্গন্ধও ছড়াবে না।
পর্যটন শহর হিসেবে শ্রীমঙ্গলের সম্ভাবনার কথা উল্লেখ করে মীর শাহে আলম বলেন, এ শহরের উন্নয়নে অতিরিক্ত ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যটকদের জন্য উন্নত যোগাযোগব্যবস্থা, পরিবেশসম্মত নগর ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে এ অর্থ কাজে লাগানো হবে।
সিলেট বিভাগে ৫ হাজার কোটি টাকার উন্নয়ন প্রস্তাব
সিলেট বিভাগের সামগ্রিক উন্নয়নে বড় ধরনের বিনিয়োগ পরিকল্পনার কথাও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তিনি বলেন, গোটা সিলেট বিভাগের জন্য ৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পর্যটননগরী হিসেবে শ্রীমঙ্গলকে অগ্রাধিকার দিয়ে মৌলভীবাজার জেলাসহ অন্যান্য উপজেলায় উন্নয়ন কর্মকাণ্ডের জন্য প্রায় দেড় হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।
তিনি বলেন, এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে শ্রীমঙ্গলের সড়ক যোগাযোগব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে। একই সঙ্গে জেলার অন্যান্য উপজেলাতেও অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে। পর্যটন, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতির বিকাশেও এসব প্রকল্প ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
‘১৮০ দিনের মধ্যে বিভিন্ন কর্মসূচি মাঠে গড়িয়েছি’
বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর নেওয়া বিভিন্ন কর্মসূচির অগ্রগতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান নির্বাচিত সরকারের ১৮০ দিন পূর্ণ হতে আর মাত্র দুই দিন বাকি। এই সময়ের মধ্যেই সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, বৃক্ষরোপণ, খাল খনন এবং ইমাম-মুয়াজ্জিনদের বেতনসহ বিভিন্ন কর্মসূচি মাঠপর্যায়ে বাস্তবায়নের কাজ শুরু করেছে।
তিনি বলেন, এসব উদ্যোগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী ডিসেম্বর নাগাদ বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
এ জন্য সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়ার আহ্বান জানিয়ে মীর শাহে আলম বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার আগামী ডিসেম্বর নাগাদ এসব প্রকল্প বাস্তবায়ন করবে, ইনশাআল্লাহ। এজন্য আমাদের সময় দিতে হবে।’
শ্রীমঙ্গলের পর্যটন উন্নয়নে মাস্টারপ্ল্যান
শ্রীমঙ্গলের পর্যটন শিল্পকে আরও বিকশিত করতে সমন্বিত মাস্টারপ্ল্যান তৈরির কথাও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। তিনি বলেন, পর্যটন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সমন্বয়ে শ্রীমঙ্গলের পর্যটন উন্নয়নে একটি মাস্টারপ্ল্যান তৈরির বিষয়টি সরকার বিবেচনা করছে।
মাস্টারপ্ল্যানের আওতায় শ্রীমঙ্গলের পর্যটন অবকাঠামো, সড়ক যোগাযোগ, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এবং পর্যটকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকদের শ্রীমঙ্গলে আরও বেশি আকৃষ্ট করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।
প্রাকৃতিক সৌন্দর্য, চা-বাগান, পাহাড়ি এলাকা ও বৈচিত্র্যময় পর্যটন আকর্ষণের কারণে শ্রীমঙ্গল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। পরিকল্পিত উন্নয়ন ও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করা গেলে এ অঞ্চলের পর্যটন অর্থনীতি আরও শক্তিশালী হবে বলেও সংশ্লিষ্টরা মনে করছেন।
স্থানীয় নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রীর ঘোষণা
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, চলতি অর্থবছরের মধ্যেই পাঁচটি সিটি করপোরেশনসহ দেশের সব স্থানীয় নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচিত প্রতিনিধিত্ব নিশ্চিত করার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, নির্বাচন আয়োজনের বিষয়টি সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে স্থানীয় নির্বাচন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট পর্যায়ে কাজ চলছে।
শ্রীমঙ্গলে উন্নয়ন প্রকল্প পরিদর্শনের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল কমলগঞ্জ) আসনের এমপি মো. মুজিবুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের এমপি আব্দুল মালেক, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ভিপি মিজান রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুর রহমান ময়ুন, যুক্তরাজ্য বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর ও বিসিবির পরিচালক সরফরাজ আহমেদ সরফু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আলম সিদ্দিকী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন ও সদস্য সচিব রুবেল আহমেদসহ স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গলের উন্নয়ন নিয়ে সরকারের এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে পর্যটননির্ভর এ শহরের যোগাযোগ, নাগরিক সেবা ও পরিবেশ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আসার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও গতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি