হাওর-নদী ও পরিবেশ রক্ষায় মৌলভীবাজারে জেলা সম্মেলন শনিবার

প্রকাশিত: ১০:৪২ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০২৬

হাওর-নদী ও পরিবেশ রক্ষায় মৌলভীবাজারে জেলা সম্মেলন শনিবার

Manual3 Ad Code
  • কাউয়াদিঘী ও হাইল হাওরের মধ্যবর্তী কৃষিজমিতে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা পুনর্বিবেচনার দাবি;
  • বিকল্প স্থান নির্ধারণের আহ্বান কমরেড সৈয়দ আমিরুজ্জামানের

নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ২৭ নভেম্বর ২০২৬ : হাওর, নদী, জলাভূমি, কৃষিজমি ও জীববৈচিত্র্য রক্ষার দাবিতে মৌলভীবাজারে শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে হাওর রক্ষা আন্দোলনের প্রথম জেলা সম্মেলন।
‘হাওর-নদী-পরিবেশ, রক্ষা করো বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ সম্মেলনে জেলার হাওর ও জলাভূমি সংরক্ষণ, কৃষিজমি রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প স্থান নির্বাচনের দাবি গুরুত্ব পাবে।

শনিবার সকাল ১১টায় মৌলভীবাজার শহরের এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন থেকে কাউয়াদিঘী ও হাইল হাওরের মধ্যবর্তী এলাকায় কৃষিজমি ও জলাভূমির শ্রেণি পরিবর্তন করে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা পুনর্বিবেচনার দাবি জানানো হবে। একই সঙ্গে হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন মেনে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিকল্প ভূমি নির্ধারণের আহ্বান জানাবেন পরিবেশ, কৃষি, পানি ও জীববৈচিত্র্যবিষয়ক বিশেষজ্ঞ এবং আন্দোলনকর্মীরা।

হাওর রক্ষা আন্দোলন, মৌলভীবাজারের এ সম্মেলন সফল করার আহ্বান জানিয়েছেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান। তিনি হাওর-নদী-জলাভূমি, কৃষিজমি ও সামগ্রিক পরিবেশ রক্ষায় সর্বস্তরের মানুষকে সম্মেলনে অংশগ্রহণ এবং পরিবেশ সুরক্ষার আন্দোলনকে জোরদার করার আহ্বান জানিয়েছেন।

আয়োজকদের বক্তব্য, নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন সময়ের দাবি। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতে সৌরবিদ্যুতের মতো পরিচ্ছন্ন জ্বালানির বিকল্প নেই। তবে বিদ্যুৎ উৎপাদনের নামে কৃষিজমি, প্রাকৃতিক জলাভূমি, হাওর ও জীববৈচিত্র্য ধ্বংস করে প্রকল্প বাস্তবায়ন কোনোভাবেই পরিবেশবান্ধব উন্নয়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে না। তাই সৌরবিদ্যুৎ উৎপাদনের বিরোধিতা নয়, বরং প্রকল্পের জন্য পরিবেশ ও কৃষির ক্ষতি কম হয়—এমন উপযুক্ত বিকল্প ভূমি নির্বাচনের দাবি জানাচ্ছে সংগঠনটি।

হাওরাঞ্চলে সৌরবিদ্যুৎ প্রকল্প নিয়ে উদ্বেগ

হাওর রক্ষা আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৌলভীবাজারের প্রাকৃতিক বৈশিষ্ট্য ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় হাওর, নদী, পাহাড়, টিলা, চা-বাগান, পাহাড়ি ছড়া, খাল-বিল এবং বনাঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জেলার উজান অঞ্চলের পাহাড়-জঙ্গল ও চা-বাগান যেমন প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে, তেমনি ভাটি অঞ্চলের ছোট-বড় হাওরগুলো পানি ধারণ, কৃষি উৎপাদন, মৎস্যসম্পদ, জলজ উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকার অন্যতম প্রধান ভিত্তি।

সংগঠনটির দাবি, ইতোমধ্যে হাকালুকি, কাউয়াদিঘী ও হাইল হাওরসহ জেলার বিভিন্ন হাওরাঞ্চলে সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য প্রায় দুই হাজার একরের বেশি জমি কেনা হয়েছে। এসব জমির প্রকৃতি, ভূমির শ্রেণি, জলাভূমির সঙ্গে সংযোগ এবং প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য পরিবেশগত প্রভাব নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।

Manual8 Ad Code

আন্দোলনকারীদের আশঙ্কা, হাওরের কৃষিজমি ও জলাভূমি ভরাট, ভূমির শ্রেণি পরিবর্তন কিংবা প্রাকৃতিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে এর নেতিবাচক প্রভাব পড়বে কৃষি, মৎস্যসম্পদ, জীববৈচিত্র্য ও স্থানীয় জনগোষ্ঠীর ওপর। বিশেষ করে হাওরাঞ্চলের স্বাভাবিক পানি ধারণ ও নিষ্কাশনব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে কৃষি ও মৎস্য উৎপাদনে সংকট দেখা দিতে পারে।

তাদের মতে, হাওর ও জলাভূমি কেবল কোনো নির্দিষ্ট এলাকার জমি নয়; এগুলো দেশের পরিবেশগত নিরাপত্তা, খাদ্য উৎপাদন, পানিসম্পদ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলার গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। তাই এসব এলাকার ভূমি ব্যবহারের পরিবর্তন করতে হলে পরিবেশগত প্রভাব, কৃষি উৎপাদন, পানি প্রবাহ এবং জীববৈচিত্র্যের বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

বিকল্প ভূমি ব্যবহারের প্রস্তাব

সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য বিকল্প ভূমি ব্যবহারের একটি প্রস্তাবও তুলে ধরেছে হাওর রক্ষা আন্দোলন। সংগঠনটির প্রাথমিক হিসাব অনুযায়ী, মৌলভীবাজার জেলায় ৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রায় পাঁচ হাজার একর খোলা ভূমির প্রয়োজন হতে পারে।

এ অবস্থায় হাওরের কৃষিজমি ও জলাভূমির পরিবর্তে মনু সেচ প্রকল্পের অব্যবহৃত বা উপযুক্ত ভূমি ব্যবহারের সম্ভাবনা যাচাইয়ের আহ্বান জানিয়েছে সংগঠনটি। তাদের প্রস্তাব অনুযায়ী, মনু সেচ প্রকল্পের সূর্যমুখী বাঁধের হাওরের দিকের প্রায় ৬৪ কিলোমিটার দীর্ঘ অংশ এবং প্রকল্পের প্রধান দুটি ক্যানেল ও সাব-ক্যানেলের মধ্যবর্তী প্রায় ১০৫ কিলোমিটার দৈর্ঘ্যের ব্যবহারযোগ্য ভূমি সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য বিবেচনা করা যেতে পারে।

আন্দোলনকারীদের মতে, এসব জায়গার কারিগরি, পরিবেশগত ও অর্থনৈতিক সম্ভাব্যতা যথাযথভাবে যাচাই করা হলে হাওরের কৃষিজমি ও জলাভূমির ওপর চাপ কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সুযোগ তৈরি হতে পারে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, পানি উন্নয়ন কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর এবং প্রকৌশলীদের সমন্বয়ে বিস্তারিত সমীক্ষা প্রয়োজন।

তারা মনে করেন, উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে পরস্পরের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর সুযোগ নেই। বরং সঠিক পরিকল্পনা, বিজ্ঞানভিত্তিক ভূমি নির্বাচন এবং স্থানীয় জনগণের মতামত গ্রহণের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ—দুই লক্ষ্যই অর্জন করা সম্ভব।

আইন ও পরিবেশগত মূল্যায়নের প্রশ্ন

হাওর রক্ষা আন্দোলনের অন্যতম প্রধান উদ্বেগ হলো হাওর ও জলাভূমি সংরক্ষণসংক্রান্ত আইন ও নীতিমালার যথাযথ বাস্তবায়ন। সংগঠনটি বলছে, বিকল্প জায়গা থাকার সম্ভাবনা বিবেচনা না করে কৃষিজমি ও জলাভূমির শ্রেণি পরিবর্তন করে বড় প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলে তা দীর্ঘমেয়াদে পরিবেশ ও খাদ্যনিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

Manual4 Ad Code

এ কারণে প্রকল্পের অনুমোদন, জমির শ্রেণি পরিবর্তন, পরিবেশগত প্রভাব সমীক্ষা, পানি প্রবাহের ওপর প্রভাব এবং স্থানীয় জনগণের স্বার্থ—সব বিষয় স্বচ্ছতার সঙ্গে পর্যালোচনার দাবি জানানো হচ্ছে।

আন্দোলনকারীরা বলছেন, কোনো প্রকল্প বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট এলাকার পরিবেশগত সংবেদনশীলতা, কৃষিজমির গুরুত্ব, জলাভূমির কার্যকারিতা, জীববৈচিত্র্য এবং স্থানীয় মানুষের জীবন-জীবিকার ওপর সম্ভাব্য প্রভাব নিরূপণ করা জরুরি। একই সঙ্গে প্রকল্পের বিকল্প স্থান ও প্রযুক্তিগত সম্ভাবনা যাচাই করতে হবে।

সম্মেলনে থাকছেন বিশিষ্ট বিজ্ঞানী, গবেষক ও পরিবেশবিদ

হাওর রক্ষা আন্দোলন, মৌলভীবাজারের আহ্বায়ক আসম ছালেহ সোহেলের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিজ্ঞানী ড. আবেদ চৌধুরীর। তিনি সংগঠনটির প্রধান উপদেষ্টা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উবিনীগের নির্বাহী পরিচালক এবং সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (সচিব) সি এম ইউসুফ।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল; হাওর গবেষণা বিশেষজ্ঞ ও আকুয়াটিক রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ড; ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. রুহিনী কামাল; প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. সেলিম তালুকদার; বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), সিলেটের বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা আখতার; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কাশেম; রিভারাইন পিপলের মহাসচিব শেখ রোকন; মৌলভীবাজার মহিলা সমিতির সভাপতি ডা. দিলশাদ পারভীন চৌধুরী; মৌলভীবাজারের অ্যাডভোকেট ও জিপি মামুনুর রশীদ মামুন এবং হাওর কালচার স্টাডি অ্যান্ড রিসার্চ একাডেমির চেয়ারম্যান সজল কান্তি সরকার।

এ ছাড়া কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার হাওর আন্দোলনের নেতৃবৃন্দের অংশগ্রহণের কথা রয়েছে।

Manual8 Ad Code

১২ দফা দাবি নিয়ে বৃহত্তর আন্দোলনের উদ্যোগ

আয়োজক সূত্রে জানা গেছে, সম্মেলনের অন্যতম লক্ষ্য হচ্ছে হাওর রক্ষা আন্দোলনের ১২ দফা দাবি জনসমক্ষে তুলে ধরা এবং হাওর-নদী-জলাভূমি সংরক্ষণে জাতীয় পর্যায়ে জনমত গড়ে তোলা। একই সঙ্গে বিভিন্ন জেলার হাওর আন্দোলনের সংগঠক, পরিবেশকর্মী, গবেষক, কৃষক, মৎস্যজীবী, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী ও সচেতন নাগরিকদের মধ্যে সমন্বয় জোরদার করা হবে।

আয়োজকদের প্রত্যাশা, এ সম্মেলনের মধ্য দিয়ে মৌলভীবাজারের হাওর ও জলাভূমি রক্ষার আন্দোলন আরও সংগঠিত হবে এবং পরিবেশবান্ধব উন্নয়ন পরিকল্পনা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর জনদাবি জোরালো হবে।

হাওর রক্ষা আন্দোলনের সদস্যসচিব এম. খছরু চৌধুরী জানান, সংগঠনটির প্রথম জেলা সম্মেলন উপলক্ষে সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, মৌলভীবাজারের প্রাকৃতিক সম্পদ, কৃষি, জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকা রক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

আয়োজকদের বক্তব্য, হাওর রক্ষা মানে শুধু একটি জলাভূমি রক্ষা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে কৃষকের ফসল, জেলের জীবিকা, স্থানীয় মানুষের খাদ্যনিরাপত্তা, পানির স্বাভাবিক প্রবাহ, জলবায়ু সহনশীলতা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার প্রশ্ন।

তাদের প্রত্যাশা, শনিবারের জেলা সম্মেলন থেকে হাওর ও জলাভূমি সংরক্ষণ এবং পরিবেশসম্মত নবায়নযোগ্য জ্বালানি পরিকল্পনা গ্রহণের পক্ষে একটি শক্তিশালী সামাজিক ও নাগরিক অবস্থান তৈরি হবে।

আয়োজক: Wetlands Resilience Initiatives (WRI) ও হাওর রক্ষা আন্দোলন, মৌলভীবাজার।

সম্মেলনের স্থান: এম. সাইফুর রহমান অডিটোরিয়াম, মৌলভীবাজার।

সময়: ২৮ নভেম্বর ২০২৬, শনিবার, সকাল ১১টা।

স্লোগান: ‘হাওর-নদী-পরিবেশ, রক্ষা করো বাংলাদেশ।’

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ