শিল্পী জাকিয়া খান চন্দনার একক চিত্র প্রদর্শনী শুরু

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৬

শিল্পী জাকিয়া খান চন্দনার একক চিত্র প্রদর্শনী শুরু

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ০২ আগস্ট ২০২৬ : অবচেতন মনের অনুভূতি, স্মৃতি, স্বপ্ন, মানবিক আবেগ ও বাস্তবতার বহুমাত্রিক প্রকাশকে শিল্পভাষায় তুলে ধরতে শিল্পী জাকিয়া খান চন্দনা-এর সপ্তাহব্যাপী একক চিত্র প্রদর্শনী (Reality of the Subconscious Mind) শুরু হয়েছে।

রবিবার (২ আগস্ট ২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ঐতিহ্যবাহী জয়নুল গ্যালারিতে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

Manual1 Ad Code

উদ্বোধনী অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের অনারারি অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিল্পী, শিক্ষার্থী, শিল্পসমালোচক, সংস্কৃতিবিদ ও শিল্পানুরাগীরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, শিল্পচর্চা মানুষের সৃজনশীল বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। শিল্পী জাকিয়া খান চন্দনা তাঁর চিত্রকর্মে শিল্পচর্চার মৌলিক বিষয়গুলোকে নান্দনিকতা, চিন্তার গভীরতা এবং সৃজনশীলতার সমন্বয়ে উপস্থাপন করেছেন। তিনি বলেন, একজন শিল্পীর সৃষ্টিকর্ম কেবল সৌন্দর্যের প্রকাশ নয়, বরং সমাজ, মানুষ এবং মানসজগতের নানা অনুষঙ্গকে উপলব্ধি করারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

Manual5 Ad Code

তিনি আরও বলেন, এ ধরনের প্রদর্শনী শিক্ষার্থীদের শিল্পচর্চায় উদ্বুদ্ধ করবে এবং নতুন প্রজন্মের শিল্পীদের সৃজনশীল বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। শিল্প ও সংস্কৃতির বিকাশে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে উল্লেখ করে তিনি প্রদর্শনীর সার্বিক সাফল্য কামনা করেন।

সভাপতির বক্তব্যে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ বলেন, সমকালীন শিল্পচর্চায় ব্যক্তিগত অনুভূতি, মানসিক অভিজ্ঞতা ও অবচেতন মনকে কেন্দ্র করে কাজ করার প্রবণতা বিশ্বব্যাপী গুরুত্ব পাচ্ছে। শিল্পী জাকিয়া খান চন্দনার প্রদর্শনী সেই ধারার একটি উল্লেখযোগ্য সংযোজন। তাঁর শিল্পকর্ম দর্শকদের চিন্তার নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি ড. মো. আব্দুস সাত্তার বলেন, শিল্প মানুষের অন্তর্জগতের ভাষা। একজন শিল্পী তাঁর সৃষ্টিকর্মের মাধ্যমে এমন অনেক অনুভূতি প্রকাশ করেন, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। জাকিয়া খান চন্দনার এই প্রদর্শনী দর্শকদের অবচেতন মন, কল্পনা ও বাস্তবতার সম্পর্ক নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করবে।

প্রদর্শনীতে শিল্পী জাকিয়া খান চন্দনা মানুষের অবচেতন মন, আবেগ, স্মৃতি, স্বপ্ন, মানসিক দ্বন্দ্ব এবং অস্তিত্বের নানা দিককে বিভিন্ন মাধ্যমে ও রঙের ব্যবহারে তুলে ধরেছেন। তাঁর চিত্রকর্মে বিমূর্ততা, প্রতীকী উপস্থাপন এবং সমকালীন শিল্পভাষার সমন্বয় দর্শকদের সামনে এক ভিন্নধর্মী শিল্প-অভিজ্ঞতা তৈরি করেছে।

Manual2 Ad Code

শিল্পবোদ্ধাদের মতে, প্রদর্শনীর শিরোনাম ‘Reality of the Subconscious Mind’ মানবমনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতি ও অভিজ্ঞতার শিল্পরূপকে সামনে নিয়ে এসেছে। বাস্তবতা ও কল্পনার মেলবন্ধনে নির্মিত চিত্রকর্মগুলো সমকালীন শিল্পচর্চায় শিল্পীর নিজস্ব ভাবনা ও দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে।

প্রদর্শনীটি আগামী ৮ আগস্ট ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। শিল্পপ্রেমী, গবেষক, শিক্ষার্থী এবং সাধারণ দর্শনার্থীদের প্রদর্শনীটি পরিদর্শনের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ