শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা, অপেক্ষা ভোটের

প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৪

শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা, অপেক্ষা ভোটের

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৫ জানুয়ারি ২০২৪ : আজ শুক্রবার সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। এখন অপেক্ষা ভোটগ্রহনের। কোনো প্রার্থী আর জনসভা, পথসভা, মিছিল বা শোভাযাত্রা করতে পারবেন না। তবে নির্বাচনি প্রস্তুতিমূলক কার্যক্রম চালাতে পারবেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) শরীফুল আলম জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ (আরপিও) এর ৭৮ ধারায় নির্বাচনে প্রচারের সময়সীমা সম্পর্কে বলা হয়েছে, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা এবং ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত নির্বাচনী এলাকায় জনসভা আহ্বান, অন্য কারও জনসভায় অংশ নেয়া যাবে না। এমনকি মিছিল, শোভাযাত্রা বা এ ধরনের কর্মসূচি আয়োজন বা অংশগ্রহণ কোনোটিই করা যাবে না।

তিনি জানান, ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। তার আগের ৪৮ ঘণ্টা হিসাবে শুক্রবার সকাল ৮টা থেকে সব ধরনের প্রচার বন্ধ হয়ে যায়। এখন আর ভোট চেয়ে মাইকিংও করা যাবে না।

এদিকে প্রচারের শেষদিকে বৃহস্পতিবার দিনভর ব্যস্ত সময় পার করেছেন প্রার্থী ও তাদের নেতাকর্মীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছেন। এদিকে, নওগাঁ-২ আসনে একজন প্রার্থী মারা যাওয়ায় ওই আসনের ভোট বাতিল করেছে ইসি। ফলে দেশের ২৯৯ আসনে ভোটগ্রহণ করা হবে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২৯৯ আসনে ১ হাজার ৯৭০ প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় আছেন এবং তারা নিজ নিজ প্রতীক নিয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

২৮টি রাজনৈতিক দলের হয়ে লড়াই করছেন ১ হাজার ৫৩৪ প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন ৪৩৬ জন।

ইতিমধ্যেই ভোটের দিন উপলক্ষে ওইদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে শুক্র ও শনিবারও ব্যাংক খোলা রাখার প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

রাজনৈতিক দলগুলোর প্রার্থী তালিকায় দেখা যায়, মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে হাতুড়ি প্রতীকের প্রার্থী কমরেড তাপস কুমার ঘোষ সহ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ২৬ জন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী ২৬৬ জন, জাতীয় পার্টির ২৬৫, তৃণমূল বিএনপির প্রার্থী ১৩৫ জন, ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন, বাংলাদেশ কংগ্রেসের ৯৬ জন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের ৩৯ জন, ইসলামী ঐক্যজোট ৪২ জন, কৃষক শ্রমিক জনতা-লীগের ৩০ জন, গণফোরাম নয়জন, গণ-ফ্রন্ট ২১ জন, জাকের পার্টির ২১ জন, জাতীয় পার্টির (জেপি) ১৩ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ৬৬ জন, বিকল্পধারা বাংলাদেশের দশজন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৩৫ জন, বাংলাদেশ কল্যাণ পার্টির ১৬জন, বাংলাদেশ খেলাফত আন্দোলন ১১জন, বাংলাদেশ জাতীয় পার্টির পাঁচজন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন ৫৬ জন, বাংলাদেশ তরিকত ফেডারেশন ৩৮ জন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) পাঁচজন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের ৪৫ জন, বাংলাদেশ মুসলিম-লীগ চারজন, বাংলাদেশ সুপ্রিম পার্টির ৭৯ জন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ৬৩ জন, বাংলাদেশের সাম্যবাদী দল (মার্কসবাদী-লেনিনবাদী) চারজন, গণতন্ত্রী পার্টির দশজন।

Manual6 Ad Code

এবারের নির্বাচনে নারী প্রার্থী হিসেবে রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯০ জন প্রার্থী। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ থেকে ১৮ জন, জাতীয় পার্টি থেকে ৭ জন। এছাড়া স্বতন্ত্র নারী প্রার্থী হিসেবে ২৩ জন। আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অন্যান্য মিলে ৭৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২৯৯ সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি। এসব কেন্দ্রে ভোটকক্ষ থাকবে ২ লাখ ৬১ হাজার ৯১২টি। এবারের নির্বাচনে সারাদেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন, নারী ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের প্রচারণা চলবে আগামী ৫ জানুয়ারি। একদিন বিরতি দিয়ে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ আনুষ্ঠিত হবে।

Manual5 Ad Code

মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত হাতুড়ি প্রতীকের প্রার্থী কমরেড তাপস কুমার ঘোষ সদর ও রাজনগর উপজেলাসহ মৌলভীবাজার শহরে ব্যাপক গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা করেছেন।
তিনি দলীয় সিনিয়র নেতা-কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে রাজনগর ও মৌলভীবাজার সদর উপজেলার ২০টি ইউনিয়নের হাট-বাজার-গ্রামেগঞ্জে মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোডসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা এবং কুশল বিনিময় করে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় সাম্রাজ্যবাদবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে দেশজুড়ে চলমান উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে হাতুড়ি প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এসময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কমরেড সৈয়দ আমিরুজ্জামান, পার্টির জেলা শাখার সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কমরেড নজরুল ইসলাম, আবদুল আউয়াল, মো. ফয়েজ, শেখ মো. আবুসাঈদ, রিপন মালাকার, শুভ রঞ্জন চৌধুরী, ফজল মিয়া, ওয়ার্কার্স পার্টি এবং জাতীয় কৃষক সমিতি সহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Manual6 Ad Code

ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “নতুন এক অভিজ্ঞতা ও বাস্তবতা বিবেচনায় নিয়ে কর্মসংস্থানের নিশ্চয়তা, উন্নয়ন সমৃদ্ধি অগ্রযাত্রার স্বল্প ও দীর্ঘ মেয়াদি আর্থসামাজিক টেকসই কর্মসূচি প্রণয়ন ও দ্রুত বাস্তবায়নের রোডম্যাপসহ বৈষম্যহীন ব্যবস্থা প্রবর্তনের জন্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও আন্দোলন-সংগ্রামের নতুন এক দায় নিয়ে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে প্রার্থী দিয়েছে।” এ সময় তিনি সবার সর্বাত্মক সহযোগিতা, দোয়া-আশীর্বাদ ও আসন্ন নির্বাচনে হাতুড়ি মার্কায় সর্বস্তরের জনগণের ভোট প্রার্থনা করেন।

নির্বাচন প্রসঙ্গে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত হাতুড়ি প্রতীকের প্রার্থী কমরেড তাপস কুমার ঘোষ বলেন, “মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলাবাসীর চাহিদা পূরণে সব কাজই করা হবে। এই দুই উপজেলাবাসীই আমার কাজের মূল প্রেরণা। আমি তাদের এ প্রেরণাকে সামনে রেখে এগিয়ে যেতে চাই।”

তিনি বলেন, “বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীরা সারাজীবন দেশ ও দেশের মানুষের জন্য রাজনীতি করেছেন। আমি এ সংগ্রামের উত্তরসূরি হিসাবে বাকি জীবন একইভাবে এই দুই উপজেলাবাসীকে সঙ্গে নিয়ে উন্নয়নের সমতা-ন্যায্যতা প্রতিষ্ঠায় সমৃদ্ধির জন্য কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, ভোট গ্রহণের দিন যত ঘনিয়ে আসছে নির্বাচনী মাঠে উৎসাহ-উদ্দীপনা, স্বতঃস্ফুর্ততা ও উত্তাপ তত বাড়ছে। দেশের মানুষ ভোট দেওয়ার জন্য আগ্রহী।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ