করোনার নতুন ধরণ ওমিক্রন প্রতিরোধে পুলিশের প্রতি নির্দেশনা

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২২

করোনার নতুন ধরণ ওমিক্রন প্রতিরোধে পুলিশের প্রতি নির্দেশনা

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৬ জানুয়ারি, ২০২২ : পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত এবং করোনাভাইরাস-এর নতুন ধরণ ওমিক্রন প্রতিরোধের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

Manual4 Ad Code

বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স-এর এআইজি (অপারেশনস্-২) মোহাম্মদ উল্ল্যা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস-এর নতুন ধরণ ওমিক্রন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও এর প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে প্রত্যেক পুলিশ সদস্য দায়িত্ব (ডিউটি) পালনের সময় অবশ্যই মাস্ক, গ্ল্যাভস, হেডকভার, ফেসশিল্ড প্রভৃতি পরিধান করবেন।
ডিউটি পালনকালে কিছু সময় পর পর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং নিয়মিত ডিউটি শেষে সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিষ্কার করতে হবে। ওমিক্রন-এর উপসর্গ দেখা দিলে আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। প্রত্যেক পুলিশ সদস্যকে দ্রুত করোনা টিকা গ্রহণ করতে হবে।
পুলিশের সকল ইউনিটে ‘নো মাস্ক নো সার্ভিস এবং নো মাস্ক নো এন্ট্রি’ নির্দেশনা প্রতিপালন করতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে মাস্কের ব্যবস্থা রাখতে হবে।
ডিউটিরত সকল ক্ষেত্রে শারীরিক দূরত্ব (কমপক্ষে ৩ ফুট বা ১ মিটার), হাঁচি-কাশির শিষ্টাচার ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
সেবা গ্রহীতা ও দর্শনার্থীদের পুলিশ স্থাপনায় প্রবেশের ক্ষেত্রে শরীরের তাপমাত্রা নির্ণয় ও হাত ধোয়া অথবা স্যানিটাইজ নিশ্চিত করতে হবে।
প্রত্যেক পুলিশ সদস্যের ব্যক্তিগত স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী (মাস্ক, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড স্যানিটাইজার ইত্যাদি) ব্যবহার নিশ্চিত করতে হবে।
অপারেশনাল কাজে ব্যবহৃত অস্ত্র, হ্যান্ডকাফ, রায়ট গিয়ার, হ্যান্ডমাইক, মেটাল ডিটেক্টর, আর্চওয়ে ইত্যাদি যথাযথভাবে জীবাণুমুক্ত করতে হবে।
ডিউটি শেষে আবাসস্থলে প্রবেশের পূর্বে ইউনিফর্ম ও জুতা ভালোভাবে জীবাণুমুক্ত করা এবং সাবান দিয়ে গোসল করতে হবে।
ডাইনিং রুম, ক্যান্টিন, বিনোদন কক্ষ, রোল কল, ডিউটিতে যাবার আগে ও ডিউটি হতে ফেরার পরে, সমাবেশস্থলে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যসুরক্ষা সামগ্রীর ব্যবহার নিশ্চিত করতে হবে।
করোনা উপসর্গ দেখা দিলে কিংবা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে ছিল বা এসেছে এমন পুলিশ সদস্যদের দ্রুততম সময়ের মধ্যে করোনা পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
করোনা পজেটিভ সদস্যদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী কেন্দ্রীয় বা বিভাগীয় অথবা জেলা পুলিশ হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
জরুরি প্রয়োজনে রোগীকে অন্যত্র স্থানান্তরের ক্ষেত্রে ইউনিট ইনচার্জ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন।
ইউনিট ইনচার্জ ও অন্যান্য কর্মকর্তাদের নিজ ইউনিটের আক্রান্ত সদস্য ও তার পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা এবং সার্বিক সহায়তা প্রদানের নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়া হাজতখানা সর্বদা জীবাণুমুক্ত রাখা এবং হাজতে থাকাকালীন কোন ব্যক্তির করোনার লক্ষণ প্রকাশ পেলে অবিলম্বে তাকে পৃথক করে চিকিৎসকের পরামর্শ নেয়ার ব্যবস্থা করতে হবে।
রেশন সামগ্রী, ঔষধ ইত্যাদি সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি এবং সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হবে।
করোনা সংক্রমণ প্রতিরোধে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত এসওপি’র নির্দেশনাসমূহ অনুসরণ এবং রোলকলে সচেতনতামূলক ব্রিফিং প্রদান করার কথা বলা হয়েছে।
করোনা সংক্রান্ত ইতোপূর্বে প্রেরিত নির্দেশনা যথাযথ ও আন্তরিকভাবে পালন করতে বলা হয়েছে।
প্রত্যেক পুলিশ ইউনিটে কর্মরত সকল সদস্যদের স্থানীয় স্বাস্থ্য প্রশাসনের সাথে সমন্বয় করে করোনা (বুস্টার ডোজ) টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে।
করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী বিধায় সকল পুলিশ সদস্য ও তাদের পরিবারবর্গকে অবশ্যই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে।

 

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ