শুধু সার্টিফিকেট নয়, মানবিক মানুষ হওয়াই প্রকৃত শিক্ষা : ইউএনও ইসলাম উদ্দিন

প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৫

শুধু সার্টিফিকেট নয়, মানবিক মানুষ হওয়াই প্রকৃত শিক্ষা : ইউএনও ইসলাম উদ্দিন

Manual5 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৭ ডিসেম্বর ২০২৫ : “শুধু প্রথাগত সার্টিফিকেট অর্জনের মধ্যে শিক্ষা সীমাবদ্ধ নয়; বরং মানবিক, নৈতিক ও মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠাই প্রকৃত শিক্ষা।”—এমন মন্তব্য করেছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন।

Manual5 Ad Code

বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় শ্রীমঙ্গল শহরের কালিঘাট রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদ প্রদান ও বার্ষিক পুরস্কার বিতরণ ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়তে হবে। নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক গুণাবলি ছাড়া কেবল সার্টিফিকেটধারী মানুষ দিয়ে একটি সুন্দর সমাজ গড়া সম্ভব নয়। মানুষের চরিত্র গঠনে নৈতিক শিক্ষা মূখ্য ভূমিকা পালন করে।”

Manual1 Ad Code

তিনি আরও বলেন, একজন মানুষের সবকিছু শেষ হয়ে গেলেও তার অর্জিত জ্ঞান কখনো শেষ হয় না। তাই নিজেকে বিকশিত করার জন্য জ্ঞানার্জনের কোনো বিকল্প নেই। “তোমরা যদি এখন থেকেই লক্ষ্য নির্ধারণ করে নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করো, তাহলে সফলতা একদিন তোমাদের দোরগোড়ায় এসে দাঁড়াবেই।” শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আলোকিত মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. এহসানুল হকের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আশিকুর রহমান চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম এবং কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. একরামুল কবীর।

Manual7 Ad Code

অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ শাহিন আহমেদ, অভিভাবক হুমায়ুন রশীদ রাজু (পুলিশ), অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক আবুল হোসেন, অভিভাবক দাউদ নবী (পুলিশ), রিপন হোসেন ও লাকি আক্তার।

এছাড়া স্থানীয় সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন দৈনিক আমার দেশ পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি কাজী গোলাম কিবরিয়া জুয়েল, দৈনিক মানব কণ্ঠের শ্রীমঙ্গল প্রতিনিধি মোহাম্মদ আল-আমিন, দৈনিক মানব জমিনের প্রতিনিধি জামাল হোসেন এবং দৈনিক সংবাদ প্রতিদিনের প্রতিনিধি ইমরান হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক মো. আফসার মিয়া, মুঈন উদ্দিন মুন্সি মুহিন, সাইফুল ইসলাম, কাওছার আহমেদ সম্রাট, শাহেদ রানা, তাসলিমা জান্নাত চৈতি, জয়া রবি দাস, তহাফিজা আক্তার, তাসনিম রহমান তৃষা ও নুরজাহান আক্তারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভ. রেজি. নং-এস-১০২৮/৯৮) আয়োজিত কেন্দ্রীয় বৃত্তি পরীক্ষা ২০২৪-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান করা হয়। পাশাপাশি স্কুলের বার্ষিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৮ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এতে তিন শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।

সভাপতির বক্তব্যে শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও স্কুলের প্রধান শিক্ষক এহসান বিন মুজাহির বলেন, “আমরা কেবল গতানুগতিক পাঠদানেই সীমাবদ্ধ নই। শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশ, নৈতিক ও মানবিক মূল্যবোধে বলীয়ান করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”

তিনি জানান, ২০১৭ সালে প্রতিষ্ঠিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন বৃত্তি পরীক্ষায় প্রতি বছর শতভাগ পাস, জিপিএ-৫ ও ট্যালেন্টপুল বৃত্তির সাফল্য অর্জন করে আসছে। জাতীয় কারিকুলামের পাশাপাশি ধর্মীয় শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের সমন্বয়ে পাঠদানে মানসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে উপজেলায় সেরা স্বীকৃতি পেয়েছে স্কুলটি।

অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শেষ হয়।

 

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ