সিলেট ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২২
প্রযুক্তি বিষয়ক প্রতিবেদক | ঢাকা, ১৩ নভেম্বর ২০২২ : প্রধানমন্ত্রী’র আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আজ রাজধানীর একটি হোটেল আনুষ্ঠানিকভাবে ইন্টারঅপারেবল ডিজিটাল লেনদেন প্লাটফর্ম ‘বিনিময়’ উদ্বোধন করেছেন।
আজ রবিবার (১৩ নভেম্বর ২০২২) সকালে এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এনএম জিয়াউল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক মেজবাউল হক এই প্লাটফর্মের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করে একটি প্রেজেন্টেশন করেন।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিনিময়’ ডিজিটাল আর্থিক লেনদেনের জন্য একটি যুগান্তকারী প্লাটফর্ম- যা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে সরকারের একটি সময়োচিত ও সুদূর প্রসারী পদক্ষেপ।
সাম্প্রতিক বছরগুলোতে, সরকার সকল ব্যাংক এমএফএস অপারেটর ও পিএসপি অ্যাকাউন্টকে ইন্টারঅপারেবল করতে পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে ভোক্তা, ব্যবসায়ী, পিএসপি, ই-ওয়ালেটস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন সহজ হবে।
বিনিময় সব ধরনের আর্থিক লেনদেনকে ব্যয়-সাশ্রয়ী, সহজ ও স্বচ্ছতা নিশ্চিত করবে। এছাড়াও এর মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের বেতন প্রদান, রেমিটেন্স পাঠানো, ট্যাক্স/ভ্যাট পরিশোধ, বিভিন্ন উপযোগী বিল পরিশোধ ও ই-কমার্স লেনদেন করা যাবে।
ওয়েব-ভিত্তিক প্লাটফর্ম বিনিময় ব্যাংকের বিভিন্ন অ্যাপস, মোবাইল আর্থিক সেবা ও পেমেন্ট সিস্টেম প্রোভাইডারের মধ্যে সমন্বয় সাধন করবে।
আইসিটি ডিভিশন এবং বাংলাদেশ ব্যাংকের ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট অ্যাকাডেমি (আইডিইএ) প্রোগ্রামের অংশ হিসেবে ভেলওয়ার লিমিটেড, মাইক্রোসফট বাংলাদেশ ও অরিয়ন ইনফর্মেটিকস লিমিটেড এই প্লাটফর্মটি তৈরিতে সহায়তা করেছে।
বিনিময় প্লাটফর্মের দায়িত্ব সমন্বয় করবে ভেলওয়ার লিমিটেড।
বাংলাদেশ ব্যাংক গত বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে ইন্টারঅপারেবল ডিজিটাল লেনদেন প্লাটফর্ম (আইডিপিটি)’র খরচ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
যেখানে উল্লেখ করা হয়েছে, বিকাশ থেকে রকেটে টাকা পাঠাতে প্রতি হাজারে খরচ হবে ৫ টাকা। আর এমএফএস সেবা (বিকাশ, রকেট ইত্যাদি) থেকে ব্যাংকে টাকা পাঠাতে (প্রতি হাজারে) খরচ হবে ১০ টাকা। অপরদিকে এমএফএস থেকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) অ্যাকাউন্টে টাকা পাঠাতে খরচ হবে হাজারে ৫ টাকা।
এতে আরো জানানো হয়, সোমবার থেকে এই প্লাটফর্মে লেনদেন করা যাবে।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি