সারাদেশে শিবিরের সন্ত্রাসী হামলার বিচার দাবি বাম গণতান্ত্রিক জোটের

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, জুন ১, ২০২৫

সারাদেশে শিবিরের সন্ত্রাসী হামলার বিচার দাবি বাম গণতান্ত্রিক জোটের

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০১ জুন ২০২৫ : সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহের নেতাকর্মীদের ওপর হামলা ও মব সৃষ্টি করে হেনস্তা করার জন্য দায়ী শিবিরসহ মৌলবাদী সংগঠনের সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি করেছে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা কমিটি। একইসাথে বিভিন্ন জেলায় রাজনৈতিক দলের অফিস ও নেতৃবৃন্দের বাসস্থানে হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করা হয়েছে।

আজ রবিবার (১ জুন ২০২৫) বিকাল সাড়ে ৫টায় বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক এবং বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক থেকে উপরোক্ত দাবি জানানো হয়।

Manual2 Ad Code

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, বাসদ (মার্কসবাদী)-এর কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার এবং বাসদের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য জনার্দন দত্ত নান্টু।

Manual5 Ad Code

বৈঠক থেকে মায়ানমারের রাখাইন রাজ্যের সাথে করিডোর, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে লিজ দেয়াসহ অন্তর্বর্তী সরকারের এখতিয়ার বহির্ভুত সিদ্ধান্ত বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি উল্লেখ করে এই ধরনের চক্রান্তের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।

বৈঠক থেকে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের ৭ দফা দাবির প্রতি সংহতি জানিয়ে অবিলম্বে তা মেনে নেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়। বাংলাদেশ ও ভারতের আবহাওয়া দপ্তর থেকে প্রবল বর্ষণে বন্যার পূর্বাভাস দেয়া হয়েছে। আসন্ন এই বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য সরকারের কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানানো হয় বৈঠক থেকে।

সভায় ঈদের আগে শ্রমিক কর্মচারীদের বেতন বোনাস ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানান হয়।

আগামী ৩ মাস বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কের
দায়িত্ব পালন করবেন কমরেড রুহিন হোসেন প্রিন্স
বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক আগামী ৩ মাস বাম গণতান্ত্রিক জোট, কেন্দ্রীয় পরিচালনা কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ