সিলেট ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৫ মার্চ ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খরিদা করা জমি দখলের চেষ্টা ও সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোড এলাকার বাসিন্দা ও বাগানবাড়ি রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মো. রুকুম উদ্দিন ওরফে দোলন।
রোববার (১৫ মার্চ ২০২৬) সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলার উত্তরসুরস্থ এলাকায় নিজ মালিকানাধীন বাগানবাড়ি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রুকুম উদ্দিন দোলন জানান, তার পিতা মো. আলাউদ্দিন ২০০১ সালের ১২ জুলাই জাহেদা বেগমের কাছ থেকে ২৭৯৮/০১ নম্বর দলিলের মাধ্যমে ১০ শতাংশ জমি ক্রয় করেন।
জমিটির এসএ খতিয়ান নম্বর ১৫৯৪ এবং দাগ নম্বর ৪২২২। জমি ক্রয়ের পর থেকে দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে তারা জমিটি ভোগদখলে রেখে আসছেন। এ সময় জমিতে বিভিন্ন ধরনের গাছপালা রোপণ এবং কৃষিকাজ করা হয়। পাশাপাশি নিয়মিতভাবে সরকারি খাজনাও পরিশোধ করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
তার অভিযোগ, সম্প্রতি ফারুক আহমেদ ও জিল্লুর রহমান নামে দুই ব্যক্তি ওই জমি নিজেদের দাবি করে দখলের চেষ্টা করছেন। জমির মালিকানা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তারা বিভিন্ন সময় জমিতে গিয়ে দখলের চেষ্টা করছেন বলে জানান তিনি। এ সময় তাদের কাছে জমির বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলেও তারা কোনো দলিলপত্র দেখাতে পারেননি বলেও দাবি করেন রুকুম উদ্দিন।
তিনি আরও অভিযোগ করেন, গত ১০ মার্চ সকালে ফারুক আহমেদ ও জিল্লুর রহমানের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি দল তার বাবার খরিদা জমিতে গিয়ে জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রুকুম উদ্দিন দোলনের দাবি, একই দিন সন্ধ্যায় আবারও জমি দখলের উদ্দেশ্যে প্রতিপক্ষের লোকজন সেখানে গিয়ে হামলার চেষ্টা করে এবং ভয়ভীতি প্রদর্শন করে। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য স্থানীয়ভাবে কয়েক দফা সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। বরং প্রতিপক্ষ উল্টো তাদের বিরুদ্ধে মিথ্যা জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে রুকুম উদ্দিন দোলন বলেন, “আমরা সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করেছি। কিন্তু প্রতিপক্ষ সন্ত্রাসী কায়দায় হামলা ও ভয়ভীতি দেখানোয় আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় আছি।”
এ ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকানা নিশ্চিত এবং জমিতে দখলচেষ্টাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

তবে এ বিষয়ে অভিযুক্ত ফারুক আহমেদ ও জিল্লুর রহমানের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্র জানায়, জমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে কিছুদিন ধরে বিরোধ চলছে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
শ্রীমঙ্গল থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগের বিষয়ে তারা অবগত আছেন। জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি