সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | শেরপুর, ৩১ মার্চ ২০২৬ : শেরপুরের বিশিষ্ট রাজনীতিক, ক্রীড়া সংগঠক ও সমাজসেবক মো. নাজিমুল হক নাজিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ।
২০২৪ সালের ৩১ মার্চ তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, হৃদরোগ, কিডনি জটিলতা ও ফুসফুসের প্রদাহজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ২০২৪ সালের ৩১ মার্চ সকাল ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নাজিমুল হক নাজিম শেরপুরের রাজনৈতিক, ক্রীড়া ও সামাজিক অঙ্গনে সুপরিচিত মুখ ছিলেন। তিনি শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন ও ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ছিলেন। শেরপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবেও তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজনীতিতে তাঁর দীর্ঘ পথচলা ছাত্রজীবন থেকেই শুরু। তিনি ‘সাবেক ছাত্রনেতা নাজিম’ নামে জেলায় সর্বজনবিদিত ছিলেন। ছাত্রজীবনে তিনি বাকশালের জাতীয় ছাত্রলীগ ও বাংলাদেশ ছাত্রলীগের শেরপুর জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি জেলা কৃষক লীগের সভাপতির দায়িত্বও পালন করেন এবং আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন।
শেরপুর শহরের গৃর্দানারায়ণপুর এলাকার বাসিন্দা নাজিমুল হক নাজিম ক্রীড়া সংগঠক হিসেবেও ব্যাপক অবদান রাখেন। তাঁর উদ্যোগে জেলার ক্রীড়াঙ্গনে বিভিন্ন টুর্নামেন্ট, ক্রীড়া উন্নয়ন কার্যক্রম ও সংগঠন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়। ক্রীড়া ও রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও যুক্ত ছিলেন।
তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবার, রাজনৈতিক সহকর্মী, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন সামাজিক সংগঠন দিনব্যাপী দোয়া মাহফিল, কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। এদিন তাঁর কবর জিয়ারত করা হবে এবং আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হবে।
জেলার রাজনৈতিক, ক্রীড়া ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, নাজিমুল হক নাজিম ছিলেন একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও জনমানুষের নেতা। শেরপুরের রাজনীতি ও ক্রীড়াঙ্গনে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
তাঁর পরিবার, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও জেলার সর্বস্তরের মানুষ তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং সবাইকে তাঁর জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি