শ্রীমঙ্গলে ছড়া থেকে বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি মুজিব

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

শ্রীমঙ্গলে ছড়া থেকে বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি মুজিব

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক, শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৭ ফেব্রুয়ারি ২০২৬ : পর্যটন শহর শ্রীমঙ্গলকে পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত রাখতে ছড়া, রাস্তা ও কৃষিজমি থেকে পলিথিন, প্লাস্টিকজাত পণ্য ও অন্যান্য অপচনশীল বর্জ্য অপসারণে বিশেষ কর্মসূচি শুরু হয়েছে।

Manual2 Ad Code

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) সকালে পৌরসভা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শহরতলীর ভূরভুড়িয়া ছড়ায় জমাটবদ্ধ বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মুহিবুল্লাহ আকন্দ, পৌরসভার প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল আলম সিদ্দিকী, স্কাউট ও বিএনসিসির সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও কর্মসূচিতে অংশ নেন।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে ভূরভুড়িয়া ছড়ায় পলিথিন ও প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের অপচনশীল বর্জ্য জমে পানি চলাচলে বাধা সৃষ্টি করছিল। ফলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আশঙ্কা বেড়ে যায় এবং আশপাশের কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়। এ পরিস্থিতি মোকাবিলায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উদ্বোধনের পর এমপি মুজিব শহরতলীর বিভিন্ন পরিবারের মধ্যে বারবার ব্যবহারযোগ্য পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ করেন। এসব ব্যাগে প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য আলাদাভাবে সংরক্ষণ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি পলিথিনের ব্যবহার কমাতে ও পরিবেশ সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়। পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ স্থানে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য পৃথকভাবে ফেলার জন্য আলাদা ডাস্টবিন স্থাপন করা হয়েছে বলেও জানান আয়োজকরা।

Manual8 Ad Code

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এমপি মুজিব বলেন, তার নির্বাচনী এলাকা দেশের একটি গুরুত্বপূর্ণ পর্যটন অঞ্চল। তাই এই এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করা সবার দায়িত্ব।

তিনি বলেন, “সম্মিলিত সচেতনতা ছাড়া একটি শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ একসঙ্গে কাজ করলে শ্রীমঙ্গলকে আরও সুন্দর ও গোছানো শহর হিসেবে গড়ে তোলা যাবে।”

Manual1 Ad Code

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা অভিযান একদিনের কর্মসূচি নয়; এটি ধারাবাহিকভাবে চলমান থাকবে। নিয়মিত মনিটরিংয়ের মাধ্যমে ছড়া, রাস্তা ও জনসমাগমস্থল পরিষ্কার রাখা হবে। একই সঙ্গে স্কুল-কলেজ পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হবে।

Manual3 Ad Code

স্থানীয় প্রশাসন জানায়, ভবিষ্যতে শহরের অন্যান্য ছড়া ও ড্রেনেও একই ধরনের অভিযান পরিচালনা করা হবে। পরিবেশ সুরক্ষা ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে নাগরিকদের অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, চা-বাগান ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত শ্রীমঙ্গল সারা বছরই দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করে। পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে পর্যটন নগরীর সুনাম অক্ষুণ্ন রাখার পাশাপাশি টেকসই নগর ব্যবস্থাপনা গড়ে তোলার প্রত্যাশা স্থানীয়দের।