সিলেট ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৬
শ্রীমঙ্গলে একটি মডেল মসজিদ নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে প্রশাসন ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা উপযুক্ত জায়গার খোঁজে ছিলেন। ঔ বিস্তর চেষ্টা ও পর্যালোচনার পর অবশেষে শ্রীমঙ্গল-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের প্রাণকেন্দ্র—কাকিয়াবাজার সংলগ্ন জামে মসজিদ এলাকায় মডেল মসজিদ নির্মাণের অত্যন্ত সঠিক ও যৌক্তিক একটি সিদ্ধান্ত ও পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে।
অথচ অত্যন্ত পরিতাপের বিষয়, এত চেষ্টার পর যখন একটি সুনির্দিষ্ট ও উপযুক্ত স্থান নির্ধারণ করা হলো, তখন কিছু পক্ষ তা নিয়ে অহেতুক বিরোধিতায় মেতে উঠেছে। একটি প্রতিষ্ঠিত ও সুন্দর স্থানে মডেল মসজিদের মতো মহতী উদ্যোগের বিরোধিতা করা প্রকারান্তরে অত্র এলাকার অবমূল্যায়ন ও সুস্থ মানসিকতার চরম অভাব ছাড়া আর কিছুই নয়!
বিরোধিতাকারীদের জেনে রাখা উচিত, মডেল মসজিদ কোনো যত্রতত্র তৈরি করার বিষয় নয়, একটি মসজিদ থেকে আরেকটি মসজিদের দূরত্ব কতটুকু প্রয়োজন তা কি বিরোধীদের জানা আছে? এর জন্য প্রয়োজন উপযুক্ত স্থান, যাতায়াত সুবিধা এবং পর্যাপ্ত মুসল্লির উপস্থিতি।
মৌলভীবাজার জেলারই অনেক নিভৃত বা বিরান এলাকায় অযৌক্তিকভাবে মসজিদ নির্মাণ করার কারণে আজ সেখানে মুসল্লির তীব্র অভাব দেখা যায়—আমরা কি সেই ভুল সিদ্ধান্তের পুনরাবৃত্তি চাই?
আজ যাঁরা শ্রীমঙ্গল শহরের আশপাশে এই মসজিদ নিয়ে যাওয়ার অযৌক্তিক দাবি তুলছেন, তাঁদের কাছে প্রশ্ন—এতদিন আপনাদের এই দাবি ও উদ্যোগ কোথায় ছিল? শহরের আশপাশের মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে এমনিতেই পর্যাপ্ত মসজিদ রয়েছে। আর নতুন করে জায়গা মেলানো কতটা কঠিন, তা ভুক্তভোগীরা ছাড়া কেউ জানে না।
মুখে মুখে বড় বড় কথা বলা বা কেয়ার কেয়ার জায়গা দেওয়ার গল্প করা সহজ, কিন্তু বাস্তবে তা অসম্ভব।
কাকিয়াবাজার সংলগ্ন এই স্থানটি একাধারে প্রধান সড়কের সন্নিকটে, অত্যন্ত দৃষ্টিনন্দন, একটি ব্যস্ত বাজার কেন্দ্র এবং একাধিক মাদ্রাসাবেষ্টিত মুসলিম অধ্যুষিত এলাকা। শ্রীমঙ্গলে এর চেয়ে সেরা ও উপযুক্ত জায়গা দ্বিতীয়টি খুঁজে পাওয়া সম্ভব নয়।
তাই স্পষ্টভাবে বলতে চাই—দীর্ঘ প্রতীক্ষার পর যে সিদ্ধান্তটি বাস্তবায়নের পথে, তা নিয়ে ব্যক্তিগত স্বার্থ বা অহেতুক ফাসাদ তৈরির চেষ্টা বন্ধ করুন।
উন্নয়ন ও দ্বীনী কাজের বিরোধিতা করে সমাজে তিক্ততা ছড়ানো থেকে বিরত থেকে আসুন সবাই মিলে এই প্রকল্পকে সফল করি।
#
মো. আনিছুল ইসলাম আশরাফী
সভাপতি
শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব
ও
সম্পাদক
আমার সিলেট (amarsylhet24.com)
(অনলাইন নিউজ পোর্টাল)।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি