সিলেট ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৬
শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিদায় সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ৩০ জুন ২০২৬ : দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে অবসরজনিত ছুটিতে গমন করলেন শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির আলী স্যার। তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের অবদান, শিক্ষা বিস্তারে নিরলস প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক বিকাশে ভূমিকার স্বীকৃতিস্বরূপ বিদ্যালয়ের পক্ষ থেকে এক আন্তরিক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
মঙ্গলবার (৩০ জুন ২০২৬) সকাল সোয়া ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, গণমাধ্যমকর্মী ও সুধীজনের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ১০ম শ্রেণির শিক্ষার্থী হুমায়রা আক্তার ও গীতা পাঠ করেন ১০ম শ্রেণীর শিক্ষার্থী সারদীয়া মল্লিক সূচী।
শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির আলী স্যারের সম্মানে মানপত্র পাঠ করেন ১০ম শ্রেণির শিক্ষার্থী লিয়েন বনিক শ্রুতি।
অনুষ্ঠানে বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভকামনা প্রদান করা হয়।

নতুন দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. কামাল উদ্দিন কামাল স্যারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান।
বিদায়ী বক্তব্যে জহির আলী স্যার বলেন, “শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব। দীর্ঘ কর্মজীবনে আমি সবসময় শিক্ষার্থীদের মানবিক, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি। শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। এখানকার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের ভালোবাসা আমি সারাজীবন স্মরণে রাখব। বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।”
তিনি আরও বলেন, “একজন শিক্ষক হিসেবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি হলো শিক্ষার্থীদের সাফল্য। তাদের অর্জনই আমাকে গর্বিত করে। অবসরে গেলেও শিক্ষা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার চেষ্টা করব।”
প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান বলেন, “জহির আলী স্যার সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের মাধ্যমে একজন আদর্শ শিক্ষকের পরিচয় দিয়েছেন। তাঁর কর্মময় জীবন বর্তমান ও আগামী প্রজন্মের শিক্ষকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। একজন শিক্ষকের প্রকৃত সাফল্য শিক্ষার্থীদের মধ্যে নিহিত থাকে, আর সে ক্ষেত্রে তিনি অত্যন্ত সফল। শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার মানোন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।”
সভাপতির বক্তব্যে নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন কামাল স্যার বলেন, “জহির আলী স্যারের কর্মনিষ্ঠা, নেতৃত্বগুণ ও মানবিক আচরণ আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। তিনি বিদ্যালয়কে এগিয়ে নিতে যে ভূমিকা রেখেছেন, তা ভবিষ্যতেও স্মরণীয় হয়ে থাকবে। তাঁর রেখে যাওয়া আদর্শ অনুসরণ করে আমরা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার চেষ্টা করব।”
শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী উম্মে কুলসুম মিম ও ১০ম শ্রেণির শিক্ষার্থী শারদীয়া মল্লিক সূচির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন, ধর্মাচড়া টি গার্ডেন সরকারি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মামুন রশিদ, নটরডেম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাদার প্রশান্ত নিকোলাস, অ্যাকাডেমিক সুপারভাইজার সঞ্জিত কুমার দাস, কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদ সিদ্দিকী, হুগলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান, ভূনবীর দশরথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝলক চক্রবর্তী, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা রানী দাশ, র্যানার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হক, হাজী রাশেদ মিয়া মেহেরজান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, শাহ মোস্তফা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের শাহেদ গাজী, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রভাসিনী সিনহা, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. লোকমান হোসেন, সিনিয়র শিক্ষক চন্দ্রেশ্বর সিংহ, সহকারী শিক্ষক লিটন ধর, অভিভাবক মো. এস. এম. আনকার, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান এবং সিনিয়র সাংবাদিক আতাউর রহমান কাজল।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, জহির আলী স্যার একজন দক্ষ প্রশাসক, মানবিক ব্যক্তিত্ব ও শিক্ষাবান্ধব শিক্ষক হিসেবে সবার কাছে সমাদৃত ছিলেন। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী অবসর জীবন কামনা করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা–এর বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; সাংবাদিক মামুন আহমেদ, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ও বিদ্যালয়ের অভিভাবক আব্দুর রহিম; সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ; একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী; দৈনিক প্রথম আলো–এর প্রতিনিধি শিমুল তরফদার; সাংবাদিক রাজেশ ভৌমিক এবং দৈনিক ইনকিলাব–এর প্রতিনিধি আনোয়ার হোসেন জসিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে শিক্ষার্থীরা বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শুভেচ্ছা জানিয়ে অনুভূতি প্রকাশ করে। অনেকেই তাঁর স্নেহ, পরামর্শ ও নেতৃত্বের স্মৃতিচারণ করেন। এ সময় উপস্থিত অনেক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক জুমের আলী, সিনিয়র শিক্ষক মো. লোকমান হোসেন, সিনিয়র শিক্ষক চন্দ্রেশ্বর সিংহ, সহকারী শিক্ষক লিটন ধর, সহকারী শিক্ষক মো. সিরাজুল হক, সহকারী শিক্ষক বিপ্লব আহমেদ, সহকারী শিক্ষক মো. আতাউর রহমান, সহকারী শিক্ষক বিমল কান্ত দাশ, গেস্ট টিচার মিতু রানী দাস এবং গেস্ট টিচার ফারজানা আক্তার জুঁই।
শেষে বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির আলী স্যারকে বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। আন্তরিক শুভকামনা, মধ্যাহ্ন ভোজন ও আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি