মাদকবিরোধী পোস্টের জেরে সাংবাদিক দেওয়ান মাসুকুর রহমানের ওপর হামলা

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৬

মাদকবিরোধী পোস্টের জেরে সাংবাদিক দেওয়ান মাসুকুর রহমানের ওপর হামলা

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৪ জুলাই ২০২৬ : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাদকবিরোধী পোস্ট প্রকাশ করার জেরে হামলার শিকার হয়েছেন দৈনিক দেশ বুলেটিন–এর শ্রীমঙ্গল প্রতিনিধি ও জনবন্ধু সমবায় সমিতির পরিচালক, সাংবাদিক দেওয়ান মাসুকুর রহমান।

Manual6 Ad Code

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ব্যক্তি এবং সচেতন মহলে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক দেওয়ান মাসুকুর রহমান জানান, গত বৃহস্পতিবার (২৩ জুলাই) মাগরিবের নামাজের আগে শ্রীমঙ্গলের শাহীবাগ শাহী ঈদগাহ এলাকার সামনে একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁর মাথা, চোখ, হাত, হাঁটু, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় তাঁকে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সাংবাদিকের দাবি, হামলার পেছনে তাঁর ফেসবুকে প্রকাশিত মাদকবিরোধী লেখাগুলোই মূল কারণ। হামলার দুই দিন আগে তিনি একটি পোস্টে লিখেছিলেন, “সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে প্রশাসনকে কঠোর ভূমিকা নিতে হবে।” একই সময়ে আরেকটি পোস্টে তিনি উল্লেখ করেন, “কিছু লোক মাদকের বিরুদ্ধে ভিডিও তৈরি করে নিজেকে মহান নেতা হিসেবে উপস্থাপন করতে চায়, অথচ তারাই মাদক বিক্রেতা।”

Manual5 Ad Code

এছাড়া হামলার আগের দিন দেওয়া আরেকটি পোস্টে তিনি স্থানীয় রাজনীতির প্রসঙ্গ টেনে লিখেছিলেন, “শ্রীমঙ্গল বিএনপির এক নেতাকে প্রশ্ন করেছিলাম, ‘নবীন দল’ কবে থেকে চালু করলেন? তিনি জানান, এটি কোনো দল নয়, বরং নামের আগে ব্যবহৃত একটি টাইটেল। সমাজে এ ধরনের টাইটেল ব্যবহারকারী অনেক কীট-টোকাই রয়েছে। সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি।”

হামলার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিক, মানবাধিকারকর্মী, রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাধারণ নাগরিকরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে পোস্ট দিতে শুরু করেন। তাঁরা ঘটনাটিকে মতপ্রকাশের স্বাধীনতা ও মাদকবিরোধী সামাজিক অবস্থানের ওপর হামলা হিসেবে উল্লেখ করেন।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য মো. আমজাদ হোসেন বাচ্চু, শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য নূর মোহাম্মদ সাগর এবং সাংবাদিক পারভেজ হাসান পৃথক প্রতিবাদ বার্তায় বলেন, “একজন সাংবাদিকের ওপর এ ধরনের ন্যক্কারজনক হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়; এটি গণমাধ্যমের স্বাধীনতা, সত্য প্রকাশের অধিকার এবং সমাজে মাদকবিরোধী অবস্থানের ওপরও আঘাত। স্বাধীন সাংবাদিকতা ও আইনের শাসনের স্বার্থে এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার নিশ্চিত করতে হবে।”

তাঁরা আরও বলেন, সাংবাদিকরা যদি সত্য প্রকাশ করতে গিয়ে বারবার হামলার শিকার হন, তবে তা শুধু সংবাদমাধ্যম নয়, পুরো সমাজের জন্য উদ্বেগজনক বার্তা বহন করে। এ ধরনের ঘটনা রোধে প্রশাসনকে কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা–এর বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক এবং কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

তিনি এক বিবৃতিতে বলেন, “সাংবাদিক দেওয়ান মাসুকুর রহমানের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক, কাপুরুষোচিত এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। একজন সাংবাদিক সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে কথা বলবেন—এটাই তাঁর দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হওয়া অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের হামলা কেবল একজন সাংবাদিককে নয়, স্বাধীন সাংবাদিকতা ও জনগণের তথ্য জানার অধিকারকে ভয়ভীতি প্রদর্শনের অপচেষ্টা। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি।”

Manual3 Ad Code

এদিকে স্থানীয় সাংবাদিক ও সচেতন নাগরিকরা অভিযোগ করেছেন, মাদকবিরোধী অবস্থান গ্রহণকারী ব্যক্তি ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সমাজে অপরাধীদের দৌরাত্ম্য আরও বাড়তে পারে। তাঁদের মতে, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে শক্তিশালী করতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ও কঠোর ভূমিকা পালন করতে হবে।

সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Manual1 Ad Code

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহল দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ