সিলেট ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০১ নভেম্বর ২০২৬ : ধর্মীয় উগ্রবাদ ও স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ড নিয়ে সংবাদ ও ভিডিও কনটেন্ট প্রকাশের জেরে সাইবার হামলা এবং হত্যার হুমকির মুখে পড়েছে স্বাধীন সংবাদমাধ্যম ঢাকা পেপার্স।
গণমাধ্যমটির অভিযোগ, সাম্প্রতিক সময়ে তাদের প্রকাশিত একটি ভিডিওতে সংঘবদ্ধভাবে হাজার হাজার রিপোর্ট করা হয়েছে। এর আগে প্রতিষ্ঠানটির দুই সাংবাদিক রাজেকুজ্জামান জুয়েল ও নাঈম চৌধুরীও পৃথকভাবে প্রাণনাশের হুমকি পেয়েছেন।
ঢাকা পেপার্সের তথ্যমতে, গত ২৯ অক্টোবর ‘ভাবুন তো, দেশে একজনও হুজুর নেই; কেমন হবে বাংলাদেশ’ শিরোনামে একটি ভিডিও কনটেন্ট প্রকাশ করা হয়। প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এক রাতের মধ্যে প্রায় চার হাজার ব্যবহারকারী নিজেদের ফেসবুক প্রোফাইলে ভিডিওটি শেয়ার করেন।
তবে ভিডিওটি প্রকাশের কয়েক ঘণ্টা পর থেকেই এতে ব্যাপক হারে রিপোর্ট জমা পড়তে থাকে। ঢাকা পেপার্সের দাবি, একটি উগ্রবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে এই রিপোর্ট কার্যক্রম চালায়, যার উদ্দেশ্য ছিল ভিডিওটি সরিয়ে দেওয়া এবং সংবাদমাধ্যমটির প্রচার কার্যক্রম বাধাগ্রস্ত করা।
গণমাধ্যমটি জানায়, বিপুলসংখ্যক রিপোর্টের পরিপ্রেক্ষিতে ফেসবুক ভিডিওটিতে ‘সংবেদনশীল কনটেন্ট’ সতর্কতা যুক্ত করেছে। ফলে ভিডিওটি এখন স্বয়ংক্রিয়ভাবে চালু হচ্ছে না; দর্শকদের সতর্কবার্তায় ক্লিক করে সেটি দেখতে হচ্ছে। তবে ফেসবুকের নীতিমালা লঙ্ঘনের কারণে ভিডিওটি সরিয়ে দেওয়া হয়নি বলে দাবি করেছে ঢাকা পেপার্স।
দুই সাংবাদিককে হত্যার হুমকি
শুধু ভিডিওতে গণরিপোর্ট নয়, এর আগে প্রতিষ্ঠানটির দুই সাংবাদিকও হত্যার হুমকি পেয়েছেন বলে জানিয়েছে ঢাকা পেপার্স।
প্রায় এক মাস আগে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের ‘রানওয়ে’ চলচ্চিত্র নিয়ে একটি অনুসন্ধানী কনটেন্ট তৈরি করেন সাংবাদিক রাজেকুজ্জামান জুয়েল। ওই কনটেন্টে ধর্মের ভুল ব্যাখ্যা ব্যবহার করে কীভাবে একজন তরুণকে উগ্রবাদের দিকে ঠেলে দেওয়া হয়, তা তুলে ধরা হয়েছিল। কনটেন্টটি প্রকাশের পর তাঁকে ফোনকল ও মুঠোফোনে বার্তার মাধ্যমে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া সাংবাদিক নাঈম চৌধুরীও একই ধরনের হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছে ঢাকা পেপার্স। তাঁর তৈরি একটি কনটেন্টে ৫ আগস্টের পর শেখ মুজিবুর রহমানের বই নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গের পাশাপাশি বিভিন্ন মেলা ও বইয়ের দোকানে উগ্রবাদী সংগঠনের বই বিক্রির বিষয়টি তুলে ধরা হয়েছিল। ওই কনটেন্ট প্রকাশের পর তাঁকেও হত্যার হুমকি দেওয়া হয়।
যুক্তির বদলে হুমকি ও হয়রানির অভিযোগ
ঢাকা পেপার্স কর্তৃপক্ষের অভিযোগ, মুক্তিযুদ্ধের ইতিহাস, ধর্মের নামে সংঘটিত অপরাধ এবং সমাজে উগ্রবাদ বিস্তারের নানা দিক নিয়ে তথ্যভিত্তিক কনটেন্ট প্রকাশ করলেই একটি পক্ষ তাদের বিরুদ্ধে সক্রিয় হয়ে ওঠে। কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে রিপোর্ট, কখনো পেজের প্রচার ও দর্শকসংখ্যা কমিয়ে দেওয়ার চেষ্টা, আবার কখনো ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
প্রতিষ্ঠানটির ভাষ্য, এসব কর্মকাণ্ডের মাধ্যমে স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। তবে এ ধরনের হুমকি ও সাইবার হয়রানির মুখেও সাংবাদিকতা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সংবাদমাধ্যমটি।
ঢাকা পেপার্স জানিয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক বিষয়ে প্রামাণ্য তথ্যনির্ভর প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে তারা আপস করবে না। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের কোনো কনটেন্টে সতর্কতামূলক ব্যানার দেখা গেলে পাঠক-দর্শকদের সেটি ক্লিক করে দেখার এবং শেয়ার করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সাংবাদিকদের নিরাপত্তা এবং স্বাধীন গণমাধ্যমের পরিবেশ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে এসব অভিযোগ। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সংঘবদ্ধ রিপোর্টের মাধ্যমে সংবাদমাধ্যমের কনটেন্টের প্রচার বাধাগ্রস্ত করার অভিযোগ এবং সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনাগুলো মুক্ত সাংবাদিকতার জন্য উদ্বেগজনক বলে মনে করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, রাজনৈতিক বিশ্লেষক, দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি