নতুন রাজনৈতিক দল ‘সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি’র আত্মপ্রকাশ

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৫

নতুন রাজনৈতিক দল ‘সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি’র আত্মপ্রকাশ

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৬ জুলাই ২০২৫ : আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি)।

রোববার (৬ জুলাই ২০২৫) রাজধানীর ইস্কাটনে দলটির কার্যালয়ে ঘোষণাপত্র পাঠ এবং ৭ দফা কর্মসূচি উন্মোচনের মাধ্যমে শুরু হয় দলটির যাত্রা।

দলটির নেতারা জানায়, মুক্তিযুদ্ধের আদর্শ—সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার— এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে প্রকাশিত বৈষম্যবিরোধী চেতনাকে ধারণ করে তারা একটি গণতান্ত্রিক, সেকুলার এবং কল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে কাজ করবে।

Manual3 Ad Code

ঘোষণাপত্রে বলা হয়, বর্তমান এককেন্দ্রিক ক্ষমতার বিরুদ্ধে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালুর দাবি জানাচ্ছে দলটি, যেখানে নিম্নকক্ষ হবে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত এবং উচ্চকক্ষ গঠিত হবে পেশাভিত্তিক প্রতিনিধিদের দ্বারা।

তারা আরও জানায়, নারীর রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে প্রত্যেক রাজনৈতিক দলকে ন্যূনতম ৪০ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন দিতে হবে। দলটি দাবি করে তারা কর্পোরেট কিংবা সামরিক-অভিজাত গোষ্ঠীর প্রতিনিধি নয় বরং কৃষক, শ্রমিক, দিনমজুর, তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বার্থরক্ষায় রাজনীতিতে এসেছে।

খুব শিগগিরই জেলা-উপজেলা পর্যায়ে সংগঠন বিস্তারে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি কাজ শুরু করবে বলেও জানান তারা।

Manual8 Ad Code

নতুন রাজনৈতিক দল এসডিপির ঘোষণাপত্র ও ৭ দফা কর্মসূচি নিম্নরূপ –

আমরা গর্বের সাথে জানাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে আজ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি) নামে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করলো। এই দল জন্ম নিয়েছে দেশের প্রতিটি নাগরিকের অধিকার, স্বাধীনতা, মর্যাদা এবং সাম্য নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে।

Manual3 Ad Code

বহমান রাষ্ট্রব্যবস্থার নানা অসাম্য, দুর্নীতি, প্রশাসনিক জটিলতা ও রাজনৈতিক একচেটিয়াত্বের বিরুদ্ধে বিকল্প ও কার্যকর একটি পথ প্রস্তাব করতেই এসডিপির আত্মপ্রকাশ। আমরা বিশ্বাস করি, সত্যিকারের গণতন্ত্র, ন্যায়ভিত্তিক সমাজ ও অর্থনৈতিক সুবিচার ছাড়া জনগণের প্রকৃত মুক্তি সম্ভব নয়।

আমাদের মূল রাজনৈতিক কর্মসূচির সারসংক্ষেপ:

ব্যক্তি স্বাধীনতা ও সম্পত্তির অধিকার: প্রতিটি নাগরিকের ব্যক্তিগত মতামত, ধর্মচর্চা, সম্পত্তি ও গোপনীয়তা রক্ষার পূর্ণ নিশ্চয়তা থাকবে। যাতে রাষ্ট্র কোনোভাবেই ব্যক্তিজীবনে হস্তক্ষেপ করতে পারবে না।

ভূমি সংস্কার ও কৃষকের অধিকার: দরিদ্র ও ভূমিহীন কৃষকের নামে সরকারি জমির মালিকানা নিশ্চিত করে কৃষি ব্যবস্থার পুনর্গঠন করাই আমাদের অগ্রাধিকার। অর্থনৈতিক প্রয়োজন অনুসারে ব্যাপক ভূমি সংস্কার করা হবে।

বিচারবিভাগীয় সংস্কার: পুলিশ ও আমলাতন্ত্রের রাজনৈতিক ব্যবহার বন্ধ করে স্বাধীন তদন্ত সংস্থার মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে। পুলিশ ও প্রশাসনের ক্ষমতা জনবান্ধব কাঠামোতে সীমাবদ্ধ করা হবে।

শিক্ষা ও স্বাস্থ্য: প্রাথমিক শিক্ষা হবে রাষ্ট্রীয় দায়িত্ব এবং মাধ্যমিক পর্যায় পর্যন্ত সকল শিশুর জন্য বাধ্যতামূলক। সরকারি হাসপাতাল সিন্ডিকেটমুক্ত করে সবার জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা হবে।

Manual7 Ad Code

নিরপেক্ষ রাষ্ট্রব্যবস্থা: রাষ্ট্র কোনো ধর্ম, ভাষা বা জাতিকে প্রাধান্য দিতে পারবে না। ধর্মনিরপেক্ষতা ও সাম্য হবে রাষ্ট্রীয় পরিচালনার ভিত্তি।

গণতান্ত্রিক কাঠামো: সরকার থাকবে ক্ষমতাসীন দলের হাতে, বিচারবিভাগ থাকবে বিরোধী দলের হাতে, আর প্রশাসনিক কার্যক্রম থাকবে সাংসদীয় তদারকির আওতায়। সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, যেখানে শ্রমিক ও মালিকের সমান অংশগ্রহণ থাকবে।

অর্থনৈতিক ন্যায়বিচার ও বাণিজ্যিক স্বাধীনতা: দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ, আমলাতান্ত্রিক জটিলতা দূর করে ব্যবসা-বাণিজ্য সহজ করা, এবং রাষ্ট্রায়ত্ত শিল্পের মালিকানা শ্রমিকদের হাতে তুলে দিয়ে উৎপাদন ও বণ্টনে ন্যায্যতা প্রতিষ্ঠা করা হবে।

পরিবেশ ও অবকাঠামো উন্নয়ন: পরিবেশবান্ধব শিল্পনীতি, ট্রাফিক ও পরিবহন খাতে যুগোপযোগী অবকাঠামো এবং গণপরিবহন নিশ্চিত করা হবে।

এসডিপি বিশ্বাস করে যে দেশের মানুষ উত্তরণ চায়, শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক এবং মানবিক একটি রাষ্ট্রব্যবস্থা চায়। আমরা সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত।

সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি জনগণের দল। আমাদের ভবিষ্যৎ গঠনের অগ্রযাত্রায় আমরা দেশের প্রতিটি নাগরিককে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।

জনতার বাংলাদেশ, সমতার বাংলাদেশ।