সিলেট ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | কুমিল্লা, ৩১ জুলাই ২০২৬ : ঐতিহ্যবাহী কুমিল্লা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে একাত্তর টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি এনামুল হক ফারুক সভাপতি এবং দৈনিক আজকের কুমিল্লা-এর সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে এটিএন নিউজের হুমায়ুন কবির জীবন সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শাহ আলমগীর খান। এ সময় নির্বাচন কমিশনার আবুল হাসনাত বাবুল ও বদরুল হুদা জেনু উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, প্রেসক্লাবের মোট ৭০ জন ভোটারের মধ্যে ৬৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের হার ছিল প্রায় ৯৬ শতাংশ, যা সদস্যদের ব্যাপক অংশগ্রহণেরই প্রতিফলন। প্রদত্ত ভোটের মধ্যে চারটি ভোট বাতিল ঘোষণা করা হয়।
নির্বাচনে মোট ১৭টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রিপন চন্দ্র দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ১৬টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ঘোষিত ফলাফলে সভাপতি পদে এনামুল হক ফারুক ২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে ইমতিয়াজ আহমেদ জিতু ৩৩ ভোট লাভ করে বিজয়ী হন। সাংগঠনিক সম্পাদক পদে সর্বোচ্চ ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হন হুমায়ুন কবির জীবন।
এ ছাড়া সহ-সভাপতি পদে মোহনা টেলিভিশনের তাওহীদ হোসেন মিঠু এবং দৈনিক ইনকিলাবের সাদিক হোসেন মামুন, সহ-সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) দেলোয়ার হোসাইন আকাইদ, অর্থ সম্পাদক পদে দৈনিক আমার দেশের শাহ আলম শফি, দফতর সম্পাদক পদে দৈনিক কুমিল্লার আলোর ওমর ফারুকী তাপস, পাঠাগার সম্পাদক পদে জি এম জামাল উদ্দিন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে সাপ্তাহিক মেঘগতির আসিফ হোসাইন মান্না এবং সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে দৈনিক প্রতিদিনের বাংলাদেশের দিলীপ মজুমদার নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের পাতার এইচ এম জাকারিয়া মানিক, যমুনা টেলিভিশনের রফিকুল ইসলাম খোকন চৌধুরী, ডেইলি নিউ এজের ইয়াসমিন রীমা, এখন টেলিভিশনের খালিদ সাইফুল্লাহ এবং বৈশাখী টেলিভিশনের মো. আনোয়ার হোসাইন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ প্রেসক্লাবের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা, সাংবাদিকদের কল্যাণ এবং প্রেসক্লাবকে আরও আধুনিক, কার্যকর ও প্রাণবন্ত প্রতিষ্ঠানে পরিণত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শুভেচ্ছা
এদিকে কুমিল্লা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা, ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা-এর বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক এবং বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান এক শুভেচ্ছাবার্তায় সভাপতি এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুসহ নবনির্বাচিত কমিটির সব সদস্যকে অভিনন্দন জানান।
তিনি বলেন, “কুমিল্লা প্রেসক্লাবের নতুন নেতৃত্ব বস্তুনিষ্ঠ, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশ, সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং গণমাধ্যমের মর্যাদা সমুন্নত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করি। সাংবাদিক সমাজের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নবনির্বাচিত কমিটি কার্যকর অবদান রাখবে।”
সাংবাদিক মহলের প্রত্যাশা, নবনির্বাচিত নেতৃত্ব কুমিল্লা প্রেসক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, কল্যাণ ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি