সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের ব্যবসায়ী আজিজুল হক মনা নিহত

প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সড়ক দুর্ঘটনায় শ্রীমঙ্গলের ব্যবসায়ী আজিজুল হক মনা নিহত

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৬ ফেব্রুয়ারি ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় মো. আজিজুল হক (মনা) নামে এক ফার্নিচার ব্যবসায়ী নিহত হয়েছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি শ্রীমঙ্গল শহরের পরিচিত ব্যবসায়ী ও মেসার্স আলী ফার্নিচারের স্বত্বাধিকারী ছিলেন।

গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি ২০২৬) রাত ৮টার দিকে শ্রীমঙ্গলের কাকিয়া বাজার এলাকায় গ্রীনভিউ রেস্ট হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

পরিবার সূত্রে জানা যায়, আজিজুল হক ব্যবসায়িক কাজে মৌলভীবাজারে গিয়েছিলেন। রাতের দিকে নিজ ব্যবহৃত মোটরসাইকেলে (হিরো হোন্ডা) শ্রীমঙ্গলে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজিজুল হক শ্রীমঙ্গল শহরের সিন্দুরখান রোড, কাকিয়ার পুল এলাকার ৬নং আশিদ্রোন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়।

দীর্ঘদিন ধরে তিনি শ্রীমঙ্গলের কালিঘাট রোড এলাকায় ‘আলী ফার্নিচার’ নামে ব্যবসা পরিচালনা করে আসছিলেন এবং স্থানীয়ভাবে একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত ছিলেন।

Manual2 Ad Code

ব্যক্তিজীবনে তিনি তিন ভাইয়ের মধ্যে তৃতীয় ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

তার স্বজন গণমাধ্যমকর্মী দেওয়ান মাসুকুর রহমান বলেন, “মনা ছিলেন অত্যন্ত পরিশ্রমী, নম্র ও সৎ একজন মানুষ। তার অকাল মৃত্যু আমাদের পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।”

Manual7 Ad Code

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। এক শোকবার্তায় তিনি বলেন, “সড়ক দুর্ঘটনায় একজন সৎ ব্যবসায়ীর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

বুধবার বাদ জোহর শ্রীমঙ্গলের কালিঘাট রোডস্থ বায়তুল আমান জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

স্থানীয় ব্যবসায়ী মহল, প্রবাসী সংগঠন ও সাধারণ মানুষ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তারা বলেন, আজিজুল হক (মনা) ছিলেন একজন সৎ ও জনপ্রিয় উদ্যোক্তা, যিনি তরুণদের আত্মনির্ভরশীল হতে উদ্বুদ্ধ করতেন।

Manual3 Ad Code