সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাবি শাখার কাউন্সিল অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৬

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাবি শাখার কাউন্সিল অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা

Manual3 Ad Code
  • উচ্চশিক্ষার বাণিজ্যিকীকরণ-বেসরকারিকরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক | ঢাকা বিশ্ববিদ্যালয়,২১ জুলাই ২০২৬ : উচ্চশিক্ষার বাণিজ্যিকীকরণ ও বেসরকারিকরণের বিরুদ্ধে দেশব্যাপী ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

সংগঠনটির নেতারা বলেছেন, উচ্চশিক্ষাকে ক্রমেই বাজারমুখী করার নীতি, অপর্যাপ্ত বাজেট, গবেষণা খাতে বরাদ্দ সংকোচন, আবাসন ও শিক্ষার্থীদের মৌলিক সুযোগ-সুবিধার সংকট এবং বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের ওপর হস্তক্ষেপ—এসবের বিরুদ্ধে সংগঠিত ছাত্র আন্দোলনের কোনো বিকল্প নেই।

সোমবার (২০ জুলাই ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মধুর ক্যান্টিনের গোলঘরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২১তম কাউন্সিল অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুহাইল আহমেদ শুভের সভাপতিত্বে আয়োজিত এই কাউন্সিলে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড নিখিল দাস এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ উপস্থিত থেকে বক্তব্য দেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও আবাসিক হলের কাউন্সিলর, প্রতিনিধি এবং সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

কাউন্সিলে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, উচ্চশিক্ষার বর্তমান সংকট এবং ছাত্র আন্দোলনের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়।

Manual4 Ad Code

বক্তারা বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের পরিবর্তে ধারাবাহিকভাবে এমন কিছু জাতীয় ও আন্তর্জাতিক চুক্তি সম্পাদিত হয়েছে, যা দেশের স্বাধীন অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থের পরিপন্থী।

তাদের দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হওয়ার পরও নির্বাচিত সরকারের সময়েও সেই নীতির ধারাবাহিকতা বজায় রয়েছে, যা দেশকে সাম্রাজ্যবাদী প্রভাববলয়ের দিকে আরও নির্ভরশীল করে তুলছে।

বক্তারা অভিযোগ করেন, উচ্চশিক্ষা খাতে দীর্ঘদিন ধরে সরকারি বিনিয়োগ কমিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধীরে ধীরে বাণিজ্যিকীকরণ ও বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এর ফলে পাবলিক বিশ্ববিদ্যালয়ের গণমুখী চরিত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং উচ্চশিক্ষা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

কাউন্সিলে উপস্থাপিত আলোচনায় বলা হয়, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় বাজেট বরাদ্দের অভাব দীর্ঘদিনের সমস্যা। শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়নে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসন, মানসম্মত খাদ্যব্যবস্থা, শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা—এসব মৌলিক প্রয়োজনীয়তার অধিকাংশ ক্ষেত্রেই প্রকট সংকট বিদ্যমান। প্রয়োজনের তুলনায় বিদ্যমান সুযোগ-সুবিধা অত্যন্ত সীমিত বলে মন্তব্য করেন বক্তারা।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দীর্ঘদিনের দাবি স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রেও কোনো অগ্রগতি না হওয়ার সমালোচনা করা হয়। কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতেও সরকারের উদ্যোগকে অপর্যাপ্ত বলে উল্লেখ করা হয়।

গবেষণা খাতে বরাদ্দের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে বক্তারা বলেন, গবেষণার জন্য বরাদ্দ প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। চলতি বাজেটে গবেষণা বরাদ্দের ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নিয়ন্ত্রণ বৃদ্ধি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের জন্য উদ্বেগজনক বলে তারা মন্তব্য করেন।

তাদের মতে, এ ধরনের পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্বাধীনতা ও স্বশাসনের পরিপন্থী।

Manual5 Ad Code

কাউন্সিলে বক্তারা আগামী দিনে উচ্চশিক্ষা, গণতান্ত্রিক অধিকার এবং শিক্ষার্থীদের জীবন-জীবিকার প্রশ্নে বৃহত্তর ছাত্র আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন। একই সঙ্গে সমাজ পরিবর্তনের লক্ষ্যে গণবিরোধী পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম জোরদার করতে ছাত্র আন্দোলনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

কাউন্সিলের সমাপনী অধিবেশনে সর্বসম্মতিক্রমে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ২২তম কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে অদিতি ইসলামকে আহ্বায়ক এবং মিনহাজুল ইসলাম ফারহানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— বন্যা সরকার, শিশির রুদ্র, হৃদিতা ইসরাত রাব্বানী ও লিয়ামনি।

Manual7 Ad Code

নবনির্বাচিত নেতৃবৃন্দ উচ্চশিক্ষার গণমুখী চরিত্র রক্ষা, শিক্ষা খাতে পর্যাপ্ত বাজেট নিশ্চিতকরণ, গবেষণা সম্প্রসারণ, শিক্ষার্থীদের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন সুরক্ষার দাবিতে ধারাবাহিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ