বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেয়ার প্রতিবাদে ২ নভেম্বর মানববন্ধন

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেয়ার প্রতিবাদে ২ নভেম্বর মানববন্ধন

Manual7 Ad Code
  • জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচি সকাল ১১টায়

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ৩১ অক্টোবর ২০২৬ : পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং তাঁর মরদেহের প্রতি অবমাননাকর আচরণের প্রতিবাদে আগামী ২ নভেম্বর দেশব্যাপী প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।

Manual6 Ad Code

‘দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী’ স্লোগানকে সামনে রেখে দেশের সব জেলা ইউনিটের উদ্যোগে এ কর্মসূচি পালিত হবে। একই দিন সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয়ভাবে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হবে।

কর্মসূচি সফল করতে সংগঠনের সব জেলা ইউনিটের আহ্বায়কদের কাছে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান। চিঠির স্মারক নম্বর মুক্তি/পত্র/১৫৬/২৬।

Manual5 Ad Code

চিঠিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, সম্প্রতি পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তাঁর জানাজা ও দাফন কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এমনকি তাঁর মরদেহ দাফনে বাধা দেওয়ার পাশাপাশি খনন করা কবরও ভরাট করে দেওয়ার অভিযোগ উঠেছে মুক্তিযুদ্ধবিরোধী জামায়াত-শিবিরের বিরুদ্ধে।

এ ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় ও মুক্তিযোদ্ধাদের মর্যাদার প্রতি অবমাননাকর উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। চিঠিতে জেলা ইউনিটগুলোর নেতৃবৃন্দকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ সভা ও মানববন্ধন আয়োজনের মাধ্যমে কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। কর্মসূচি পালনের ছবি কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানোর জন্যও অনুরোধ করা হয়েছে।

Manual2 Ad Code

চিঠিতে নেতৃবৃন্দ আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা অম্লান রাখা এবং বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখা সবার সম্মিলিত অঙ্গীকার। মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

Manual1 Ad Code

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেছেন আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান।

এ সংক্রান্ত আরও সংবাদ