লক্ষ্মীপুর আইনজীবী সমিতি: ৬ পদে বিএনপি ও ৮ পদে আওয়ামী লীগ বিজয়ী, জামায়াত শূন্য

প্রকাশিত: ৮:৪৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

লক্ষ্মীপুর আইনজীবী সমিতি: ৬ পদে বিএনপি ও ৮ পদে আওয়ামী লীগ বিজয়ী, জামায়াত শূন্য

Manual5 Ad Code

মেহেদী হাসান রাসেল, নিজস্ব প্রতিবেদক | লক্ষ্মীপুর, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ : লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে জয় পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। অংশগ্রহণ না করার ঘোষণার পরও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্রার্থীরা আটটি পদে বিজয়ী হয়েছেন। তবে জামায়াত সমর্থিত কোনো প্রার্থী নির্বাচিত হতে পারেননি।

Manual6 Ad Code

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী এ কে এম হুমায়ুন কবির ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন। তারাবির নামাজের বিরতির কারণে ফল ঘোষণা বিলম্বিত হয় বলে তিনি জানান।

১৫টি পদের মধ্যে বিএনপি সমর্থিত প্রার্থীরা ছয়টি, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা আটটি এবং একটি পদে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

টানা দ্বিতীয়বারের মতো ২৩২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনিরুল ইসলাম হাওলাদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের নায়েবে আমির নজির আহমেদ পেয়েছেন ১৩৪ ভোট। সাধারণ সম্পাদক পদে ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রফিক উল্যাহ। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত প্যানেলের নুর উদ্দিন বাবুল পেয়েছেন ১৪৬ ভোট।

Manual6 Ad Code

সহ-সভাপতি পদে আবদুল মজিদ (বিএনপি) ও আবুল খায়ের ভূঁইয়া (আওয়ামী লীগ), সহ-সাধারণ সম্পাদক পদে ফখরুল ইসলাম জুয়েল (বিএনপি) ও চাঁদ মনি মোহন (আওয়ামী লীগ) নির্বাচিত হয়েছেন। পাঠাগার সম্পাদক পদে মুহাম্মদ মোশারফ হোসাইন (বিএনপি), সাংস্কৃতিক সম্পাদক পদে জামাল উদ্দিন (আওয়ামী লীগ) এবং অডিটর পদে রাকিবুল হাসান অপু (আওয়ামী লীগ) বিজয়ী হন।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন আজহার উদ্দিন রকি (আওয়ামী লীগ), নুরুল হুদা মুরাদ (স্বতন্ত্র), ইউসুফ মানিক (আওয়ামী লীগ), আবদুল্লাহ আল নোমান (আওয়ামী লীগ), আবদুর রহিম মানিক (আওয়ামী লীগ) ও জাফর আহমদ (বিএনপি)।

এর আগে গত ২৬ জানুয়ারি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের লক্ষ্মীপুর জেলা কমিটির সদস্যসচিব নুরুল হুদা পাটওয়ারী এক নোটিশে জানান, আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬-২৭ সালের নির্বাচনে কোনো পদে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরবর্তীতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ছাড়া অন্যান্য পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ বিষয়ে নুরুল হুদা পাটওয়ারীর বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমিতির এক সাবেক সভাপতি জানান, রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা হয়নি। সংগঠনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না থাকলেও অন্যান্য পদে অংশ নিয়ে আটজন প্রার্থী বিজয়ী হয়েছেন।

Manual1 Ad Code

নবনির্বাচিত কমিটিকে বাংলাদেশ প্রেসক্লাব, লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভাস্কর বসু রায় চৌধুরী ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Manual4 Ad Code