শ্রীমঙ্গলে রামকৃষ্ণ মিশন পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৬

শ্রীমঙ্গলে রামকৃষ্ণ মিশন পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০২ মার্চ ২০২৬ : দেশের অন্যতম পর্যটন শহর ও চায়ের রাজধানী হিসেবে পরিচিত শ্রীমঙ্গলের শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শন করেছেন সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস।

সোমবার (২ মার্চ ২০২৬) দুপুরে তিনি সেবাশ্রমের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন।

Manual6 Ad Code

পরিদর্শন শেষে সেবাশ্রম মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অনিরুদ্ধ দাস বলেন, রামকৃষ্ণ মিশন কেবল একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়; এটি সেবা, শিক্ষা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজে অসাম্প্রদায়িক চেতনা, নৈতিক মূল্যবোধ ও মানবিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

তিনি বলেন, “মানবসেবাই ঈশ্বরসেবা—এই আদর্শ ধারণ করে রামকৃষ্ণ মিশন যে কার্যক্রম পরিচালনা করছে, তা সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জন্য কল্যাণকর।”

Manual5 Ad Code

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক, সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সম্পর্ক দীর্ঘদিনের। এ ধরনের প্রতিষ্ঠান দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের কার্যকরী পরিষদের সভাপতি ডা. নিবাস চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব (PIC&E) রাজেশ ভাটিয়া।

তিনি মিশনের শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবামূলক বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে বলেন, মানবকল্যাণে নিবেদিত এ ধরনের কার্যক্রম সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় ইতিবাচক প্রভাব ফেলে।

Manual6 Ad Code

তিনি ভবিষ্যতেও এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

সভায় সঞ্চালনা করেন শ্রীমঙ্গল সারদা সমিতির সহসভাপতি দ্বীপশিখা ধর। এ সময় উপস্থিত ছিলেন সেবাশ্রমের কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু ভট্টাচার্যসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সুধীজন।

আলোচনা সভা শেষে সেবাশ্রমের পক্ষ থেকে সভাপতি ডা. নিবাস চন্দ্র পাল, প্রধান অতিথি অনিরুদ্ধ দাস ও বিশেষ অতিথি রাজেশ ভাটিয়ার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। তাঁদের উত্তরীয় পরিয়ে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয়।

পরিদর্শনকালে সহকারী হাইকমিশনার সেবাশ্রমের বিভিন্ন সেবামূলক কার্যক্রম, শিক্ষামূলক উদ্যোগ ও ধর্মীয় কার্যাবলি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

Manual3 Ad Code

উল্লেখ্য, শ্রীমঙ্গলের শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম দীর্ঘদিন ধরে শিক্ষা, ধর্মীয় চর্চা, মানবসেবা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এবং স্থানীয়ভাবে একটি গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত।