বৃহস্পতিবার উদ্বোধন হচ্ছে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, মে ২০, ২০২৬

বৃহস্পতিবার উদ্বোধন হচ্ছে মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’

Manual5 Ad Code
শ্রীমঙ্গলের প্রকৃতি-ঐতিহ্য বিশ্বদরবারে তুলে ধরার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা/শ্রীমঙ্গল, ২০ মে ২০২৬ : প্রকৃতির লীলাভূমি শ্রীমঙ্গলের অপরূপ সৌন্দর্য, সমৃদ্ধ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে সংগীত, দৃশ্য ও আবেগের মেলবন্ধনে তুলে ধরতে নির্মিত ব্যতিক্রমধর্মী মিউজিক্যাল ডকুমেন্টারি ‘রূপসী শ্রীমঙ্গল’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হতে যাচ্ছে বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর বনানী ক্লাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।

আয়োজক সূত্র জানিয়েছে, উদ্বোধনী আয়োজনে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক, সম্পাদক, সংস্কৃতিকর্মী, সংগীতশিল্পীসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন।

মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও আড্ডাকালে এ তথ্য জানান ‘রূপসী শ্রীমঙ্গল’-এর গীতিকার ও সুরকার, শ্রীমঙ্গলের কৃতি সন্তান এবং লন্ডনপ্রবাসী সংগঠন ‘হৃদয়ে শ্রীমঙ্গল’-এর প্রধান নির্বাহী কায়েস আজিজ।

Manual7 Ad Code

তিনি বলেন, “নিজের জন্মভূমি শ্রীমঙ্গলের প্রতি গভীর ভালোবাসা থেকেই এই উদ্যোগের জন্ম। আমরা চাই, গান ও দৃশ্যের মাধ্যমে বিশ্বের মানুষ শ্রীমঙ্গলের প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুনভাবে জানুক।”

Manual8 Ad Code

জানা গেছে, ‘রূপসী শ্রীমঙ্গল’ শুধুমাত্র একটি গান বা মিউজিক ভিডিও নয়; বরং এটি শ্রীমঙ্গলের সামগ্রিক পরিচিতিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার একটি সাংস্কৃতিক প্রয়াস। ডকুমেন্টারিটিতে চা-বাগান, টিলা, হাওর, পাহাড়ি জনপদ, বন্যপ্রাণী, খাসিয়া পল্লী, স্থানীয় সংস্কৃতি ও ঐতিহাসিক নিদর্শনের নান্দনিক উপস্থাপনা রয়েছে।

গানটির কথায় ও সুরে রয়েছে শ্রীমঙ্গলের প্রকৃতির প্রতি আবেগঘন ভালোবাসা। এতে কণ্ঠ দিয়েছেন বাংলা গানের জনপ্রিয় শিল্পী আসিফ আকবর এবং লন্ডনপ্রবাসী কণ্ঠশিল্পী রুবায়েত জাহান। সংগীত পরিচালনা ও সংগীতায়োজন করেছেন রাজা কাশেফ। আর শ্রীমঙ্গলের বিভিন্ন মনোরম লোকেশনে মিউজিক্যাল ডকুমেন্টারিটির চিত্রায়ন করেছেন নির্মাতা সৈকত রেজা।

গীতিকার ও সুরকার কায়েস আজিজ বলেন, “আসিফ আকবর ভাই আমার জন্মস্থান শ্রীমঙ্গলকে নিয়ে আমার লেখা গান গেয়েছেন—এটি আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। শ্রীমঙ্গলবাসীর পক্ষ থেকে তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই।”

তিনি আরও জানান, আন্তর্জাতিক অঙ্গনেও ‘রূপসী শ্রীমঙ্গল’কে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে যুক্তরাজ্যের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব লর্ডসে গানটি প্রচারের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের পাশাপাশি বিশ্ববাসীর কাছেও শ্রীমঙ্গলের পর্যটন সম্ভাবনা ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে কেন্দ্র করে গান ও ভিজ্যুয়াল কনটেন্ট নির্মাণের প্রবণতা বাড়লেও, একটি জনপদের প্রকৃতি, ইতিহাস ও সংস্কৃতিকে কেন্দ্র করে পূর্ণাঙ্গ মিউজিক্যাল ডকুমেন্টারি নির্মাণের উদ্যোগ তুলনামূলকভাবে বিরল। সে দিক থেকে ‘রূপসী শ্রীমঙ্গল’ একটি ব্যতিক্রমী আয়োজন।

Manual4 Ad Code

ডকুমেন্টারিটির প্রকাশ ও প্রচারণার দায়িত্বে রয়েছে দেশের জনপ্রিয় সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্বোধনের পরপরই বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে এটি উন্মুক্ত করা হবে।

Manual5 Ad Code

স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ শ্রীমঙ্গলের পর্যটন শিল্প, সাংস্কৃতিক পরিচিতি ও আন্তর্জাতিক ব্র্যান্ডিংয়ে ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে নিজেদের শেকড়, ইতিহাস ও ঐতিহ্য নতুনভাবে তুলে ধরতে এটি কার্যকর ভূমিকা রাখতে পারে।

চায়ের রাজধানী হিসেবে পরিচিত শ্রীমঙ্গল দীর্ঘদিন ধরেই দেশি-বিদেশি পর্যটকদের অন্যতম আকর্ষণ। সবুজ চা-বাগান, লাউয়াছড়া জাতীয় উদ্যান, সাত রঙা চা, পাহাড়ি জীবনধারা ও প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে অঞ্চলটি বাংলাদেশের অন্যতম নান্দনিক পর্যটন গন্তব্য হিসেবে পরিচিতি পেয়েছে। ‘রূপসী শ্রীমঙ্গল’ সেই সৌন্দর্যকেই শিল্প-সংগীতের ভাষায় নতুনভাবে বিশ্বমঞ্চে উপস্থাপনের প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।

এ সংক্রান্ত আরও সংবাদ