সিলেট ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৬
আমার অস্থিরতায় মাঝে মাঝে আমি
নিষ্ফল বিব্রত হই।
যখনই একাকী হতে চাই স্বপ্নময়
তখনই টেনে নেয় চোরা স্রোত ঘূর্ণি বায়ু।
আমাকে ছিটকে দেয় দূরের হওয়ার উলঙ্গ চুম্বন।।
বন্ধন ছেঁড়া রক্তাক্ত ভালোবাসা অন্ধকারে তখন উন্মোচিত অরণ্যের মতো গিলে খায়।
কপাট খোলা ঘরের কণ্ঠস্বর ডানে বায়ে
খুঁজে ফেরে লুপ্তপ্রায় উত্তরাধিকার।
যখন একান্তে ভাবি ধরে-থাকা হাতগুলো
শঙ্খচূড়ের মতো নরম শীতল ফনা-তোলা।
তখন প্রেম দ্রোহের পাশাপাশি নৃত্যরত
কালো সাদা ছায়া চারিদিকে ।
সকাল সন্ধ্যা রাতের সংসারে
নিঃশব্দে জমে অভ্যস্ত ক্লান্তির উদাসীন ঘাম।
ভাঙাচোরা স্বপ্নগুলো তবু মালা গাঁথে
রোদ্দুরের কবিতায়
ভালোবাসার বধির-করা শব্দ ঝড়ে আবার
খুলে যায়
আর এক পরিচ্ছেদ, সবুজের ।
#
এই কবিতার সারমর্ম হলো—
মানুষের ভেতরের অস্থিরতা, একাকীত্ব আর ভালোবাসার দ্বন্দ্বকে কেন্দ্র করে কবিতাটি জীবনের এক গভীর মানসিক যাত্রা তুলে ধরে। কবি একদিকে স্বপ্নময় একাকীত্বে আশ্রয় নিতে চান, অন্যদিকে বাস্তবের চোরা স্রোত, সম্পর্কের টানাপোড়েন ও স্মৃতির ভার তাকে বারবার টেনে নিয়ে যায়। ভাঙা বন্ধন, রক্তাক্ত ভালোবাসা ও উত্তরাধিকারহীনতার বেদনা জীবনের অন্ধকার দিককে প্রকাশ করে।
তবু এই ক্লান্তি, অভ্যাসে জমে থাকা উদাসীনতা ও ভাঙাচোরা স্বপ্নের মধ্যেও প্রেম সম্পূর্ণ নিঃশেষ হয় না। আলো-অন্ধকার, দ্রোহ-ভালোবাসার সহাবস্থানে জীবনের ধারাবাহিকতা চলতে থাকে। শেষ পর্যন্ত কবিতাটি আশার দিকেই ইঙ্গিত করে—সব হতাশা, বেদনাকে ছাপিয়ে নতুনভাবে জন্ম নেয় সবুজের আরেকটি পরিচ্ছেদ; যা পুনর্জীবন, সম্ভাবনা ও টিকে থাকার প্রতীক।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি