খুলনায় মাথায় ও বুকে গুলি করে আওয়ামী লীগ নেতা হালিমকে হত্যা

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৬

খুলনায় মাথায় ও বুকে গুলি করে আওয়ামী লীগ নেতা হালিমকে হত্যা

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | খুলনা, ২৫ নভেম্বর ২০২৬ : খুলনায় মো. হালিম (৪০) নামে আওয়ামী লীগের এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

Manual3 Ad Code

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন কল্পতরু মাঠের পাশে এ ঘটনা ঘটে।

এ হত্যাকাণ্ডসহ মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত প্রায় নয় ঘণ্টায় খুলনা মহানগরীর ছয়টি স্থানে গুলির ঘটনা ঘটেছে। এতে নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ, এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মাঠের পাশে হালিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনদের দাবি, হামলাকারীরা হালিমকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে চারটি তার মাথা ও বুকে লাগে। প্রথমে পেছন থেকে গুলি করার পর দুর্বৃত্তরা কাছে গিয়ে আবারও গুলি চালায় বলে জানান তারা।

নিহত হালিম দৌলতপুরের দেয়ানা উত্তরপাড়া কবরস্থানসংলগ্ন এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

তিনি স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। বর্তমানে তার মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

Manual5 Ad Code

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুরাদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। কারা এবং কী কারণে তাকে গুলি করেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঘটনার পর থেকে এসআরবি ইউনিটের এফএস সদস্যরা গোয়েন্দা তথ্য সংগ্রহ করছেন।
এর আগে মঙ্গলবার সকালে নগরীর সদর থানাধীন বেলায়েত হোসেন সড়কে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদের বাড়ির বিপরীত পাশের একটি গলিতে রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহসভাপতি সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় তিন থেকে চারজনের সঙ্গে সাঈদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধস্তাধস্তি শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় দুর্বৃত্তদের ছোড়া এক রাউন্ড গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি দরজায় লাগে। পরে হামলাকারীরা পালিয়ে যায়।

সদর থানার ওসি লোকমান হোসেন জানান, সাঈদ শিকদারকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়া হলেও সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। তিনি কেএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী আশিক গ্রুপের প্রধান আশিকের ভায়রা। তবে কারা এবং কী কারণে তাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে, তা জানা যায়নি।

একইদিন দুপুরে নগরীর লবণচরা থানাধীন মোহাম্মদিয়া এলাকায় টুটুল নামের এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। লবণচরা থানার ওসি সৈয়দ মোশাররফ হোসেন জানান, ঘটনার সময় টুটুল বাড়িতে ছিলেন না। এতে কেউ হতাহত হননি।

এদিকে চাঁদা দাবিতে হুমকির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপ ও নিরাপত্তার আশ্বাসে মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে নগরীর সোনাডাঙ্গার মজিদ সরণির দ্য পালংকি রেস্টুরেন্ট চালু হয়। তবে চালুর কয়েক ঘণ্টার মধ্যেই প্রতিষ্ঠানটি লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলিটি রেস্টুরেন্টের ওপরের সাইনবোর্ডে লাগে।

সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, বাইরে থেকে রেস্টুরেন্ট লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়া হয়। ঘটনার সময় ওই এলাকায় পুলিশের একটি দল টহলে ছিল।

Manual6 Ad Code

পরে রাত ৮টার দিকে নগরীর আড়ংঘাটা থানার শলুয়া বাজারে পান্ন খলিফার দোকান লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। ঘটনার সময় দোকানের ভেতরে ১০ থেকে ১২ জন ছিলেন। তাদের কয়েকজন ক্যারম খেলছিলেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

আড়ংঘাটা থানার ওসি মো. হালিমুর রহমান জানান, মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি দোকানের সামনে দাঁড়িয়ে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে রাত ৮টার পর নগরীর ফুলবাড়ীগেট এলাকায় সোনালী জুট মিলের সামনে গুলির শব্দ শোনার খবর পাওয়া যায়। তবে এ ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

খানজাহান আলী থানার ওসি মো. আবুল বাশার জানান, স্থানীয়দের কাছ থেকে গুলির শব্দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে সেখানে গুলির কোনো খোসা পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরও সন্ধান মেলেনি। স্থানীয় কেউ কেউ টায়ার ফাটার মতো শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। সেটি আসলে গুলির শব্দ ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনারের বদলির আদেশের দিনেই নগরীর বিভিন্ন স্থানে এসব গুলির ঘটনা ঘটল।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ