সিলেট ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৬
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ০৫ সেপ্টেম্বর ২০২৬ : জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির সহযোগী সংগঠন জাতীয় যুব জোট। সংগঠনটির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিটি শনিবার বিকেলে বিক্ষোভ মিছিলে রূপ নেয়।
বিকেল ৫টার দিকে রাজধানীর জিপিওর সামনে জাসদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে জিরো পয়েন্ট, পল্টন মোড় ও জাতীয় প্রেসক্লাব হয়ে আবার জাসদ কার্যালয়ের নিচে গিয়ে মিছিলটি শেষ হয়।
মিছিল ও সমাবেশ থেকে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মামলার রায় বাতিল এবং তাঁকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। এ সময় নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
জাতীয় যুব জোটের নেতা-কর্মীরা বিদ্যুৎ লোডশেডিং কমানো, গ্যাস সংকট নিরসন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিও জানান। একই সঙ্গে ‘মববাদ’ ও ‘মবসন্ত্রাস’ নির্মূল, সাম্প্রদায়িকতার অবসান এবং মাজার-খানকা শরিফ, মন্দির, প্যাগোডা ও গির্জায় হামলা বন্ধের দাবি জানানো হয়।
মিছিল থেকে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি এবং কথায় কথায় কলকারখানায় শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতেও স্লোগান দেওয়া হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে জাতীয় যুব জোটের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। বক্তারা দেশের চলমান বিভিন্ন সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি