পৈত্রিক সম্পত্তিতে উত্তরাধিকার বঞ্চনার অভিযোগে প্রবাসী বোনের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২৬

পৈত্রিক সম্পত্তিতে উত্তরাধিকার বঞ্চনার অভিযোগে প্রবাসী বোনের সংবাদ সম্মেলন

Manual7 Ad Code
  • শ্রীমঙ্গলে দেড়শ’ কোটি টাকার পৈত্রিক সম্পত্তি নিয়ে ভাই-বোনদের বিরোধ

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৪ আগস্ট ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় দেড়শ’ কোটি টাকা মূল্যের পৈত্রিক সম্পত্তি নিয়ে একই পরিবারের ভাই-বোনদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ নতুন করে প্রকাশ্যে এসেছে।

পৈত্রিক সম্পত্তিতে আইনানুগ হিস্যা থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী এক বোন। তিনি প্রশাসনের হস্তক্ষেপ এবং প্রচলিত আইন অনুযায়ী নিজের ও অন্য বোনদের উত্তরাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সোমবার (৪ আগস্ট ২০২৬) সন্ধ্যায় শ্রীমঙ্গল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহরের নতুনবাজার এলাকার মৃত হাফেজ মুছলে উদ্দিনের মেয়ে বিলকিস হাসান। এ সময় তার আরেক বোন জাকিয়া হাসান অপি ও বিলকিস হাসানের ছেলে কাইফ হাসান রাহিম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বিলকিস হাসান অভিযোগ করেন, প্রায় ২৩ বছর আগে তার বাবা মারা যাওয়ার পর রেখে যাওয়া বিপুল সম্পদের ওপর সাত ভাই ও মৃত দুই ভাইয়ের সন্তানরা একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন। অথচ চার বোনকে আইনগত অংশ বুঝিয়ে না দিয়ে বিভিন্নভাবে বঞ্চিত করা হচ্ছে।

তার দাবি, তাদের বাবা শহরের বর্তমান পানসি রেস্টুরেন্টের জায়গা, স্টেশন রোডের একটি পেট্রোল পাম্প, শাহজীবাজারের পেট্রোল পাম্প ও সংলগ্ন জমি, আশিদ্রোন মৌজায় ২২ কেয়ার ফসলি জমি, পূর্বাশা আবাসিক এলাকায় প্রায় ১১৪ শতক জমি, মার্কাস মসজিদের পেছনে প্রায় ১৫০ শতক জমি এবং পোস্ট অফিস এলাকার দুটি ভবনসহ প্রায় দেড়শ’ কোটি টাকা মূল্যের সম্পত্তি রেখে যান।

বিলকিস হাসান বলেন, “আমরা চার বোন ও সাত ভাই। এর মধ্যে দুই ভাই মারা গেছেন। বাবার মৃত্যুর পর থেকে ভাইয়েরা আমাদের বৈধ উত্তরাধিকার থেকে বঞ্চিত করে নিজেরাই সম্পত্তি ভোগদখল করছেন।”

তিনি জানান, বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধু এবং শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন একাধিকবার সমঝোতার উদ্যোগ নিলেও কোনো সমাধান হয়নি। পরে তারা থানা পুলিশ ও আদালতেরও শরণাপন্ন হন। কিন্তু বিরোধের নিষ্পত্তি না হয়ে উল্টো বিভিন্ন সময় হুমকির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

পানসি রেস্টুরেন্টের জমি নিয়ে অভিযোগ

Manual7 Ad Code

সংবাদ সম্মেলনে বিলকিস হাসান অভিযোগ করেন, ভানুগাছ রোডের পানসি রেস্টুরেন্টের জায়গা মাসিক প্রায় দুই লাখ টাকা ভাড়ায় দেওয়া হয়েছে এবং প্রায় ৩০ লাখ টাকায় লিজ দেওয়া হয়েছে। এছাড়া আশপাশের দোকান ভাড়া ও জামানত বাবদও বিপুল অর্থ গ্রহণ করা হয়েছে। কিন্তু ওই সম্পত্তির উত্তরাধিকারী হয়েও চার বোনকে কোনো অর্থ দেওয়া হয়নি।

তিনি বলেন, বিষয়টি জানতে পেরে তারা পানসি রেস্টুরেন্টের নির্মাণকাজ বন্ধের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসকের কাছে আবেদন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে নির্মাণকাজ প্রায় ছয় মাস বন্ধ থাকলেও পরে পৌরসভার অনুমোদন নিয়ে পুনরায় নির্মাণ ও কার্যক্রম শুরু হয়। তবে ওই অনুমোদনের বিষয়ে তাদের কিছুই জানানো হয়নি বলে অভিযোগ করেন তিনি।

আদালতের আদেশ অমান্যের অভিযোগ

বিলকিস হাসান জানান, গত ৪ মার্চ তিনি মৌলভীবাজারের আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। পরদিন আদালত বিবাদমান সম্পত্তিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, নতুন স্থাপনা নির্মাণ বন্ধ রাখা এবং উভয় পক্ষকে প্রয়োজনীয় দলিলপত্রসহ আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

Manual7 Ad Code

তার অভিযোগ, কয়েকজন ভাই আদালতে হাজির হননি এবং আদালতের নির্দেশ উপেক্ষা করে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।

হামলার অভিযোগ

সংবাদ সম্মেলনে বিলকিস হাসান আরও অভিযোগ করেন, গত ৩ জুলাই তিনি তার ছেলে কাইফ হাসান রাহিমকে নিয়ে পানসি রেস্টুরেন্টের পেছনে জালালিয়া রোডসংলগ্ন জমিতে মার্কেট নির্মাণের উদ্যোগ নেন। বিকেলে বিএনপি নেতা নূরে আলম সিদ্দিকী ও পুলিশের এক উপপরিদর্শক (এসআই) নাহিদের উপস্থিতিতে তার বড় ভাই মফিজ উদ্দিন ও আলাউদ্দিন সেখানে এসে কাজ বন্ধ করতে বলেন।

তার ভাষ্য, তারা চলে যাওয়ার কিছুক্ষণ পর মফিজ উদ্দিন তাদের ওপর হামলা চালান এবং তার ছেলে কাইফ হাসান রাহিমকে লাঠি দিয়ে মারধর করেন।

মৌখিক বণ্টন নিয়ে আপত্তি

Manual1 Ad Code

বিলকিস হাসান দাবি করেন, তার বড় ভাই সামসুদ্দিন মৃত্যুর আগে জমির আনুষ্ঠানিক বণ্টন না হওয়ায় পোস্ট অফিস এলাকার দুটি ভবন এবং পূর্বাশা আবাসিক এলাকার কিছু জমি চার বোনের জন্য মৌখিকভাবে নির্ধারণ করে দিয়েছিলেন।

তার অভিযোগ, পরে ভাইয়েরা তার অংশ হিসেবে নির্ধারিত ভবনের কয়েকটি দোকান জোরপূর্বক অন্যদের কাছে ভাড়া দিয়ে দেন। এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বিরোধ সৃষ্টি হলে তারা ভাড়া না দিয়ে উল্টো তাদের বিরুদ্ধে মামলা করেন।

তিনি বলেন, “আমাদের ভাইয়েরা বলেছেন, মৌখিকভাবে যে জায়গা দেওয়া হয়েছে, সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু পিতার সম্পত্তিতে আইনগত উত্তরাধিকার থাকলে ভাইয়েরা ইচ্ছেমতো সম্পত্তি দিয়ে দেওয়ার অধিকার রাখেন কি না, সেটিই আমার প্রশ্ন।”

সন্তানের নিরাপত্তা নিয়েও উদ্বেগ

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী বিলকিস হাসান বলেন, তার দুই ছেলে ও এক মেয়ে শ্রীমঙ্গলে থাকেন। সম্পত্তি বিরোধের কারণে তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন।

তিনি বলেন, “আমি একজন প্রবাসী ও রেমিট্যান্সযোদ্ধা হিসেবে দেশের প্রচলিত আইন অনুযায়ী নাগরিক অধিকার ও পিতার সম্পত্তিতে ন্যায্য হিস্যার দাবি করছি। আমরা ভাইদের কাছে করুণা চাই না, আইন অনুযায়ী প্রাপ্য অধিকার চাই।”

এ বিষয়ে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

ভাই মফিজ উদ্দিনের বক্তব্য

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিলকিস হাসানের বড় ভাই মফিজ উদ্দিন সাংবাদিকদের বলেন, অভিযোগগুলো সঠিক নয়।

তিনি বলেন, “আমরা বোনদের জায়গা মৌখিকভাবে ভাগ করে দিয়েছি। তারা সেখানে বসবাসও করছেন। রেজিস্ট্রি করা হয়নি, তবে তাদের থাকার ব্যবস্থা রয়েছে।”

বিরোধের আইনি নিষ্পত্তির অপেক্ষা

পারিবারিক সূত্রে জানা গেছে, সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চললেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে উত্তরাধিকার বণ্টনের বিষয়ে চূড়ান্ত সমাধান হয়নি। একাধিক বিষয় আদালতের বিচারাধীন রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে উত্তরাধিকার আইনের বিষয়ে আইনজীবীরা বলছেন, কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তার সম্পত্তি প্রচলিত উত্তরাধিকার আইন অনুযায়ী ওয়ারিশদের মধ্যে বণ্টিত হওয়ার বিধান রয়েছে। বণ্টন নিয়ে বিরোধ দেখা দিলে তা আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। এক পক্ষের অভিযোগ বা দাবির বিষয়ে আদালতের সিদ্ধান্তই এ ক্ষেত্রে চূড়ান্ত বিবেচিত হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ