সৈয়দ আমিরুজ্জামান |
‘Government of the people, by the people, for the people’—অর্থাৎ জনগণের সরকার, জনগণের দ্বারা পরিচালিত সরকার এবং জনগণের জন্য সরকার। গণতন্ত্রের এই কালজয়ী সংজ্ঞা বিশ্বের কোটি কোটি মানুষের কাছে পরিচিত। স্কুল-কলেজের পাঠ্যবই থেকে শুরু করে রাষ্ট্রবিজ্ঞান, রাজনৈতিক দর্শন ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এই বাক্যটি বিশেষ মর্যাদায় স্থান করে নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ষোড়শ প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের ঐতিহাসিক গেটিসবার্গ ভাষণের মধ্য দিয়েই এই সংজ্ঞা বিশ্বব্যাপী বিশেষ পরিচিতি লাভ করে।
মাত্র তিন মিনিটের একটি ভাষণ। শব্দসংখ্যা মাত্র ২৭২। অথচ এর প্রতিটি শব্দে উচ্চারিত হয়েছিল স্বাধীনতা, সাম্য, মানবিক মর্যাদা, জাতীয় ঐক্য ও গণতন্ত্রের গভীর দর্শন। সময়ের বিচারে সংক্ষিপ্ত হলেও তাৎপর্যের বিচারে এই ভাষণ পৃথিবীর রাজনৈতিক ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসেবে বিবেচিত। প্রায় দেড় শতাব্দীরও বেশি সময় পেরিয়ে আজও এর আবেদন এতটুকু ম্লান হয়নি। বরং দেশে দেশে গণতন্ত্রের সংকট, কর্তৃত্ববাদ, বৈষম্য ও মানবাধিকারের প্রশ্নে গেটিসবার্গ ভাষণ নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
পূর্ণ ভাষণটি এ রকম :
“সাতাশি বছর আগে আমাদের পূর্বপুরুষেরা এই উপমহাদেশে নতুন একটি জাতি সৃষ্টি করেছিলেন, মুক্তির মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে এবং এই প্রতিজ্ঞায় উৎসর্গ হয় যে, সব মানুষ সমান।
এখন আমরা এক ভয়াবহ গৃহযুদ্ধে অবতীর্ণ হয়েছি, এত সমৃদ্ধ ও প্রতিজ্ঞাবদ্ধ এই জাতি কিংবা অন্য যেকোনো জাতি এটি দীর্ঘকাল সহ্য করতে পারে কি না সেই পরীক্ষায় ফেলে। আমাদেরকে এই যুদ্ধের একটি বিশাল ময়দানে মুখোমুখী দাঁড় করানো হয়েছে। আমরা এই ময়দানের একটি অংশ তাদের শয়নের জন্য উৎসর্গ করেছি যারা এজন্য জীবন দিয়েছিলেন যেন এই জাতি বাঁচতে পারে। এটি খুবই যুক্তিসঙ্গত ও সঠিক যে, আমরা তা করব।
তবে, বৃহৎ দৃষ্টিতে, এই ভূমিকে – আমরা উৎসর্গ করতে পারি না- আমরা নিবেদন করতে পারি না- আমরা পবিত্র করতে পারি না। সাহসী মানুষগুলো, জীবিত কিংবা মৃত, যারা এখানে যুদ্ধ করেছেন, এই ভূমিকে পবিত্র করেছেন, আমাদের ক্ষীণ ক্ষমতা খুব সামান্যই তাতে যোগ কিংবা বিয়োগ করতে পারে। আমরা এখানে কী বলছি তার সামান্যই কিংবা কোনো কিছুই হয়ত পৃথিবী মনে রাখবে না, তবে তারা যা করেছিলেন এই ভূমি কখনোই তা ভুলে যাবে না।
আমরা যারা এখন আছি তাদের বরং সেই অসমাপ্ত কাজে নিজেদেরকে উৎসর্গ করতে হবে যেগুলো এখানে যারা লড়াই করেছেন সেসব লোকেরা এমন মহানভাবে অর্পণ করেছেন। আমাদেরকে বরং সামনে থাকা মহান কাজে উৎসর্গ হতে হবে – যেন যে উদ্দেশ্যে তারা তাদের আত্মত্যাগের শেষ বিন্দু পর্যন্ত দিয়েছেন ওই কাজে ওইসব মহিমান্বিত শহিদদের কাছ থেকে আমরা প্রতিনিয়ত উৎসাহ নিই – যেন আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি যে, এসব শহিদদের মৃত্যু বৃথা না যায় – যেন এই জাতি সৃষ্টিকর্তার অধীনে নতুন স্বাধীনতা লাভ করে – এবং যেন জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার, জনগণের জন্য সরকার, পৃথিবী থেকে হারিয়ে না যায়।”
গৃহযুদ্ধের রক্তাক্ত পটভূমিতে ঐতিহাসিক ভাষণ
১৮৬৩ সাল। মার্কিন যুক্তরাষ্ট্র তখন ভয়াবহ গৃহযুদ্ধে বিপর্যস্ত। একদিকে ইউনিয়ন বা কেন্দ্রীয় সরকার, অন্যদিকে কনফেডারেট বা বিচ্ছিন্নতাবাদী শক্তি। দাসপ্রথা, রাষ্ট্রীয় ঐক্য ও রাজনৈতিক কর্তৃত্বের প্রশ্নে দেশটি গভীর বিভক্তির মুখে পড়ে। এই বিভক্তি শেষ পর্যন্ত সশস্ত্র সংঘাতে রূপ নেয়।
১৮৬৩ সালের ১ থেকে ৩ জুলাই পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের গেটিসবার্গে সংঘটিত হয় মার্কিন গৃহযুদ্ধের অন্যতম ভয়াবহ ও নির্ণায়ক যুদ্ধ। তিন দিনের এই যুদ্ধে উভয় পক্ষের প্রায় ৫০ হাজার মানুষ হতাহত হন। নিহতদের স্মরণে গেটিসবার্গে একটি জাতীয় সমাধিক্ষেত্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়।
১৮৬৩ সালের ১৯ নভেম্বর সেই সমাধিক্ষেত্রের আনুষ্ঠানিক উদ্বোধন ও স্মরণানুষ্ঠানে উপস্থিত হন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও বাগ্মী এডওয়ার্ড এভারেট। তিনি প্রায় দুই ঘণ্টা ধরে বক্তব্য দেন। এরপরই আব্রাহাম লিংকন বক্তৃতা শুরু করেন। ফটোগ্রাফাররা ঠিকমতো ক্যামেরা সেট করার আগেই তিন মিনিটের মাথায় তিনি বক্তৃতা শেষ করেন।
এই বক্তৃতার পর বাকরুদ্ধ হয়ে পড়েন উপস্থিত জনতা। এমনকি হাততালি দিতেও ভুলে যান তারা। সেদিনের মূল বক্তা অ্যাডওয়ার্ড এভার্ট দুঃখ করে বলেন, আমি যদি আমার দুই ঘণ্টার বক্তৃতায় লিংকনের তিন মিনিটের বক্তৃতার মূল কথার কাছাকাছি কিছু বলতে পারতাম, তাহলে জীবন ধন্য হতো।
মাত্র তিন মিনিটের সেই বক্তব্যই পরবর্তী সময়ে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক ভাষণে পরিণত হয়।
লিংকন তাঁর ভাষণের শুরুতে স্মরণ করেন ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রের জন্মলগ্নকে। তিনি বলেন, ৮৭ বছর আগে তাঁদের পূর্বপুরুষেরা স্বাধীনতার আদর্শে উদ্বুদ্ধ হয়ে এবং সব মানুষ সমান—এই মহান বিশ্বাসকে ভিত্তি করে একটি নতুন জাতির জন্ম দিয়েছিলেন।
উল্লেখ্য, ১৭৭৬ সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার পর থেকে ১৮৬৩ সাল পর্যন্ত ৮৭ বছর অতিবাহিত হয়েছিল।
তিন মিনিটের ভাষণে মানবমুক্তির দর্শন
গেটিসবার্গ ভাষণের মূল শক্তি ছিল এর গভীর রাজনৈতিক ও মানবিক দর্শন। লিংকন শুধু নিহত সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেননি; তিনি তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে জাতির সামনে নতুন দায়িত্ব ও কর্তব্যের প্রশ্ন তুলে ধরেছিলেন।
তিনি বলেন, যাঁরা এই ভূমিতে জীবন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের কারণে এই স্থান ইতোমধ্যেই পবিত্র হয়ে উঠেছে। জীবিত মানুষের আনুষ্ঠানিক ঘোষণা কিংবা উৎসর্গের মাধ্যমে সেই পবিত্রতা আরও বাড়ানো সম্ভব নয়। বরং এখন দায়িত্ব জীবিতদের। তাঁদের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে হবে।
এই বক্তব্যের মধ্য দিয়ে লিংকন একটি মৌলিক সত্য তুলে ধরেন—রাষ্ট্রের স্বাধীনতা ও গণতন্ত্র কেবল সংবিধান, প্রতিষ্ঠান কিংবা আনুষ্ঠানিক ঘোষণার বিষয় নয়; এগুলো রক্ষা করার জন্য প্রয়োজন জনগণের সচেতনতা, দায়িত্বশীলতা ও আত্মত্যাগ।
ভাষণের শেষাংশে তিনি বলেন, যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগ যেন বৃথা না যায়। এই জাতি যেন নতুন করে স্বাধীনতার জন্ম দিতে পারে এবং পৃথিবী থেকে জনগণের সরকার, জনগণের দ্বারা পরিচালিত সরকার ও জনগণের জন্য সরকার যেন কখনো বিলুপ্ত না হয়।
এই একটি বাক্যের মধ্যেই গণতন্ত্রের সারকথা এবং রাষ্ট্র পরিচালনার মৌলিক দর্শন অত্যন্ত সংক্ষিপ্ত অথচ শক্তিশালীভাবে প্রকাশিত হয়েছে।
গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়
লিংকনের গেটিসবার্গ ভাষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, গণতন্ত্রের প্রকৃত ভিত্তি জনগণ। রাষ্ট্রের ক্ষমতার উৎস জনগণ, রাষ্ট্র পরিচালনার অধিকার জনগণের এবং রাষ্ট্রের সব কার্যক্রমের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কল্যাণ।
অর্থাৎ গণতন্ত্র কেবল নির্দিষ্ট সময় পরপর নির্বাচন আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত রয়েছে মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার, আইনের শাসন, মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক সাম্য, জবাবদিহি এবং জনগণের কার্যকর অংশগ্রহণ।
যে রাষ্ট্রে জনগণের মতামতের মূল্য নেই, যেখানে বিরোধী মতকে দমন করা হয়, যেখানে আইনের শাসনের পরিবর্তে ব্যক্তি বা গোষ্ঠীর ইচ্ছাই প্রধান হয়ে ওঠে, সেখানে গণতন্ত্রের প্রকৃত চর্চা বাধাগ্রস্ত হয়।
গণতন্ত্রের সৌন্দর্য বহুমতের সহাবস্থানে। ভিন্নমতকে সম্মান করা, বিরোধী রাজনৈতিক শক্তির গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় ক্ষমতার জবাবদিহি প্রতিষ্ঠা করা গণতান্ত্রিক ব্যবস্থার অপরিহার্য শর্ত।
লিংকনের দর্শন আমাদের মনে করিয়ে দেয়, রাষ্ট্র জনগণের ঊর্ধ্বে নয়; বরং জনগণের কল্যাণ ও অধিকার রক্ষার জন্যই রাষ্ট্রের অস্তিত্ব।
সাম্য ও স্বাধীনতার প্রশ্নে লিংকনের ঐতিহাসিক ভূমিকা
আব্রাহাম লিংকন ছিলেন প্রজাতন্ত্রবাদ, জাতীয় ঐক্য, দাসপ্রথা বিলোপ এবং গণতান্ত্রিক মূল্যবোধের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবক্তা। তাঁর রাজনৈতিক জীবন ও রাষ্ট্র পরিচালনার মূল দর্শনে মানুষের স্বাধীনতা ও সমতার প্রশ্ন বিশেষ গুরুত্ব পেয়েছিল।
মার্কিন গৃহযুদ্ধের সময় তিনি দেশের অখণ্ডতা রক্ষার পাশাপাশি দাসপ্রথা বিলোপের ঐতিহাসিক প্রক্রিয়াকে এগিয়ে নেন। ১৮৬৩ সালের ১ জানুয়ারি কার্যকর হওয়া মুক্তির ঘোষণার মাধ্যমে কনফেডারেট নিয়ন্ত্রিত অঞ্চলের দাসদের মুক্ত ঘোষণা করা হয়। যদিও এই ঘোষণার প্রয়োগের সীমাবদ্ধতা ছিল, তবু যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলোপের পথে এটি ছিল এক ঐতিহাসিক মাইলফলক।
পরবর্তী সময়ে ১৮৬৫ সালে যুক্তরাষ্ট্রের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে দাসপ্রথার অবসান ঘটে। এই ঐতিহাসিক পরিবর্তনের পেছনে লিংকনের নেতৃত্ব ও রাজনৈতিক ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে লিংকনের গণতান্ত্রিক উত্তরাধিকার শুধু দাসপ্রথা বিলোপ বা জাতীয় ঐক্য রক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি দেখিয়েছেন, একটি রাষ্ট্রের শক্তি তার সামরিক ক্ষমতা কিংবা অর্থনৈতিক সমৃদ্ধিতে নয়; বরং তার জনগণের স্বাধীনতা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করার সক্ষমতায় নিহিত।
ইতিহাসের শিক্ষা ও বাংলাদেশের প্রেক্ষাপট
গেটিসবার্গ ভাষণ আজও বিশ্বব্যাপী গণতন্ত্রকামী মানুষের জন্য অনুপ্রেরণার উৎস। বিশেষ করে যেসব দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল, রাজনৈতিক বিভাজন তীব্র, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য প্রকট এবং জনগণের অধিকার বারবার সংকুচিত হয়, সেসব দেশের জন্য লিংকনের বক্তব্যের তাৎপর্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের ইতিহাসও গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সমৃদ্ধ। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ—প্রতিটি ঐতিহাসিক সংগ্রামের কেন্দ্রে ছিল জনগণের অধিকার, আত্মনিয়ন্ত্রণ, সাম্য ও মর্যাদার আকাঙ্ক্ষা।
১৯৯০ সালের গণঅভ্যুত্থানও ছিল স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এসব আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ বারবার প্রমাণ করেছে, রাষ্ট্রের মালিক জনগণ এবং জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষাই রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হওয়া উচিত।
বাংলাদেশের সংবিধানেও গণতন্ত্র, মানবাধিকার, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের অঙ্গীকার রয়েছে। কিন্তু এসব সাংবিধানিক মূল্যবোধ বাস্তবে প্রতিষ্ঠা করাই বড় চ্যালেঞ্জ।
গণতন্ত্রকে অর্থবহ করতে হলে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পাশাপাশি স্বাধীন বিচারব্যবস্থা, কার্যকর সংসদ, শক্তিশালী গণমাধ্যম, মতপ্রকাশের স্বাধীনতা, আইনের শাসন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শ্রমজীবী, কৃষক, নিম্ন আয়ের মানুষ, নারী, সংখ্যালঘু ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে।
কারণ রাজনৈতিক স্বাধীনতা তখনই পূর্ণতা পায়, যখন মানুষ অর্থনৈতিক শোষণ, বৈষম্য ও বঞ্চনা থেকেও মুক্তির সুযোগ পায়।
লিংকনের ভাষণের আলোকে বলা যায়, জনগণের নামে রাষ্ট্র পরিচালনা করলেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় না। জনগণের প্রকৃত অংশগ্রহণ, মতামতের প্রতিফলন এবং অধিকার ও মর্যাদার নিশ্চয়তা থাকতে হবে রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে।
লিংকনের মৃত্যু, কিন্তু আদর্শের মৃত্যু নেই
১৮৬৪ সালে আব্রাহাম লিংকন দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। কিন্তু তাঁর জীবনের পরিসমাপ্তি ঘটে এক মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে। ১৮৬৫ সালের ১৪ এপ্রিল রাতে ওয়াশিংটনের ফোর্ড থিয়েটারে আততায়ী জন উইলকস বুথের গুলিতে তিনি গুরুতর আহত হন। পরদিন, ১৫ এপ্রিল ১৮৬৫, তাঁর মৃত্যু হয়।
তাঁর মৃত্যুর মধ্য দিয়ে একজন রাষ্ট্রনায়কের জীবনাবসান ঘটলেও তাঁর রাজনৈতিক দর্শন ও মানবিক আদর্শ পৃথিবীর ইতিহাসে অমর হয়ে আছে।
গেটিসবার্গ ভাষণ আমাদের শেখায়, জাতীয় সংকটের মুহূর্তে বিভক্তি নয়, ঐক্য প্রয়োজন; প্রতিহিংসা নয়, মানবিকতা প্রয়োজন; ক্ষমতার দম্ভ নয়, জনগণের অধিকার ও মর্যাদার স্বীকৃতি প্রয়োজন। সবচেয়ে বড় কথা, স্বাধীনতা ও গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে প্রত্যেক প্রজন্মকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হয়।
গণতন্ত্রের চিরন্তন আলোকবর্তিকা
আজকের বিশ্বে যখন দেশে দেশে যুদ্ধ, সংঘাত, কর্তৃত্ববাদ, জাতিগত বিদ্বেষ, ধর্মীয় উগ্রতা, অর্থনৈতিক বৈষম্য ও গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় দেখা যাচ্ছে, তখন আব্রাহাম লিংকনের গেটিসবার্গ ভাষণ নতুন করে আমাদের সামনে এক মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার স্বপ্ন তুলে ধরে।
এই ভাষণের তাৎপর্য কোনো একটি দেশ, জাতি কিংবা নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি সমগ্র মানবজাতির স্বাধীনতা, সাম্য, মর্যাদা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে।
লিংকনের সেই অমর উচ্চারণ—‘জনগণের সরকার, জনগণের দ্বারা পরিচালিত সরকার এবং জনগণের জন্য সরকার’—শুধু একটি রাজনৈতিক সংজ্ঞা নয়; এটি রাষ্ট্র পরিচালনার নৈতিক অঙ্গীকার, গণতান্ত্রিক সমাজ নির্মাণের ভিত্তি এবং শোষণমুক্ত মানবিক পৃথিবী প্রতিষ্ঠার এক চিরন্তন আহ্বান।
আব্রাহাম লিংকন ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন শুধু যুক্তরাষ্ট্রের অখণ্ডতা রক্ষার জন্য নয়, বরং মানুষের স্বাধীনতা, সমতা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবিস্মরণীয় ভূমিকার জন্য।
তাঁর গেটিসবার্গ ভাষণের সবচেয়ে বড় শিক্ষা—গণতন্ত্র কোনো অর্জিত ও স্থায়ী সম্পদ নয়; এটি প্রতিনিয়ত রক্ষা, চর্চা ও বিকশিত করার বিষয়। জনগণের অধিকার ও মর্যাদার প্রশ্নে আপস করে কোনো রাষ্ট্রই প্রকৃত অর্থে গণতান্ত্রিক হতে পারে না।
তাই যত দিন মানুষ স্বাধীনতা, সাম্য, মানবিক মর্যাদা ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করবে, তত দিন আব্রাহাম লিংকনের গেটিসবার্গ ভাষণ বিশ্বের মানুষের কাছে প্রেরণার উৎস হয়ে থাকবে।
গণতন্ত্রের প্রকৃত শক্তি জনগণ। আর জনগণের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই গণতন্ত্রের সার্থকতা।
#
লেখক: সৈয়দ আমিরুজ্জামান, এলএল.বি
মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, সাংবাদিক কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক;
বিশেষ প্রতিনিধি, দ্য ফিনান্সিয়াল পোস্ট (ইংরেজি দৈনিক) ও সাপ্তাহিক নতুনকথা;
সম্পাদক, আরপি নিউজ;
কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতি;
‘৯০-এর মহান গণঅভ্যুত্থানের সংগঠক ও সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ ছাত্রমৈত্রী।
সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন।
সাধারণ সম্পাদক, মাগুরছড়ার গ্যাস সম্পদ ও পরিবেশ ধ্বংসের ক্ষতিপূরণ আদায় জাতীয় কমিটি।
প্রাক্তন সভাপতি, বাংলাদেশ আইন ছাত্র ফেডারেশন।
WhatsApp : 01716599589
মুঠোফোন: ০১৭১৬৫৯৯৫৮৯
Post Views:
৩,১৩০