৭০ শতাংশ মানুষকে ক্যাশলেস অর্থনীতির আওতায় আনার লক্ষ্য

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৬

৭০ শতাংশ মানুষকে ক্যাশলেস অর্থনীতির আওতায় আনার লক্ষ্য

Manual7 Ad Code
  • শ্রীমঙ্গলে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল ( মৌলভীবাজার), ২৮ অক্টোবর ২০২৬ : দেশে ডিজিটাল লেনদেনের প্রসার এবং ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে ২০২৭ সালের মধ্যে ৭০ শতাংশ মানুষকে ক্যাশলেস লেনদেনের আওতায় আনার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। পরবর্তী সময়ে ২০৩০ সালের মধ্যে এ কার্যক্রম শতভাগে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এ পরিকল্পনা বাস্তবায়নে ‘এক দেশ, এক কিউআর’ নীতির আওতায় বাংলা কিউআর ব্যবস্থার প্রসারে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলা কিউআর বাস্তবায়নবিষয়ক এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের নির্বাহী পরিচালক খালেদ আহমদ।

Manual5 Ad Code

সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের নির্দেশনায় এবং আইএফআইসি ব্যাংকের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংকের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মোশাররফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে খালেদ আহমদ বলেন, বাংলা কিউআর চালু হলে সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহজে ও বিনা চার্জে ডিজিটাল লেনদেন করতে পারবেন। দুই হাজার টাকার কম অঙ্কের লেনদেনে সরকারি প্রণোদনা দেওয়ার ব্যবস্থাও থাকবে। এ উদ্যোগের মাধ্যমে নগদ অর্থের ব্যবহার কমানোর পাশাপাশি ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও জনবান্ধব করা সম্ভব হবে।

Manual7 Ad Code

তিনি বলেন, দেশের অর্থনীতিকে ক্যাশলেস ব্যবস্থার দিকে এগিয়ে নিতে ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষসহ ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনা জরুরি। এ ক্ষেত্রে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কৃষি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধার বিষয়টিও তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের এ কর্মকর্তা। তিনি বলেন, জামানত ছাড়াই পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ রয়েছে। এ সুবিধা কাজে লাগিয়ে উদ্যোক্তারা তাঁদের ব্যবসা সম্প্রসারণ করতে পারেন। এ খাতে সরকারের ৬০ হাজার কোটি টাকার তহবিল রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মোবাইল ব্যাংকিং সেবায় বিকাশের অতিরিক্ত অর্থ আদায়ের প্রসঙ্গ তুলে খালেদ আহমদ বলেন, বাংলা কিউআর চালু হলে এ ধরনের অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ সংকুচিত হয়ে আসবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন, বাংলাদেশ ব্যাংকের সিলেট অফিসের মুখ্য পরিচালক সিন্ধু ভূষণ পাল, আইএফআইসি ব্যাংকের হেড অব কান্ট্রি মো. জাকির হোসেন, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এএসএম ইয়াহিয়া এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন।

Manual6 Ad Code

এ ছাড়া বিভিন্ন ব্যাংকের স্থানীয় শাখা ব্যবস্থাপক, ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও নারী উদ্যোক্তারা সভায় অংশ নেন। তাঁরা বাংলা কিউআর ব্যবস্থার প্রসার, ডিজিটাল লেনদেনে ব্যবসায়ীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক সেবার আওতা সম্প্রসারণের বিষয়ে মতামত তুলে ধরেন।

সভায় বক্তারা বলেন, ডিজিটাল লেনদেন জনপ্রিয় করতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, ব্যবসায়ীদের সম্পৃক্ত করা এবং সহজে ব্যবহারযোগ্য আর্থিক সেবা নিশ্চিত করা প্রয়োজন। বাংলা কিউআরের কার্যকর বাস্তবায়ন দেশের ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার উদ্যোগকে এগিয়ে নিতে সহায়ক হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ