পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও পরিবেশ সুরক্ষায় ডিউ ডিলিজেন্স জোরদারের তাগিদ

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৬

পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও পরিবেশ সুরক্ষায় ডিউ ডিলিজেন্স জোরদারের তাগিদ

Manual8 Ad Code
শ্রমিকের অধিকার কিছু ক্ষেত্রে এগোলেও কমেছে ছুটি ও আঘাতজনিত সুবিধা; পানি-বায়ুদূষণ নিয়েও উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৫ নভেম্বর ২০২৬ : দেশের তৈরি পোশাকশিল্পে শ্রমিকের অধিকার, কর্মক্ষেত্রের নিরাপত্তা এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার (সাপ্লাই চেইন) সঙ্গে যুক্ত সব পক্ষের দায়বদ্ধতা বাড়ানোর তাগিদ দিয়েছেন শ্রমিক অধিকারকর্মী, সরকারি কর্মকর্তা, মালিকপক্ষ, গবেষক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।

তাঁরা বলেছেন, শুধু নীতিমালা প্রণয়ন কিংবা সংলাপের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; শ্রমিক ও স্থানীয় জনগোষ্ঠীর বাস্তব অভিজ্ঞতাকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় যুক্ত করে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বিশেষ করে মানবাধিকার ও পরিবেশগত ডিউ ডিলিজেন্স (এইচআরইডিডি) বাস্তবায়নে ট্রেড ইউনিয়ন, মালিকপক্ষ, ক্রেতা, সরকার ও কমিউনিটির সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

রাজধানীতে আয়োজিত এক অংশীজন সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সম্মেলনে আশুলিয়া শিল্পাঞ্চলে তিন বছর ধরে পরিচালিত শ্রমিকভিত্তিক ও কমিউনিটিভিত্তিক পরিবীক্ষণের ফলাফল তুলে ধরে জানানো হয়, শ্রমিকের কিছু অধিকার ও স্বাস্থ্য পরিস্থিতির ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এলেও এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অগ্রগতি হয়নি। বরং সাপ্তাহিক ছুটি, নিয়মিত মজুরি এবং কর্মক্ষেত্রে আঘাতজনিত সুবিধা পাওয়ার ক্ষেত্রে অবনতি দেখা গেছে। একই সঙ্গে শিল্পাঞ্চলের আশপাশে পানি ও বায়ুদূষণ এবং পরিবেশে ক্ষতিকর ভারী ধাতুর উপস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে।

বুধবার (২৫ নভেম্বর ২০২৬) রাজধানীর ফারস হোটেল অ্যান্ড রিসোর্টে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিল্‌স) ও এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর যৌথ উদ্যোগে ‘বাংলাদেশের টেক্সটাইল খাতে ডিউ ডিলিজেন্স বাস্তবায়ন জোরদারকরণ’ শীর্ষক এ অংশীজন সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রকল্প কনসোর্টিয়ামের সহযোগী সংস্থাগুলো এতে সহযোগিতা করে।

২০২৩ সালের সেপ্টেম্বর থেকে আশুলিয়া শিল্পাঞ্চলে বাস্তবায়িত প্রকল্পের আওতায় শ্রমিকভিত্তিক পরিবীক্ষণ (ডব্লিউবিএম) ও কমিউনিটিভিত্তিক পরিবীক্ষণ (সিবিএম)-এর অভিজ্ঞতা, ফলাফল এবং ভবিষ্যৎ করণীয় তুলে ধরাই ছিল সম্মেলনের মূল উদ্দেশ্য। পাশাপাশি শোভন কাজ ও পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্ঠায় মাল্টি-অ্যাক্টর পার্টনারশিপের (ম্যাপ) সদস্য ও সংশ্লিষ্ট অংশীজনদের সুপারিশ সংগ্রহ এবং পোশাকশিল্পে মানবাধিকার ও পরিবেশগত ডিউ ডিলিজেন্স কার্যকর করার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

বিল্‌সের ভাইস চেয়ারম্যান আমিরুল হক আমিনের সভাপতিত্বে সম্মেলনটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির যুগ্ম মহাসচিব শাকিল আখতার চৌধুরী। স্বাগত ও উদ্বোধনী বক্তব্য দেন বিল্‌সের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ। প্রকল্পের সার্বিক পরিচিতি তুলে ধরেন জার্মানির ফেমনেট ই.ভি.-এর আন্তর্জাতিক প্রকল্পবিষয়ক প্রধান ড্যানিয়েলা বার্টশ।

শ্রমিকের কিছু অধিকারে অগ্রগতি, পিছিয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ সূচক

সম্মেলনে উপস্থাপিত শ্রমিকভিত্তিক পরিবীক্ষণের ফলাফলে দেখা যায়, আশুলিয়া শিল্পাঞ্চলের অংশগ্রহণকারী শ্রমিকদের মধ্যে লিখিত নিয়োগপত্র পাওয়ার হার ৮২ শতাংশ থেকে বেড়ে ৯৫ শতাংশ হয়েছে। ন্যূনতম মজুরি পাওয়ার হার ৭২ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮৮ শতাংশে। একইভাবে মৃত্যুজনিত ক্ষতিপূরণ পাওয়ার হার ১৩ শতাংশ থেকে বেড়ে ৫৭ শতাংশে উন্নীত হয়েছে। শ্রমিকের অধিকার সুরক্ষায় এসব পরিবর্তনকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

তবে একই পরিবীক্ষণে শ্রমিকের কয়েকটি মৌলিক সুবিধার ক্ষেত্রে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। সাপ্তাহিক ছুটি নিশ্চিত হওয়ার হার ৯৯ শতাংশ থেকে কমে ৭৩ শতাংশে নেমেছে। নিয়মিত মজুরি পাওয়ার হার ৯৯ শতাংশ থেকে কমে ৮৮ শতাংশ হয়েছে। কর্মক্ষেত্রে আঘাতজনিত সুবিধা পাওয়ার হারও ৮৩ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ৬৬ শতাংশে। আরও উদ্বেগের বিষয়, ধর্মঘটের অধিকারের স্বীকৃতি রয়েছে মাত্র ২৪ শতাংশ ক্ষেত্রে।

অর্থাৎ নিয়োগপত্র ও ন্যূনতম মজুরির মতো কিছু সূচকে অগ্রগতি হলেও শ্রমিকের দৈনন্দিন কর্মজীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত ছুটি, নিয়মিত বেতন এবং দুর্ঘটনাজনিত সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে এখনো বড় ঘাটতি রয়েছে। এ ফলাফল পোশাকশিল্পে শ্রম অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে নিয়মিত পরিবীক্ষণ ও জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে এসেছে।

প্রশিক্ষণে বেড়েছে শ্রমিকের অধিকারবিষয়ক সচেতনতা

প্রকল্পের আওতায় শ্রমিক ও ট্রেড ইউনিয়নের সদস্যদের জন্য বিভিন্ন কর্মশালা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এর ফলে শ্রম অধিকার, কর্মঘণ্টা, ছুটি এবং সরকারি অভিযোগ ব্যবস্থাপনা সম্পর্কে শ্রমিকদের ধারণা বেড়েছে বলে পরিবীক্ষণে উঠে এসেছে।

উপস্থাপিত তথ্য অনুযায়ী, কর্মঘণ্টা সম্পর্কে শ্রমিকদের স্পষ্ট ধারণা ৬৭ শতাংশ থেকে বেড়ে ৮২ শতাংশ হয়েছে। ছুটির অধিকার সম্পর্কে সচেতনতা ৭৩ শতাংশ থেকে বেড়ে ৮৯ শতাংশে পৌঁছেছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) হটলাইন সম্পর্কে জানার হার ৪৬ শতাংশ থেকে বেড়ে ৮৮ শতাংশ হয়েছে।

Manual1 Ad Code

শুধু সচেতনতা বৃদ্ধিই নয়, কয়েকটি কারখানায় এর বাস্তব প্রভাবও পড়েছে। শ্রমিকদের উত্থাপিত বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে গর্ভবতী নারী শ্রমিকদের কাজের চাপ কমানো, কারখানার এক্সহস্ট ফ্যান মেরামত এবং বকেয়া পরিশোধের মতো পরিবর্তন এসেছে। তবে কর্মশালায় নারী শ্রমিকদের অংশগ্রহণ তুলনামূলকভাবে কম ছিল। ফলে নারী শ্রমিকদের কার্যকর অংশগ্রহণ বাড়ানোকে ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনার প্রয়োজন রয়েছে।

ডব্লিউবিএমের ফলাফল উপস্থাপন করেন বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের (বিএলএফ) কর্মকর্তা স্বরণ শাল ও বিল্‌সের সিনিয়র কর্মকর্তা মো. সায়দুজ্জামান মিঠু। তাঁরা জানান, ‘ডিসেন্ট ওয়ার্ক চেক টুল’ ব্যবহার করে শ্রমিকদের কাছ থেকে জরিপের মাধ্যমে তথ্য ও প্রমাণ সংগ্রহ করা হয়েছে।

কমেছে কয়েকটি রোগের প্রকোপ, দূষণ নিয়ে উদ্বেগ কাটেনি

শ্রমিকদের পাশাপাশি শিল্পাঞ্চলের আশপাশের জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিবেশ পরিস্থিতি পর্যবেক্ষণেও কিছু ইতিবাচক পরিবর্তন পাওয়া গেছে। তবে পানি ও বায়ুদূষণের ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় সামগ্রিক পরিবেশগত ঝুঁকি এখনো রয়ে গেছে।

কমিউনিটিভিত্তিক পরিবীক্ষণের ফলাফল উপস্থাপন করে ইএসডিওর প্রকল্পপ্রধান রিফায়াত খান শিশির জানান, পর্যবেক্ষণকালে কমিউনিটির বিভিন্ন বয়স ও শ্রেণির মানুষের মধ্যে কয়েকটি রোগের প্রকোপ কমেছে।

উপস্থাপিত তথ্যে দেখা যায়, পুরুষদের মধ্যে চর্মরোগের হার ১২ শতাংশ থেকে কমে ৮ শতাংশ হয়েছে। নারীদের ক্ষেত্রে তা ১৫ শতাংশ থেকে ১২ শতাংশ এবং শিশুদের ক্ষেত্রে ২০ শতাংশ থেকে ১৫ শতাংশে নেমেছে। শিশুদের চোখের সমস্যা ৫ শতাংশ থেকে কমে ৪ শতাংশ হয়েছে। নারীদের শ্বাসকষ্টের হার ১০ শতাংশ থেকে ৭ শতাংশে এবং বয়স্কদের হৃদ্‌রোগজনিত সমস্যা ১০ শতাংশ থেকে ৮ শতাংশে নেমেছে।

এ ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে পুরুষদের পরিপাকতন্ত্রের সমস্যায়। এ ধরনের স্বাস্থ্য সমস্যার হার ৯ শতাংশ থেকে কমে ৪ শতাংশে দাঁড়িয়েছে।

Manual5 Ad Code

পানির নিরাপত্তা নিশ্চিত করতে প্রকল্পের আওতায় ছয়টি পানি ফিল্টার স্থাপন করা হয়েছে। তবে সামগ্রিকভাবে পানি ও বায়ুদূষণে বড় ধরনের কোনো পরিবর্তন আসেনি। পরিবীক্ষণের অংশ হিসেবে সংগৃহীত মাটি ও পানির নমুনায় সীসা, আর্সেনিক, ক্যাডমিয়াম ও ক্রোমিয়ামের উপস্থিতি পাওয়া গেছে। এ ছাড়া চুলের নমুনায় পারদের উপস্থিতিও শনাক্ত হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এসব উপাদানের দীর্ঘমেয়াদি সংস্পর্শ মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। ফলে শিল্পকারখানার বর্জ্য ব্যবস্থাপনা, রাসায়নিক ব্যবহারের নিয়ন্ত্রণ, নিরাপদ পানি সরবরাহ এবং নিয়মিত পরিবেশগত নজরদারি জোরদার করা প্রয়োজন।

শ্রমিক ও কমিউনিটির অভিজ্ঞতাকে সিদ্ধান্তে যুক্ত করার আহ্বান

উদ্বোধনী বক্তব্যে বিল্‌সের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন, আশুলিয়ায় গত তিন বছর ধরে পরীক্ষামূলকভাবে একটি নতুন মডেল বাস্তবায়ন করা হচ্ছে, যেখানে পরিবেশ সুরক্ষা ও শ্রমিকের অধিকারকে মানবাধিকারের অংশ হিসেবে একসঙ্গে বিবেচনা করা হয়েছে।

তিনি বলেন, সাধারণত শ্রমিকের অধিকার ও পরিবেশগত বিষয়গুলো বিভিন্ন সংগঠন আলাদাভাবে দেখে। কিন্তু এ প্রকল্পের উদ্দেশ্য ছিল, দুটি বিষয়কে সমন্বিতভাবে বিবেচনা করে একসঙ্গে কাজ করা সম্ভব কি না এবং এ ধরনের উদ্যোগের মাধ্যমে কতটা পরিবর্তন আনা যায়, তা যাচাই করা।

ফেমনেট ই.ভি.-এর আন্তর্জাতিক প্রকল্পবিষয়ক প্রধান ড্যানিয়েলা বার্টশ বলেন, প্রকল্পটি মাল্টি-সেক্টরাল পার্টনারশিপের মাধ্যমে পরিবেশ, শ্রমিকের স্বাস্থ্য এবং কর্মপরিবেশের উন্নয়নে কাজ করছে। মাঠপর্যায়ের নির্ভরযোগ্য তথ্য ও মতামত সরবরাহ ব্যবস্থায় ডিউ ডিলিজেন্স বাস্তবায়নের ভিত্তি তৈরি করে।

তিনি বলেন, এ প্রকল্পের তিনটি প্রধান কৌশল হলো শ্রমিকভিত্তিক পরিবীক্ষণ, কমিউনিটিভিত্তিক পরিবীক্ষণ এবং সচেতনতা বৃদ্ধি ও অ্যাডভোকেসি। এসব কার্যক্রমের মাধ্যমে শ্রমিক ও স্থানীয় জনগোষ্ঠীর বাস্তব অভিজ্ঞতা চিহ্নিত করে সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে তুলে ধরা সম্ভব হচ্ছে।

কার্যকর সামাজিক সংলাপ ও জবাবদিহি প্রয়োজন

সম্মেলনের প্যানেল আলোচনায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বেটার ওয়ার্ক বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার অ্যালেনা জে. ট্যানসি বলেন, পোশাকশিল্পে টেকসই পরিবর্তন আনতে কার্যকর সামাজিক সংলাপ, শ্রমিক ও কমিউনিটির সঙ্গে সুষ্ঠু সম্পৃক্ততা এবং একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

Manual7 Ad Code

তিনি বলেন, নীতি প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে মানসম্পন্ন গবেষণা এবং নির্ভরযোগ্য তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শ্রমিক ও কমিউনিটির তথ্য সংগ্রহ এবং পরিবীক্ষণের এ উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. এনায়েত হোসেন বলেন, পোশাকশিল্পের বিপুলসংখ্যক শ্রমিক বায়ুদূষণের শিকার হচ্ছেন। শুধু কর্মক্ষেত্র নয়, তাঁদের বসবাসের এলাকাও অনেক ক্ষেত্রে পরিবেশগত ঝুঁকির মধ্যে রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

তিনি বলেন, শিল্পকারখানায় ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিক উপাদান ধীরে ধীরে সরিয়ে নিরাপদ বিকল্পের ব্যবহার নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রেতাদের দায়বদ্ধতাও বাড়ানো জরুরি। শুধু মাটি ও পানির নমুনা পরীক্ষা করলেই হবে না; শ্রমিকদের রক্তের নমুনা সংগ্রহ করে নিয়মিত স্বাস্থ্য ও পরিবেশগত নজরদারি চালানো প্রয়োজন।

বিল্‌সের ভাইস চেয়ারম্যান আমিরুল হক আমিন বলেন, প্রকল্পের তথ্য সংগ্রহ কার্যক্রমে ট্রেড ইউনিয়নের কয়েকজন প্রতিনিধি সহযোগিতা করেছেন। তবে ভবিষ্যতে শ্রমিকের অধিকারসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যা সমাধানের প্রক্রিয়ায় ট্রেড ইউনিয়নের অংশগ্রহণ আরও বাড়াতে হবে।

তিনি প্রকল্প বাস্তবায়নকারী সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান, শ্রমিকদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোকে শুধু তথ্য সংগ্রহের কাজে নয়, বরং পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়াতেও কার্যকরভাবে যুক্ত করতে হবে।

জার্মানির সুডউইন্ড ইনস্টিটিউটের গবেষণা সহযোগী ড. সাবিন ফেরেনশিল্ড বলেন, সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত সব পক্ষ নিজেদের দায়বদ্ধতা উপলব্ধি করলে শ্রম অধিকার লঙ্ঘন ও পরিবেশগত ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এ জন্য বাংলাদেশে সামাজিক সংলাপের পাশাপাশি কার্যকর পরিবর্তন আনতে সক্ষম এমন নীতিমালা, উপকরণ ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা থাকা প্রয়োজন।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, পরিবীক্ষণ ও তথ্যের সত্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। সংগৃহীত তথ্য যেন শুধু প্রতিবেদন তৈরির মধ্যে সীমাবদ্ধ না থাকে; বরং তা সংলাপ, দর-কষাকষি এবং বাস্তব পরিবর্তনের সূচনা করতে পারে, সেটি নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) শ্রম ও কর্মক্ষেত্রবিষয়ক উপদেষ্টা মো. মাহফুজুর রহমান ভূঁইয়া বলেন, এখনো অনেক কারখানা ও শিল্পাঞ্চল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং বিভিন্ন ক্ষেত্রে উপেক্ষিত। এ ধরনের সমস্যা মোকাবিলায় সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে শ্রমিকদের প্রতি মালিকপক্ষের দায়বদ্ধতা বাড়ানোর ওপর জোর দেন তিনি।

শ্রম আইন সংস্কার ও পরিদর্শন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে বাংলাদেশের শ্রম আইন সংশোধন করা হয়েছে এবং এতে ত্রিপক্ষীয় সংলাপকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। শ্রম আইন ও সংশ্লিষ্ট আইনি কাঠামোর উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া।

তিনি বলেন, ট্রেড ইউনিয়ন নিবন্ধন প্রক্রিয়া সহজ করা এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) সক্ষমতা, আধুনিকায়ন ও জবাবদিহি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। শ্রমিকের অধিকার সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই।

সমন্বিত উদ্যোগ ছাড়া টেকসই পরিবর্তন সম্ভব নয়

সম্মেলনের মুক্ত আলোচনায় ট্রেড ইউনিয়ন, কমিউনিটি প্রতিনিধি, সুশীল সমাজের সংগঠন, শিক্ষাবিদ, বিশেষজ্ঞ, আন্তর্জাতিক ক্রেতা, উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। তাঁরা শ্রমিকের অধিকার, পরিবেশগত ঝুঁকি, সরবরাহ ব্যবস্থায় দায়বদ্ধতা, তথ্যের স্বচ্ছতা এবং ডিউ ডিলিজেন্স বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে সুপারিশ তুলে ধরেন।

সম্মেলনে ইনকোটা-নেটওয়ার্ক ই.ভি.-এর সিনিয়র পলিসি অ্যাডভাইজার বার্ন্ড হিনৎসম্যান ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে সরকারি প্রতিনিধি, পোশাকশিল্পের মালিক ও মালিক সংগঠন, আন্তর্জাতিক ক্রেতা, ট্রেড ইউনিয়ন, উন্নয়ন সহযোগী, শিক্ষাবিদ এবং কমিউনিটি প্রতিনিধিসহ শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

২০২৭ সালের এপ্রিলে শেষ হচ্ছে প্রকল্পের বর্তমান পর্যায়

উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে বিল্‌স, ইএসডিও ও বাংলাদেশ লেবার ফাউন্ডেশন (বিএলএফ) যৌথভাবে আশুলিয়া শিল্পাঞ্চলে ‘বাংলাদেশের টেক্সটাইল খাতে ডিউ ডিলিজেন্স বাস্তবায়ন জোরদারকরণ’ প্রকল্পটি বাস্তবায়ন করছে।

জার্মানির ফেমনেট, সুডউইন্ড ইনস্টিটিউট, ইনকোটা-নেটওয়ার্ক ও এইচইজেসাপোর্ট এবং নেদারল্যান্ডসের ওয়েজইন্ডিকেটর ও মন্ডিয়াল এফএনভি এ প্রকল্পের মাল্টি-অ্যাক্টর পার্টনারশিপ (ম্যাপ) কনসোর্টিয়ামের অংশ।

প্রকল্পের বর্তমান পর্যায় ২০২৭ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা রয়েছে। পরবর্তী পর্যায় ২০২৭ সালের মে মাসে শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, আশুলিয়ার অভিজ্ঞতা বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও পরিবেশ সুরক্ষাকে একই কাঠামোর আওতায় এনে কাজ করার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হতে পারে। তবে এ উদ্যোগের প্রকৃত সাফল্য নির্ভর করবে মাঠপর্যায়ে চিহ্নিত সমস্যাগুলোর সমাধান, শ্রমিক ও কমিউনিটির কার্যকর অংশগ্রহণ এবং সরকার, মালিক, ক্রেতা ও সরবরাহ ব্যবস্থার অন্যান্য পক্ষের ধারাবাহিক জবাবদিহি নিশ্চিত করার ওপর।

এ সংক্রান্ত আরও সংবাদ