লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৬

লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Manual1 Ad Code

মেহেদী হাসান রাসেল | বিশেষ প্রতিনিধি, লক্ষ্মীপুর, ২২ আগস্ট ২০২৬ : লক্ষ্মীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত বালিকা বিদ্যানিকেতনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২২ আগস্ট ২০২৬) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় এ প্লাস (জিপিএ-৫) অর্জনকারী তিন শিক্ষার্থী এবং ষষ্ঠ শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ছয় শিক্ষার্থীকে বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষভাবে সংবর্ধনা ও পুরস্কৃত করা হয়।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট এ.এস.এম. ইলিয়াস হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ উদ্দিন চৌধুরী। তিনি কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ জীবনে আরও বড় সাফল্য অর্জনের জন্য অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রওশন জামিল শিপু, পৌর বিএনপির সদস্য সচিব মনছুর আহমেদ, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি খালেদ মোহাম্মদ কিরন এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিটন দেবনাথ। বিদ্যালয়ের অভিভাবক সদস্য মিজানুর রহমান শামীম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের সার্বিক আয়োজনে সহযোগিতা করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নবম শ্রেণির শিক্ষার্থী সুমাইতা রহমান এবং গীতা পাঠ করেন একই শ্রেণির শিক্ষার্থী অন্বেষা দেবনাথ। ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

Manual8 Ad Code

সংবর্ধনা অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় এ প্লাস অর্জনকারী বিদ্যালয়ের শিক্ষার্থী শোভা দত্ত বনিক, অথৈই রানী সাহা ও তৃষ্ণা সুরকে ভালো ফলাফলের জন্য পুরস্কৃত ও সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে ষষ্ঠ শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত জান্নাতুল মাওয়া মাহী, জায়মু ইসলাম ওহী ও জান্নাতুল মাওয়া তাসনিম এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত সাবিহা ইসলাম আরফা, ফারজানা আক্তার ও সুজানা তাসবিকেও সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃতি শিক্ষার্থীদের এ অর্জন শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়; এর সঙ্গে বিদ্যালয়, শিক্ষক এবং পরিবারের অবদানও জড়িয়ে রয়েছে। তবে সাফল্যের মূল কারিগর শিক্ষার্থীরাই। নিয়মিত অধ্যয়ন, অধ্যবসায়, সময়ানুবর্তিতা, ক্লাসে মনোযোগ, জানার আগ্রহ এবং ভুল থেকে শিক্ষা নেওয়ার মানসিকতাই তাদের এ পর্যায়ে নিয়ে এসেছে।

Manual3 Ad Code

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এ সংবর্ধনা শুধু একটি পুরস্কার নয়, বরং এটি তাদের সক্ষমতার স্বীকৃতি। ভবিষ্যতে জীবনের পথে আরও নানা চ্যালেঞ্জ ও সুযোগ আসবে। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় বর্তমানের পরিশ্রম, শৃঙ্খলা ও শেখার অভ্যাসকে কাজে লাগাতে হবে। এ অর্জনকে গন্তব্য হিসেবে না দেখে আরও বড় স্বপ্ন বাস্তবায়নের সূচনা হিসেবে নিতে হবে।

Manual4 Ad Code

তারা আরও বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রেখে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। আগামী দিনের বাংলাদেশ তাদের হাতেই গড়ে উঠবে। তাই শুধু কথায় নয়, সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে। নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে কঠোর পরিশ্রমের পাশাপাশি মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও মানুষের প্রতি শ্রদ্ধাবোধ ধারণ করতে হবে।

বক্তারা শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর ও আধুনিক জ্ঞানসম্পন্ন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সৃষ্টিকর্তা, মাতৃভূমি, মা-বাবা, পরিবার ও সমাজের প্রতি কৃতজ্ঞতাবোধও ধরে রাখতে হবে। বাংলা ভাষার পাশাপাশি আন্তর্জাতিক ভাষা শেখার ওপর গুরুত্ব দিতে হবে। জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।

অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করে তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এ সাফল্যের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার মান আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের নাস্তা পরিবেশন করা হয়।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ