সিলেট ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ২০ সেপ্টেম্বর ২০২৬ : মৌলভীবাজারে প্রথমবারের মতো আয়োজিত কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপ্তি হয়েছে। প্রতিযোগিতার অনূর্ধ্ব-২০ পুরুষ ও নারী—উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে মৌলভীবাজার সদর থানা।
রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে মৌলভীবাজার এম সাইফুর রহমান স্টেডিয়াম সংলগ্ন ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনূর্ধ্ব-২০ পুরুষ বিভাগের ফাইনালে মৌলভীবাজার সদর থানা চ্যাম্পিয়ন এবং রাজনগর থানা রানারআপ হয়। নারী বিভাগে মৌলভীবাজার সদর থানা চ্যাম্পিয়ন এবং শ্রীমঙ্গল থানা রানারআপ হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, তরুণ সমাজকে মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখা এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তরুণদের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থেকে পড়াশোনা ও খেলাধুলায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত প্রতিযোগিতায় জেলার সাতটি থানায় প্রাথমিক বাছাইয়ের মাধ্যমে অনূর্ধ্ব-২০ পুরুষ বিভাগে সাতটি দল অংশ নেয়। নারী বিভাগে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে গঠিত দুটি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে বাছাই করা একটি দলকে রেঞ্জ পর্যায়ের প্রতিযোগিতায় পাঠানো হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হানিফ মো. খান নিয়াজ, মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য দেলোয়ার হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি