আমি হেলেন বলছি

প্রকাশিত: ৭:৫৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৪

আমি হেলেন বলছি

Manual8 Ad Code

ইসরাত রুবাইয়া |

তুমি একজন ভালো মানুষ তবে ভালো প্রেমিক নও।
যে দিন তোমায় বললাম, “বাবা বিয়ে ঠিক করেছে,”
তুমি তাকিয়ে রইলে মুখের দিকে,
কিছু বললে না।
কেনো বললে না?
হাত দুটো ধরে বলতেতো পারতে, “চলো পালিয়ে যাই।”
পৃথিবী পরাজিত প্রেমশক্তির কাছে।
তুমিতো প্রেমিক ছিলে না,
ভালো মানুষ ছিলে,
ভালো সন্তান, ভালো ভাই, ভালো বন্ধু।
প্রেমিক হতে হলে অসীম সাহসী হতে হয়,
বন জঙ্গল ডিঙিয়ে যাওয়া দুঃসাহস দেখতে হয়,
শক্ত করে প্রিয় নারীর হাত ধরে রাখতে হয়।
তুমি একজন ভালো মানুষ, তবে ভালো প্রেমিক নও।
তুমি সেদিন যদি শক্ত করে আামার হাত ধরে রাখতে
আমি না হয় বাবার বিরুদ্ধে দাঁড়াতাম!
তোমার নিরবতা আমায় ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে,
হেলেন সেদিন শেষ, শুধু অপবাদ।
পুড়িয়ে দিয়েছি তোমায়,
ট্রয় পোড়ালাম,
হেলাল হাফিজ পোড়ালাম,
নিভে যাওয়া অনলের কি সাধ্য পোড়ায় তোমায়!
হারানোর আর্তনাদে বাঁধা হয়নি নিজ নীড়,
আমিও হারিয়েছি সব, তোমার চেয়ে বেশি
তবুও অপরাধ আমার বেশি
আমি নারী বলে।
আমার বিরহ তোমায় দিয়েছে কবি খেতাব।
তোমার বিরহ আমায় দিয়েছে একটা লোহার শিকল।

এ সংক্রান্ত আরও সংবাদ