চট্টগ্রামে রোডমার্চের প্রচারে পুলিশী বাধায় নিন্দা ও মব সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি বাম জোটের

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৫

চট্টগ্রামে রোডমার্চের প্রচারে পুলিশী বাধায় নিন্দা ও মব সন্ত্রাসের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি বাম জোটের

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৫ জুন ২০২৫ : সারাদেশে চলমান ‘মব সন্ত্রাস’-এর বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ গ্রহণ ও চট্টগ্রামে রোডমার্চের প্রচারে পুলিশী বাধায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

আজ বুধবার (২৫ জুন ২০২৫) সকাল ১১টায় বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিষদের এক সভা বাম জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, বাসদ (মার্কসবাদী)-এর সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী।

সভায় বক্তারা বলেন, গত ২২ জুন লালমনিরহাটে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দরিদ্র নরসুন্দর বাবা ও ছেলেকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয় মব সৃষ্টিকারী লোকজন। একইদিনে আওয়ামী লীগের প্রহসনের নির্বাচনে সহযোগিতাকারী সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে ‘মব’ তৈরি করে জুতার মালা পড়ানো হয় ও মারধর করা হয়। এই ঘটনাগুলো আইনের শাসনের বিরোধী ও গণতন্ত্রের পক্ষে হুমকিস্বরূপ।

সভায় আরও বলা হয়, অন্তবর্তী সরকারের ১০ মাস অতিবাহিত হলেও অব্যাহত মব সন্ত্রাস নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা সীমাহীন। যা কোনক্রমেই মেনে নেওয়া যায় না। শুধু সরকার নয় সেনাপ্রধানও মবের বিরুদ্ধে বলার পরও পরিস্থিতির কেন পরিবর্তন লক্ষ করা যাচ্ছে না। ফলে দেশের জনগণ আতংকিত।

Manual7 Ad Code

এসকল ঘটনায় সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী নিরব দর্শক হলেও, সরকারের সমালোচনা করে বক্তব্য প্রচারের গণতান্ত্রিক অধিকার খর্ব করার ক্ষেত্রে তারা অতিশয় তৎপর।

Manual7 Ad Code

সভায় নেতৃবন্দ বলেন, বর্তমান সরকার এখতিয়ার বহির্ভূতভাবে বন্দরের টার্মিনাল বিদেশি কোম্পানিকে লিজ দেয়া, রাখাইনে করিডোর দেয়া- ইত্যাদি সিদ্ধান্ত নিচ্ছে। এর প্রতিবাদে সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ রোডমার্চের ডাক দিয়েছে। চট্টগ্রামে রোডমার্চের প্রচার চলাকালে গত ২৩ জুন পুলিশ প্রচারকাজে নেতাকর্মীদের বাধা দেয়। এ ধরণের আচরণ গণতন্ত্র পরিপন্থী।

Manual5 Ad Code

সভা থেকে রোডমার্চের প্রচারকাজে বাধা সৃষ্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং একইসাথে আগামী ২৭ ও ২৮ জুন ঢাকা-চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ সফল করার আহবান জানান।

Manual7 Ad Code