সিলেট ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, জুন ২২, ২০২১
বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২২ জুন ২০২১ : বাংলাদেশের প্রকাশনা জগতের পথিকৃৎ, ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন আহমেদ আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার (২১ জুন ২০২১) দিবাগত রাত একটায় তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
মহিউদ্দিন আহমেদের মেয়ে ও ইউপিএলের পরিচালক মাহরুখ মহিউদ্দিন ফেসবুকে এ তথ্য জানিয়েছেন। তার নামাজে জানাজা মঙ্গলবার (২২ জুন) বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। মহিউদ্দিন আহমেদ প্রায় ২০ বছর ধরে মস্তিষ্কের রোগ পারকিনসন এ ভুগছিলেন। কিছুদিন আগে তিনি করোনাভাইরাস থেকে সেরে ওঠেন।
মাহরুখ মহিউদ্দিন ফেসবুকে লিখেছেন, তাঁর পরকালের পথচলা হোক ভালোবাসা, শান্তি ও বন্ধুত্বপূর্ণ। আমরা তারপক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করি যদি তিনি কখনও কাউকে কষ্ট দিয়ে থাকেন। তাকে ছাড়া আমাদের জীবন আগের মতো থাকবে না।
মহিউদ্দিন আহমেদ ১৯৪৪ সালে ফেনীর পরশুরামে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান পোস্টাল সার্ভিসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। নটরডেম কলেজে ছাত্র থাকা অবস্থায় তিনি ‘ব্লু অ্যান্ড গোল্ড’ নামক কলেজ ম্যাগাজিনের ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় পড়ালেখা শেষ করেন। পরে পাকিস্তান কাউন্সিল স্কলারশিপ নিয়ে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে একই বিষয়ে পড়াশোনা করেন। তিনি পাকিস্তান টাইমসে শিক্ষানবিশ সাংবাদিক হিসেবেও কাজ করেন।
১৯৭৫ সালে ‘ইউনিভার্সিটি প্রেস লিমিটেড’ নামে নিজের প্রকাশনা সংস্থা চালু করেন তিনি। ইউপিএল প্রধানত পাঠ্যবই ও রেফারেন্সের জন্য প্রয়োজনীয় বই প্রকাশ করে থাকে। ২০১২ সালে মহিউদ্দিন আহমেদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রকাশ করেন। ১৯৬৬-৬৯ সময়কালে কারাগারে বন্দিদশায় বঙ্গবন্ধু দিনলিপি আকারে এই আত্মজীবনী লিখেছিলেন। বাংলা ভাষার পাশাপাশি বইটি ইংরেজি ও উর্দুসহ একাধিক ভাষায় প্রকাশ করার ব্যবস্থাও করেন তিনি ।
ওয়ার্কার্স পার্টির শোক
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি বাংলাদেশের প্রকাশনা জগতের পথিকৃৎ, ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও মহীরুহ মহিউদ্দিন আহমেদ-এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বলেন, তিনি আন্তর্জাতিক মান সম্পন্ন গবেষণার ক্ষেত্রকে প্রতিষ্ঠিত করার একজন নিবেদিত মানুষ ছিলেন। বাংলাদেশে গবেষণা-ভিত্তিক ইংরেজি বইয়ের প্রকাশনার ধারা তিনি প্রতিষ্ঠা করেছেন। এদেশে বাংলাদেশ বিষয়ে যে সব কাজ হচ্ছে তার সঙ্গে বিশ্বকে পরিচয় করিয়ে দেয়া, একই সঙ্গে সারা পৃথিবীতে বাংলাদেশ বিষয়ে যে সব গবেষণা হচ্ছে তাঁকে বাংলাদেশের পাঠকের হাতে তুলে দেয়া-এটাই তিনি করেছেন সারা জীবন ধরে। এক বাক্যে যত সহজে তা লেখা যায় সেই কাজ করা যে কতটা কঠিন সেটা কেবল তাঁর কাজের প্রভাব থেকেই উপলব্ধি করা সম্ভব। তাঁর মৃত্যুতে এদেশের প্রকাশনা জগতের ক্ষেত্রে বড় ধরনের শূন্যতা সৃষ্টি হবে। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছেন। প্রকাশনা জগতের কিংবদন্তি ও ইউপিএল-এর ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান। তাঁর আরও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক তাপস ঘোষ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দীন এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক রোহেল আহমদ, বাংলাদেশ যুবমৈত্রীর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি জামাল মুশরাফিয়া ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অজিত বোনার্জি।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি