সিলেট ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২২
নিজস্ব প্রতিবেদক | কাঠমান্ডু (নেপাল), ২৬ ডিসেম্বর ২০২২ : টানা তৃতীয়বারের মতো নেপালের প্রধানমন্ত্রীর চেয়ারে বসলেন দেশটির সিপিএন-মাওবাদী সেন্টারের চেয়ারম্যান পুষ্প কমল দহল ওরফে প্রচণ্ড।
রবিবার তাঁকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি। প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, নেপালের সংবিধানের ৭৬ অনুচ্ছেদের ২ নম্বর ধারা অনুযায়ী পুষ্প কমল দহলকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন প্রেসিডেন্ট।
এর আগে, নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি দেশটির প্রতিনিধি পরিষদের সব সদস্যকে ডেকে সরকার গঠনে শনিবার পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন। সেই সময় তিনি সংবিধানের ৭৬ অনুচ্ছেদের ২ ধারা অনুযায়ী দুই বা ততোধিক দলের সমর্থন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী যে কেউ প্রধানমন্ত্রীর পদের জন্য মনোনয়ন জমা দিতে পারবেন বলে জানিয়ে দেন।
রবিবার বিকাল ৫টা পর্যন্ত প্রেসিডেন্টের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই ৬৮ বছর বয়সী প্রচণ্ড বিরোধীদের সঙ্গে জোট গড়ে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর মনোনয়নপত্র জমা দেন।
দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, সোমবার বিকাল ৪টায় নবনিযুক্ত প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান হবে।
উল্লেখ্য, নেপালে গত মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে দেশটির কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয়। পরে বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে জোট সরকার গঠনের তোড়জোড় শুরু করেন পুষ্প কমল দহল।
দেশটির ২৭৫ আসনের প্রতিনিধি পরিষদে প্রচণ্ডের পক্ষে ১৬৫ জন আইনপ্রণেতার সমর্থন রয়েছে। যার মধ্যে সিপিএন-ইউএমএলের ৭৮ জন সিপিএন-এমসির ৩২, আরএসপির ২০, আরপিপির ১৪, জেএসপির ১২ জনমত পার্টির ৬ এবং নাগরিক উনমুক্তি পার্টির ৩ জন আইনপ্রণেতা রয়েছেন।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি