ঈদে ঘুরে দেখা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি: সম্ভাবনার নতুন পাঠ

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, জুন ৬, ২০২৬

ঈদে ঘুরে দেখা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি: সম্ভাবনার নতুন পাঠ

Manual2 Ad Code

আব্দুল আহাদ মিনার |

এবারের ঈদ আমাদের পরিবারের জন্য ছিল এক অনন্য আনন্দ ও আবেগের মিলনমেলা। পরিবারসহ ঘুরে দেখলাম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গল, আমার নিজ জেলা মৌলভীবাজার ও কমলগঞ্জ উপজেলার মৃতিঙ্গা চা বাগান, বিটিআরআই, নীলকণ্ঠ এবং ঐতিহ্যবাহী শমশেরনগর। সঙ্গে ছিলেন আমার বড় মেয়ে আরিশা আহাদ মৌমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ছোট মেয়ে পারিশা আহাদ ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী এবং আমার সহধর্মিণী ঢাকার এসেনশিয়াল ড্রাগ কোম্পানির কেমিস্ট রওশনারা খানম।

Manual8 Ad Code

ঈদের দিন গ্রামের বাড়িতে এলাকাবাসীর সাথে নামাজ আদায়, প্রিয় আম্মা-আব্বার কবর জিয়ারত এবং আমাদের প্রাচীন যৌথ পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো যেন শেকড়ে ফিরে যাওয়ার এক গভীর অনুভূতি এনে দিয়েছে। নতুন প্রজন্ম, ভাই-ভাবি ও পরিবারের ছোটদের প্রাণবন্ত উপস্থিতিতে ঈদের আনন্দ হয়ে উঠেছিল আরও উজ্জ্বল। আত্মীয়তার বন্ধন, পারিবারিক ঐতিহ্য ও আন্তরিকতার এই সংস্কৃতি গ্রামবাংলার সৌন্দর্যকে আজও জীবন্ত রেখেছে। ভাতিজির জামাই বেলালের বাড়ির আন্তরিক আপ্যায়ন আমাদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে।

Manual1 Ad Code

শ্রীমঙ্গলে বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে পার্টির জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট, আমাদের প্রাগ্রজ কমরেড সৈয়দ আমিরুজ্জামান এবং বন্ধু রবেল খান ও তার পরিবারের সঙ্গে একটি রেস্টুরেন্টে আন্তরিক আপ্যায়ন এবং চা পাতা উপহার হিসেবে প্রদান আমাদের আনন্দকে আরও ভরে তুলেছে। তাদের আন্তরিকতা ও সৌহার্দ্য এই সফরকে করেছে আরও স্মরণীয়।

শ্রীমঙ্গল-মৌলভীবাজার শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক পর্যটনেরও এক বিশাল সম্ভাবনাময় অঞ্চল। চা বাগানের সবুজ বিস্তৃতি, পাহাড়-টিলা, বনভূমি, জীববৈচিত্র্য ও আতিথেয়তাপূর্ণ মানুষ পর্যটকদের মুগ্ধ করে। বিশেষ করে গ্র্যান্ড সুলতান রিসোর্টের আধুনিক পরিবেশ ও পর্যটনসেবার মান প্রমাণ করে সঠিক পরিকল্পনা ও উদ্যোগ থাকলে এই অঞ্চল দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে বড় অবদান রাখতে পারে।

Manual1 Ad Code

তাই দেশি-বিদেশি পর্যটকদের সুবিধার্থে উন্নত সড়ক যোগাযোগ, পরিচ্ছন্ন ও নিরাপদ পর্যটনব্যবস্থা, আধুনিক তথ্যকেন্দ্র, পর্যাপ্ত বিশ্রামাগার এবং ঢাকা-শ্রীমঙ্গল-মৌলভীবাজার রুটে বিশেষ টুরিস্ট বাস সার্ভিস চালু এখন অত্যন্ত জরুরি। প্রকৃতি, ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে এই অঞ্চলকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলাই হতে পারে আগামী দিনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
#
লেখক :
আব্দুল আহাদ মিনার
সহসভাপতি, বাংলাদেশ যুব মৈত্রী
সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র মৈত্রী।
সাবেক সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলা ওয়ার্কার্স পার্টি।