পুরানো বালাম চালের ভাত: স্মৃতিতে গ্রামবাংলার সমাজ-সংস্কৃতি

প্রকাশিত: ৮:১৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৫

পুরানো বালাম চালের ভাত: স্মৃতিতে গ্রামবাংলার সমাজ-সংস্কৃতি

Manual2 Ad Code

কামরুল হাসান মিঠুন |

সচ্চিদানন্দ দত্ত রায়ের আত্মজৈবনিক গ্রন্থ “পুরানো বালাম চালের ভাত”—প্রথম প্রকাশ ডিসেম্বর ২০১৫—বরিশালের মেঘনাতীরবর্তী গোয়ালভাওর গ্রামের মধ্যবিত্ত হিন্দু সমাজের জীবনচিত্রকে শব্দে-ছবিতে ধারণ করেছে। বইটি কেবল একটি পরিবারের দুই শতাধিক বছরের বসতির গল্প নয়; এটি গত শতকের চল্লিশের দশকের এক পূর্ণাঙ্গ সমাজ-ইতিহাসও। লেখকের কৈশোরকালের অভিজ্ঞতার ভেতর দিয়ে পাঠক দেখতে পান বাংলা সমাজের এক উত্তাল সময়কে।

Manual2 Ad Code

চল্লিশের দশক—যে সময় ভারতবর্ষ দেখেছে অগস্ট আন্দোলনের বিস্ফোরণ, আজাদ হিন্দ ফৌজের অভিযাত্রা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছায়া, ভয়াবহ ১৯৪৩-এর মন্বন্তর এবং এর পরেই দেশভাগজনিত সাম্প্রদায়িক অস্থিরতা। এই সময়েই দেশত্যাগ শুরু হয়—হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ বাস্তুভিটে হারায়। রায়ের লেখায় এই রাজনৈতিক পটভূমি কখনো প্রধান চরিত্র হয় না, কিন্তু গ্রামজীবনের নানান বর্ণনার আড়ালে এ সময়ের চাপা সুর স্পষ্টভাবে ধরা পড়ে।

মেঘনার পাড়ের গোয়ালভাওর গ্রামের চারপাশ—দাদপুর, গোবিন্দপুর, মল্লিকপুর, পোমা, বাংলাবাজার, নলগোড়া—সব মিলিয়ে এক ঐতিহ্যবাহী ভূগোল। পরগনা-ডিহির পুরোনো প্রশাসনিক কাঠামোও এখানে স্মৃতিচিহ্ন হিসেবে টিকে আছে। গ্রামীণ অর্থনীতি, কৃষিকাজ, মাছধরা—সব মিলিয়ে এক পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা।

Manual3 Ad Code

লেখকের বর্ণনায় উঠে আসে পরিবারের দৈনন্দিন খাদ্যাভ্যাস: প্রতিদিন মাছ কেনা, শাকসবজির নিজের উৎপাদন, ফলনভিত্তিক পরিবারের সামান্য স্বচ্ছলতা। বাজারের মাছের সমারোহ, বিশেষ করে বর্ষার ইলিশ, যেন এক আলাদা চরিত্র। কখনো দুই পয়সায় একটি, কখনো পাঁচটি মাথা এক পয়সায়—এমন বদলে যাওয়া দামের গল্প আজও বিস্ময় জাগায়। অতিমাত্রায় ইলিশ খেয়ে গ্রামে কলেরা ছড়িয়ে পড়া এবং প্রশাসনের উদ্যোগে বাজারে ঢোল পিটিয়ে ইলিশ বিক্রি বন্ধ করে দেওয়া—গ্রামীণ জনজীবনের এক ধ্রুপদি দৃশ্যকল্প।

খাদ্যসংস্কৃতির বর্ণনাও বইটির মূল্য বাড়িয়েছে। ইলিশের ভাজা, ভাপা, পাতুরি, ঝোল কিংবা ইলিশের পোলাও—রায় নিজের পরিবারের রান্নাঘরকে যেন খুলে দিয়েছেন পাঠকের সামনে। গ্রামীণ দরিদ্র পরিবারে পাতুরি রান্নার প্রচলন, কলাপাতায় ধীরে ধীরে সিদ্ধ হওয়া মাছের সুগন্ধ, বাড়ির বয়স্ক মহিলাদের বাগানের যত্ন—এসব মিলিয়ে বইটি হয়ে উঠেছে গ্রামবাংলার রসনা-সংস্কৃতির একটি দলিল।

সচ্চিদানন্দ দত্ত রায়ের স্মৃতিচিত্রে রাজনৈতিক উত্তাল সময়ের প্রেক্ষাপটে গ্রামীণ অর্থনীতি, খাবার, কৃষিকাজ, প্রতিবেশী সম্পর্ক এবং পারিবারিক আবহ যে ভাবে উঠে এসেছে, তা বাংলা সাহিত্যে গ্রামজীবন নিবেদিত রচনাগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য। বইটি পাঠককে ফিরিয়ে নিয়ে যায় এমন এক বাংলাদেশে—যেখানে মেঘনার ইলিশ, কাঁচা কুমড়োর ঝোল, কলাগাছের মোচা কিংবা শীতের কচ্ছপের মাংস শুধু খাদ্য নয়, একটি সম্পূর্ণ সংস্কৃতির অংশ।

Manual7 Ad Code

“পুরানো বালাম চালের ভাত” নিছক স্মৃতিকথা নয়; এটি বাংলা উপমহাদেশের এক পরিবর্তনশীল সময়ের সমাজ-ইতিহাস, যা পাঠকের মনে নস্টালজিয়া ও গবেষকদের কাছে তথ্যভান্ডার—দু’য়েরই সমান উৎস।

 

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ