শ্রীমঙ্গলে নবীন-প্রবীণের সমন্বয়ে সাংস্কৃতিক মতবিনিময় সভা

প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

শ্রীমঙ্গলে নবীন-প্রবীণের সমন্বয়ে সাংস্কৃতিক মতবিনিময় সভা

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৫ ফেব্রুয়ারি ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিশু উদ্যান সংস্কার, পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপন এবং সামগ্রিক সাংস্কৃতিক চর্চা জোরদারের লক্ষ্যে নবীন ও প্রবীণ সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে স্থবিরতা কাটিয়ে ধারাবাহিক ও প্রাতিষ্ঠানিক সাংস্কৃতিক কার্যক্রম গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত এ সভা থেকে দুটি পৃথক আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১১টায় শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে শ্রীমঙ্গল বিজয়ী থিয়েটারের সভাপতি দেলোয়ার হোসেনের আহ্বানে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মুরারিচাঁদ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ’৭১-এর মহান মুক্তিযুদ্ধের সংগঠক সাইয়্যিদ মুজীবুর রহমান।

সভাপতির বক্তব্যে অধ্যাপক সাইয়্যিদ মুজীবুর রহমান বলেন, একটি জনপদের সাংস্কৃতিক বিকাশ ছাড়া টেকসই সামাজিক উন্নয়ন সম্ভব নয়। শিশু-কিশোরদের মানসিক ও সৃজনশীল বিকাশের জন্য নিরাপদ ও সৃজনমুখী পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, “শিশু উদ্যান ও পাবলিক লাইব্রেরি কেবল অবকাঠামো নয়, এগুলো একটি সমাজের বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক চর্চার কেন্দ্র। এগুলোকে পুনরুজ্জীবিত করা সময়ের দাবি।”

Manual8 Ad Code

সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শ্রীমঙ্গলের শিশু উদ্যান ও পাবলিক লাইব্রেরি যথাযথ রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন পরিকল্পনার অভাবে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। ফলে শিশু-কিশোরদের সৃজনশীল বিকাশ ও সাংস্কৃতিক চর্চার ক্ষেত্র সংকুচিত হচ্ছে। তারা দ্রুত সংস্কার ও পুনঃস্থাপনের জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

Manual2 Ad Code

আলোচনা শেষে শিশু উদ্যান সংস্কার, পাবলিক লাইব্রেরি পুনঃস্থাপন এবং শিশু পার্ক নির্মাণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে “শিশু উদ্যান বাস্তবায়ন কমিটি” নামে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সর্বসম্মতিক্রমে দেলোয়ার হোসেনকে আহ্বায়ক এবং নিলয় রশিদ তন্ময়কে সদস্য সচিব করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

Manual5 Ad Code

এ ছাড়া শ্রীমঙ্গলের সাংস্কৃতিক অঙ্গনের বিকাশ, নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন এবং জাতীয় দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপনের উদ্দেশ্যে “স্বাধীনতা দিবস উদযাপন পর্ষদ” নামে আরেকটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে উদীচী শিল্পী গোষ্ঠী শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ রায় বিষুকে আহ্বায়ক, উচ্ছ্বাস থিয়েটারের সভাপতি গোবিন্দ রায় সুমনকে সদস্য সচিব এবং ফুয়াদ ইসলামকে কোষাধ্যক্ষ করা হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন উদীচী শিল্পী গোষ্ঠী শ্রীমঙ্গল শাখার সভাপতি নীলকান্ত দেব, সাংবাদিক মো. কাওছার ইকবাল, নিতেশ সুত্রধর (উচ্ছ্বাস থিয়েটার), প্রনবেশ চৌধুরী অন্তু (উদীচী), করুনাময় দাশ (আদর্শ সংগীত বিদ্যালয়), পলাশ চৌধুরী (সংস্কৃতি কর্মী), অনিক ভট্টাচার্য (প্রান্তিক থিয়েটার), সাজু দেব (নৃত্যাঙ্গন), সুমন দাশ (মুদ্রা), মো. আশিকুর রহমান (বিজয়ী থিয়েটার), সুচিত্রা রানী দেব (সুরাঙ্গন সংগীত বিদ্যালয়), রূপম আচার্য্য (সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী), সুজিত রায় (সংস্কৃতি কর্মী), রাখাল বণিক, মো. তামিম আহমেদ (শ্রীমঙ্গল থিয়েটার), মঈনুদ্দিন আহমেদ (নাগরিক উদ্যোগ, শ্রীমঙ্গল), মো. মকবুল হোসেন (ভলেন্টিয়ার গ্রুপ, শ্রীমঙ্গল), মো. আলম মিয়া (ভলেন্টিয়ার বাংলাদেশ), মো. তবারক আলী, শাহেদ আহমদ রানা প্রমুখ।

বক্তারা আরও বলেন, শ্রীমঙ্গল দীর্ঘদিন ধরে চা-শিল্প ও পর্যটনের জন্য পরিচিত হলেও সাংস্কৃতিক সম্ভাবনাও কম নয়। বিচ্ছিন্ন উদ্যোগের পরিবর্তে সমন্বিত পরিকল্পনা ও যৌথ প্রয়াসের মাধ্যমে নিয়মিত নাট্যোৎসব, সংগীতানুষ্ঠান, আবৃত্তি, চিত্রাঙ্কন ও সাহিত্যচর্চার আয়োজন করা গেলে নতুন প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক মূল্যবোধ জাগ্রত হবে।

সভায় সর্বস্তরের সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতা কামনা করা হয়, যাতে দ্রুত সময়ের মধ্যে শিশু উদ্যান ও পাবলিক লাইব্রেরিকে কার্যকর ও প্রাণবন্ত সাংস্কৃতিক কেন্দ্রে রূপান্তর করা যায়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, নবীন-প্রবীণের সম্মিলিত উদ্যোগে শ্রীমঙ্গলের সাংস্কৃতিক অঙ্গন নতুন গতি পাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সৃজনশীল ও মানবিক সমাজ গড়ে তোলার ভিত্তি আরও শক্তিশালী হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ