সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬ : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও আওয়ামীলীগ নেতা মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবির আইন ও গণমাধ্যম শাখার (মিডিয়া উইং) পরিচালক এবং মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকালে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এক বার্তায় জানিয়েছে, বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে এসআরবি-০১-এর একটি দল তাকে গ্রেপ্তার করে।
সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তরের কথা নিশ্চিত করেছেন ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ঢাকা–৬ আসনের সাবেক সংসদ সদস্য সাঈদ খোকন ডিএসসিসির প্রথম মেয়র ছিলেন। তিনি অবিভক্ত ঢাকা সিটির মেয়র মোহাম্মদ হানিফের ছেলে।
২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাঈদ খোকন, তাঁর মা শাহানা হানিফ, স্বজন ফারহানা সাঈদ ও জাবেদ আহমেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি তাঁদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
একইসঙ্গে সাঈদ খোকনের নামে থাকা গুলশানে একটি ১৪ তলা বাড়ি ও বনানীতে থাকা দুটি বাড়ি জব্দের আদেশ দিয়েছেন। এছাড়া সাঈদ খোকনের মা শাহানা হানিফের নামে বারিধারায় থাকা জমি ও বাড়ি জব্দ করা হয়েছে।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি