গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও কার্যত শক্তিশালী করার দাবি

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৬

গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও কার্যত শক্তিশালী করার দাবি

Manual3 Ad Code
  • দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৬ নভেম্বর ২০২৬ : ‘বছর পেরিয়ে আগামীর প্রত্যয়ে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুক্তচিন্তার দুরন্ত প্রকাশ দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, রাষ্ট্র ও সমাজের প্রতি গণমাধ্যমের দায়বদ্ধতা, প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা এবং জনস্বার্থ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) দুপুরে শ্রীমঙ্গল শহরের জেলা পরিষদ ডাকবাংলোর হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধি, জ্যেষ্ঠ সাংবাদিক এবং সুধীজন অংশ নেন। আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় শেষে কেক কাটার মধ্য দিয়ে পত্রিকাটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি তানভীর ইসলাম কাওসারের সভাপতিত্বে এবং দৈনিক কালের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি সাংবাদিক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান।

আগামীর প্রত্যয়ে মুক্তচিন্তার দূরন্ত প্রকাশ দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার নবযাত্রার দুইবছর পূর্তিতে এবং তৃতীয়বর্ষে পদার্পণ উপলক্ষে এর উত্তরোত্তর অগ্রগতি ও সফলতা কামনা করে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক, ইংরেজি দৈনিক দ্য ফিন্যান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক এবং বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

এ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সদস্যসচিব ও দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি রুবেল আহমেদ, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি কাজী গোলাম কিবরিয়া জুয়েল, দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি এম জামাল মিয়া, দৈনিক প্রথম আলো পত্রিকার প্রতিনিধি শিমুল তরফদার এবং জৈন্তা বার্তা পত্রিকার প্রতিনিধি রবি উদ্দিন।

প্রশাসন-সাংবাদিকতার সম্পর্ক সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার: ইউএনও জিয়াউর রহমান

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার একটি সুযোগ হিসেবে দেখছেন। প্রশাসনের দায়িত্ব পালনের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সব সময় সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ হয় না। তবে তিনি সব সময় সাংবাদিকদের সহযোগিতা করার চেষ্টা করেন এবং তাঁদের আবেগ ও অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকতে চান।

তিনি বলেন, “আমি এটা অপরচুনিটি হিসেবে দেখেছি, সাংবাদিকদের সঙ্গে একটা গেট টুগেদার হবে। সব সময় সবার সঙ্গে ক্লোজলি কাজ করা হয় না। তবে চেষ্টা করি নির্মোহ থাকতে, সবাইকে সহযোগিতা করতে। চেষ্টা করি আপনাদের ইমোশনটাকে শ্রদ্ধা করতে। চেষ্টা করি আমার দ্বারা যাতে কারও ক্ষতি না হয়।”

নিজের দায়িত্ব পালনের সীমাবদ্ধতা ও মানবিক ভুলের বিষয়টি উল্লেখ করে ইউএনও বলেন, ব্যক্তিগতভাবে কেউই ভুলত্রুটির ঊর্ধ্বে নন। তবে গণমাধ্যমের লেখনী অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ পরিবর্তন ও ইতিবাচক উদ্যোগের পথ তৈরি করে। সাংবাদিকদের সংবাদ ও মতামতকে তিনি প্রশাসনের কাজের সহায়ক শক্তি হিসেবে বিবেচনা করেন।

Manual5 Ad Code

তাঁর ভাষায়, “ব্যক্তিগতভাবে আমরা কেউই ভুলত্রুটির ঊর্ধ্বে না। তবে অনেকের লেখনীতে কাজ হয়। আপনাদের লেখাটাকে আমাদের শক্তি হিসেবে দেখি।”

সাংবাদিকদের কাছ থেকে এ পর্যন্ত পাওয়া সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে তিনি আরও বলেন, গণমাধ্যমের প্রতিনিধিরা তাঁকে দায়িত্ব পালনে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছেন। এ জন্য তিনি তাঁদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইউএনওর বক্তব্যে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধা এবং সহযোগিতার সম্পর্কের বিষয়টি বিশেষভাবে উঠে আসে। তাঁর বক্তব্যে প্রতিফলিত হয়, প্রশাসনের কর্মকাণ্ডকে জনসমক্ষে তুলে ধরার পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতা প্রশাসনের ইতিবাচক উদ্যোগ, সীমাবদ্ধতা ও জনসম্পৃক্ত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে: সৈয়দ আমিরুজ্জামান

দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে পত্রিকাটির উত্তরোত্তর অগ্রগতি ও সাফল্য কামনা করে মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান তাঁর বক্তব্যে গণমাধ্যমের সাংবিধানিক অবস্থান, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় এর অপরিহার্যতা এবং জনস্বার্থ রক্ষায় সাংবাদিকদের দায়িত্ব ও পেশাগত সততার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হলেও বাস্তবে এ ধারণা অনেক সময় কথার কথা হিসেবেই ব্যবহৃত হয়। গণমাধ্যমের এই গুরুত্বপূর্ণ অবস্থানকে কেবল প্রচলিত বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাংবিধানিক ও আইনি স্বীকৃতির মাধ্যমে বাস্তব রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, “গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। যদিও এ বক্তব্য একটা কথার কথা হিসেবেই বলা হয়ে থাকে। কিন্তু তা বাস্তবেই সাংবিধানিক ও আইনি রূপান্তর দেখতে চাই। তা কীভাবে করবেন, সংশ্লিষ্টরা ভেবে দেখবেন।”

রাষ্ট্রের প্রচলিত তিনটি স্তম্ভ—আইনসভা, বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পাশাপাশি গণমাধ্যমের গুরুত্ব ও অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের পূর্ণতা অর্জনের জন্য জনস্বার্থ অভিমুখী মুক্ত গণমাধ্যম অপরিহার্য। সরকার ও প্রশাসনের বিভিন্ন অসংগতি, অনিয়ম ও সীমাবদ্ধতা জনসমক্ষে তুলে ধরার পাশাপাশি জনগণের অধিকার ও ন্যায্য দাবির পক্ষে গণমাধ্যমকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হয়।

Manual3 Ad Code

কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, গণমাধ্যম কেবল সংবাদ পরিবেশনের মাধ্যম নয়; এটি জনগণের সংগ্রামের সহযোদ্ধা, নীতি-আদর্শের যৌথ প্রচারক, জনস্বার্থের রক্ষক এবং রাষ্ট্রের পাহারাদার। সরকার, প্রশাসন ও জনগণ যাতে সঠিক পথে পরিচালিত হতে পারে, সে ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাঁর বক্তব্যে উঠে আসে গণমাধ্যমের প্রকৃত অবস্থান ও দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ দিক। তিনি বলেন, গণমাধ্যম সরকার, প্রশাসন কিংবা জনগণের প্রতিপক্ষ নয়। তবে জনস্বার্থে সরকারের নীতি, প্রশাসনের কার্যক্রম এবং রাষ্ট্রীয় কর্মকাণ্ডের ওপর নজরদারি করা গণমাধ্যমের অন্যতম দায়িত্ব। এ নজরদারি কোনো বিরোধিতার জন্য নয়; বরং রাষ্ট্র ও সমাজকে সঠিক পথে পরিচালিত করতে এবং জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠায় সহায়তা করার জন্য।

তিনি আরও বলেন, “আসলে গণমাধ্যম হচ্ছে জনগণের সংগ্রামের সহযোদ্ধা, নীতি-আদর্শের যৌথ প্রচারক ও যৌথ আন্দোলনকারী, জনস্বার্থ ও রাষ্ট্রের পাহারাদার। গণমাধ্যমই সঠিক পথ বাতলে দেয়, যাতে সরকার, প্রশাসন ও জনগণ সঠিক পথে পরিচালিত হতে পারে। গণমাধ্যম সরকার, প্রশাসন ও জনগণের প্রতিপক্ষ নয়; তবে জনস্বার্থে নজরদারি করবে। কাজেই বলিষ্ঠ ও শক্তিশালী গণমাধ্যম ছাড়া জনস্বার্থের রাষ্ট্রব্যবস্থা শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে না।”

রাষ্ট্রের ভারসাম্য রক্ষা এবং গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, রাষ্ট্রের অন্য তিনটি স্তম্ভ দুর্বল হয়ে পড়লেও গণমাধ্যমের অবস্থান শক্তিশালী থাকলে রাষ্ট্রকে গণমুখী রাখার সুযোগ থাকে। বিপরীতে গণমাধ্যম নিজেই দুর্বল ও নড়বড়ে হয়ে পড়লে রাষ্ট্রব্যবস্থা জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়। এর ফলে রাষ্ট্রও বিপদগ্রস্ত হয়ে পড়ে।

তাঁর মতে, একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করা, জনগণের অধিকার ও স্বার্থের পক্ষে জনমত তৈরি এবং অনিয়ম-অসংগতি তুলে ধরার মাধ্যমে গণমাধ্যম রাষ্ট্রের গণতান্ত্রিক ভিত্তিকে সুদৃঢ় করতে পারে।

সততা ও পেশাদারিত্বই সাংবাদিকতার মূল ভিত্তি

সাংবাদিকতার পেশাগত ঝুঁকি, প্রতিকূলতা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেন কমরেড সৈয়দ আমিরুজ্জামান। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রের নানা বাস্তবতায় সাংবাদিকতায় ঝুঁকি থাকবেই। কিন্তু সজাগ, সচেতন, সৎ ও নিষ্ঠাবান সাংবাদিকরা তাঁদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করলে সাংবাদিকতার মর্যাদা ও গ্রহণযোগ্যতা অক্ষুণ্ন থাকবে।

তিনি মনে করেন, সাংবাদিকতার অভিধান থেকে সততা ও পেশাদারিত্ব কখনো বিলীন হওয়া উচিত নয়। অসৎ সাংবাদিকতা, অপসাংবাদিকতা কিংবা হলুদ সাংবাদিকতার কোনো স্থান পেশাদার সাংবাদিকতায় থাকতে পারে না।

Manual6 Ad Code

তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে খুব আশাবাদী মানুষ। আঁধার কেটে নিশ্চয়ই আলো আসবে। কিন্তু সেটা কি প্রকৃতির নিয়মে হবে? কাউকে না কাউকে ভূমিকা পালন করতে হয়।”

সাংবাদিকতার পেশাগত নীতি ও আদর্শের বিষয়ে তিনি আরও বলেন, “সাংবাদিকতায় ঝুঁকি থাকবেই। সজাগ ও সচেতন থাকলে সৎ ও নিষ্ঠাবান সাংবাদিকরা হারিয়ে যাবেন না। সাংবাদিকতার ডিকশনারি থেকে সততা ও পেশাদারিত্ব শব্দ দুটি কখনই বিলীন হবে না। সেখানে অসৎ আর হলুদ সাংবাদিকতার স্থান নেই।”

তাঁর বক্তব্যে সাংবাদিকতার স্বাধীনতার পাশাপাশি পেশাগত নৈতিকতা, বস্তুনিষ্ঠতা, দায়িত্বশীলতা ও জনস্বার্থের প্রতি অঙ্গীকারের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। একই সঙ্গে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, নতুন প্রজন্মের সাংবাদিকরা পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলা করে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতার ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবেন।

দৈনিক রূপালী বাংলাদেশ

দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শ্রীমঙ্গলে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

সাংবাদিকতা ও প্রশাসনের পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা

অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও দৈনিক রূপালী বাংলাদেশের দুই বছরের পথচলার প্রশংসা করেন এবং পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন। তাঁরা বলেন, সংবাদমাধ্যমের দায়িত্ব শুধু তথ্য প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; সমাজের সমস্যা, সম্ভাবনা, জনদুর্ভোগ, উন্নয়ন কর্মকাণ্ড এবং মানুষের অধিকার-অভিযোগ তুলে ধরার মধ্য দিয়েই গণমাধ্যম তার প্রকৃত দায়িত্ব পালন করে।

বক্তারা দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত সম্মান এবং তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আতাউর রহমান কাজল, দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি মো. এহসানুল হক, গণমাধ্যমকর্মী বাপ্পি দে, রাজেশ ভৌমিক, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার মাল্টিমিডিয়া প্রতিনিধি ও চায়ের জনপদ পত্রিকার প্রতিনিধি মো. আলামিনসহ শ্রীমঙ্গলে কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধিরা।

শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা শেষে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় উপস্থিত সবাই দৈনিক রূপালী বাংলাদেশের আগামী দিনের পথচলা আরও সমৃদ্ধ, বস্তুনিষ্ঠ ও জনমুখী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

Manual7 Ad Code

দুই বছরের পথচলা পেরিয়ে তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান শুধু একটি সংবাদপত্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি; বরং গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত মর্যাদা, প্রশাসনিক জবাবদিহি এবং জনস্বার্থে সাংবাদিকতার ভূমিকা নিয়ে পারস্পরিক মতবিনিময়ের একটি তাৎপর্যপূর্ণ উপলক্ষ হয়ে ওঠে।

এ সংক্রান্ত আরও সংবাদ