সিলেট ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৫
প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শুল্ক যুদ্ধ শুরু করেছেন। তিনি একটা সাধারণ এবং দেশভেদে বিভিন্ন হারে শুল্কারোপ ঘোষণা করেছেন। রাশিয়া ছাড়া পৃথিবীর প্রায় সব দেশ আপাতত এই শুল্কারোপের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়।
ইউরোপীয় ইউনিয়ন বলেছে, এই শুল্কহার বৈশ্বিক মন্দা ডেকে নিয়ে আসবে। অস্ট্রেলিয়া বলেছে, এটা বন্ধুসুলভ নয়। বাংলাদেশ বলেছে, তারা নেগোসিয়েশনের পথে হাঁটবে।
ট্রাম্পের এই ঘোষণা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সেখানে শেয়ার বাজারে ধ্বস নামছে। অনেকে বলছেন, এটা আমেরিকার অলিগার্ক বা বৃহৎ কোম্পানিগুলোকে সুবিধা দিলেও সাধারণ ক্রেতাদের চাপে ফেলবে। যদিও ট্রাম্প বলেছেন, এটা আমেরিকার অর্থনৈতিক স্বাধীনতার স্বাদ। আমেরিকার বাজারে শুল্ক দিয়ে প্রবেশ করে বিভিন্ন দেশের উৎপাদকদের ব্যবসা করতে হবে। এতে যুক্তরাষ্ট্রের আয় বাড়বে।
যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের বিরুদ্ধে শুধু চীন বলেছে, তারা পাল্টা ব্যবস্থা নেবে। তারমানে একটা শুল্ক যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মও ওলট-পালট হয়ে যাবে।
ট্রাম্প অন্তত একটা দাবার ছক ওল্টে দিয়েছেন। তিনি ন্যাটোর ভার বহন করতে রাজি নন। জাতিসংঘ, ওয়ার্লড ব্যাংক, আইএমএফ ইত্যাদি সংস্থা থেকে বিনিয়োগ কমিয়ে দেবেন। এই ঠেলা ইউরোপীয় ইউনিয়নও সামলাতে পারছে না। সব মিলিয়ে ফ্রান্স বলেছে, তারা যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বন্ধ রাখবে।
যাইহোক, গভীর আলোচনায় না গিয়েও বলা চলে, যুক্তরাষ্ট্রের গরীব মানুষের ব্যয়ভার যে বেড়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই কারণ, বাংলাদেশের গার্মেন্টস পণ্যও তাকে ৩৭% শুল্ক দিয়ে কিনতে হবে।
যুক্তরাষ্ট্রের শুল্কারোপের কারণে বাংলাদেশের গার্মেন্টস খাতকে একটা বড় চাপ নিতে হবে এবং যুক্তরাষ্ট্রের সাথে আমদানি রফতানি নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে হবে।
বাংলাদেশকে এই মাসে আবার আইএমএফের ঋণের কিস্তির দ্বিতীয় ধাপের ছাড়ের চাপও নিতে হবে। বিদ্যুৎ এর দামে ভর্তুকি কমানো, কর- জিডিপির হার বাড়ানো অর্থাৎ সরকারকে বিদ্যুতের দাম বাড়িয়ে ঋণের কিস্তি ছাড়ের যোগ্যতা অর্জন করতে হবে। এই গরমে বিদ্যুৎ তেমন কোনো শীতল বার্তা দিবে না।
বাংলাদেশের অর্থনীতি শুধু রিজার্ভ কমার চাপে আছে তা নয়, বিনিয়োগ ও মূল্যস্ফীতির চাপেও আছে। ঈদের আগে পরে মানুষ ছুটিতে থাকলেও অর্থনীতির চাপ ঠিকই অনুভব করছে।
আবহাওয়ার পূর্বাভাসে দেখা যাচ্ছে, গরম বাড়বে, কালবৈশাখী ও নিম্নচাপের সম্ভাবনাও আছে। বাংলাদেশের সাধারণ মানুষ ট্রাম্প, আইএমএফের খবর তেমন না রাখলেও সব্জীর বাজারে এপ্রিলের তাপ অনুভব করবে কারণ, তার হাতে তেমন আয় নেই। এপ্রিল কতটুকু নিষ্ঠুর হবে তা বলা না গেলেও মানুষের শ্বাস নাভিশ্বাসে পরিণত হবে – সন্দেহ নেই।
#
শরীফ শমশির
লেখক, গবেষক

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি