ফাহাদের মৃত্যুরহস্য উদঘাটনে তদন্ত করবে সিআইডি

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৩

ফাহাদের মৃত্যুরহস্য উদঘাটনে তদন্ত করবে সিআইডি

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০২ মার্চ ২০২৩ : শ্রীমঙ্গলের চাঞ্চল্যকর ও বহুল আলোচিত স্কুলছাত্র ফাহাদ রহমান মারজানের মৃত্যুর ঘটনাকে এফআইআর গণ্য করত: বিধি মোতাবেক রুজু করার জন্য শ্রীমঙ্গল রেলওয়ে থানাকে নির্দেশ দিয়েছেন মৌলভীবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম মিছবাউর রহমান। এছাড়াও এর তদন্তভার সিআইডিতে হস্তান্তর করেছে কোর্ট।

তিনি শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জকে এ নির্দেশ দিয়ে বিধি মোতাবেক এ মামলা রুজু করে মামলা নম্বর, তারিখ ও প্রতিবেদন প্রেরণ করতে আদেশ দেন।

আদেশে ন্যায়বিচার ও সুষ্ঠু তদন্তের জন্য পুরো ঘটনাটি সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)-এর মৌলভীবাজারের পুলিশ সুপারকে নির্দেশ প্রদান করা হয়।

গত বছরের ১২ অক্টোবর সকাল ৬টার দিকে শহরের শাহিবাগ এলাকার রেললাইনের পাশ থেকে ফায়ার সার্ভিসকর্মীরা উপজেলার পশ্চিম ভাড়াউড়া এলাকার বাসিন্দা শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমানের ছেলে ফাহাদকে (১৭) গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

Manual4 Ad Code

সে শহরের শাহ মোস্তফা জামেয়া ইসলামিয়া হাইস্কুল থেকে গত বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ফাহাদের মৃত্যুর পরে রেজাল্ট বের হলে সে ওই পরীক্ষায় পাস করে। ওই সময় এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করে পুলিশ। কিন্তু শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারী ও তদন্ত কর্মকর্তা এসআই মোল্লা সেলিমুজ্জামানের দায়সারা তদন্তে অনাস্থা জানিয়ে আদালতে মামলা ও সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানান।

Manual7 Ad Code

পরে রেলওয়ে পুলিশের পক্ষ থেকে আদালতে প্রতিবেদন প্রেরণ করা হয়। এতে তদন্তকারী কর্মকর্তা ফাহাদের মৃত্যুর ঘটনাটি রহস্যজনক হওয়ায় দক্ষ তদন্তকারী সংস্থা দিয়ে তা তদন্তের সুপারিশ করেন।

Manual2 Ad Code

এ ব্যাপারে নিহত ফাহাদের পিতা ফজলুর রহমান রেলওয়ে পুলিশের তদন্তকারী কর্মকর্তা ও ওসিকে অভিযুক্ত করে বলেন, শুরু থেকেই ওই দুই কর্মকর্তা তার ছেলের মৃত্যুর বিষয়টি অপমৃত্যু হিসেবে চালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন।

তারা তদন্তের নামে মামলার আলামত নষ্ট ও কালক্ষেপণ করেছেন বলে অভিযোগ করেছেন তিনি।
এসব বিষয় ও তার ছেলের প্রকৃত খুনিদের বের করার জন্য নতুন তদন্তকারী সংস্থা সিআইডির প্রতি অনুরোধ করেন।

Manual6 Ad Code

এ ব্যাপারে কথা বলার জন্য ফোন করলে শ্রীমঙ্গল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ সাফিউল ইসলাম পাটোয়ারীর সরকারি ও ব্যক্তিগত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। পরে দায়িত্বে থাকা কর্মকর্তা এসআই মীর সাব্বির আলী বলেন, ওসি ট্রেনিংয়ে আছেন।
তিনি আরও জানান, আদালতের নির্দেশ মোতাবেক নিহত ফাহাদের মামলাটি বিধি মোতাবেক রুজু করা হয়েছে এবং আদালতের সব আদেশ পালন করা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ