বন্ধ কারখানা চালু ও বকেয়া পরিশোধের দাবিতে সেঞ্চুরি অ্যাপারেলস শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: ৩:৪৯ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৬

বন্ধ কারখানা চালু ও বকেয়া পরিশোধের দাবিতে সেঞ্চুরি অ্যাপারেলস শ্রমিকদের বিক্ষোভ

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ, ৩০ জুন ২০২৬ : বন্ধ ঘোষিত সেঞ্চুরি অ্যাপারেলস লিমিটেড পুনরায় চালু, শ্রমিকদের বকেয়া মজুরি ও আইনানুগ পাওনাদি পরিশোধসহ সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কারখানাটির শত শত শ্রমিক।

মঙ্গলবার (৩০ জুন ২০২৬) দুপুর ২টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে শ্রমিকরা তাদের দাবি আদায়ে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

Manual8 Ad Code

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ২৯ জুন রাতের অন্ধকারে শ্রমিক ইউনিয়ন কিংবা শ্রমিকদের পূর্বে কোনো ধরনের অবহিতকরণ ছাড়াই মালিকপক্ষ পূর্বপরিকল্পিতভাবে কারখানা বন্ধ ঘোষণা করেছে। মঙ্গলবার সকালে শ্রমিকরা যথারীতি কাজে এসে কারখানার প্রধান ফটকে ঝুলানো বন্ধের নোটিশ দেখতে পান। নেতৃবৃন্দ বলেন, এ ধরনের সিদ্ধান্ত বাংলাদেশ শ্রম আইন এবং প্রচলিত শ্রমবিধির পরিপন্থী।

শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে তারা সততা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রতিষ্ঠানে কাজ করে আসছেন। কিন্তু কোনো পূর্বঘোষণা বা আলোচনার সুযোগ না দিয়ে কারখানা বন্ধ করে দেওয়ায় শত শত শ্রমিক ও তাদের পরিবার চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। তারা বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয়ের চাপের মধ্যে চাকরি হারানোর শঙ্কা শ্রমিক পরিবারগুলোর জন্য ভয়াবহ সংকট সৃষ্টি করেছে।

Manual3 Ad Code

বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাব এলাকা থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়। এ সময় শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের দাবির প্রতি জনসমর্থন আদায়ের চেষ্টা করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন সেঞ্চুরি অ্যাপারেলস লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম। সংহতি জানিয়ে বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সহ-সভাপতি হাসনাত কবির, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি রুহুল আমিন সোহাগ, গাবতলী পুলিশ লাইন শিল্পাঞ্চল শাখার সভাপতি মোফাজ্জল হোসেন, ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক রোহানসহ বিভিন্ন শ্রমিক নেতা ও কারখানার শ্রমিকরা।

বক্তারা বলেন, সরকার যেখানে বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি এবং শিল্পখাতকে শক্তিশালী করার উদ্যোগের কথা বলছে, সেখানে একটি চলমান কারখানা হঠাৎ বন্ধ করে দেওয়া শ্রমিকবান্ধব নীতির সঙ্গে সাংঘর্ষিক। তারা অভিযোগ করেন, মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে কোনো আলোচনা না করে এবং শ্রম আইনে বর্ণিত প্রক্রিয়া অনুসরণ না করেই কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

নেতৃবৃন্দ আরও বলেন, শ্রমিকদের বিরুদ্ধে কোনো ধরনের পুলিশি হয়রানি, ভয়ভীতি প্রদর্শন বা মিথ্যা মামলা দায়েরের চেষ্টা করা হলে তার বিরুদ্ধে শ্রমিক সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। শ্রমিকদের ন্যায্য দাবিকে উপেক্ষা করে পরিস্থিতি আরও জটিল করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সমাবেশ থেকে শ্রমিকদের সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— অবিলম্বে বন্ধ কারখানা পুনরায় চালু করা, সকল বকেয়া মজুরি দ্রুত পরিশোধ, ভবিষ্যতে কারখানা চালু হলে বর্তমান শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বহাল, শ্রম আইন অনুযায়ী সকল আইনানুগ পাওনা পরিশোধ, প্রত্যেক শ্রমিককে নিয়োগপত্র, সার্ভিস বুক ও চাকরির প্রত্যয়নপত্র প্রদান, শ্রমিকদের বিরুদ্ধে পুলিশি হয়রানি ও মিথ্যা মামলা বন্ধ এবং কোনো শ্রমিককে কালো তালিকাভুক্ত না করা ও ভবিষ্যৎ কর্মসংস্থানে বৈষম্য না করা।

Manual5 Ad Code

শ্রমিকরা জানান, কর্মসূচি শেষে তাদের দাবিসংবলিত লিখিত অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অভিযোগপত্রের অনুলিপি কারখানা কর্তৃপক্ষ, বিকেএমইএর সভাপতি, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলার উপ-মহাপরিদর্শক, বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের কাছে প্রদান করা হয়েছে।

Manual5 Ad Code

শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের ন্যায্য ও আইনসঙ্গত দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও শিল্পমালিকদের কার্যকর ভূমিকা পালন করা প্রয়োজন। অন্যথায় শ্রমিকদের জীবন-জীবিকা রক্ষার স্বার্থে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এদিকে কারখানা বন্ধের বিষয়ে সেঞ্চুরি অ্যাপারেলস লিমিটেডের মালিকপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবস্থান জানারও চেষ্টা চলছে। শ্রমিকদের অভিযোগের বিষয়ে মালিকপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ