সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ দাবি বাম দলগুলোর

প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫

সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ দাবি বাম দলগুলোর

Manual2 Ad Code

নিখিল ভদ্র |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) ও প্রধান উপদেষ্টার বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছে বামপন্থী দলগুলো। দলগুলোর শীর্ষস্থানীয় নেতারা বলছেন, আগামী ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় নির্ধারণ করে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। তবে তার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত আলোচনা করে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা জরুরি। একই সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে।

Manual3 Ad Code

সূত্র মতে, আগামী ডিসেম্বরকে সামনে রেখেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি। গত রবিবার বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে ইসির বৈঠকে এমনটিই জানানো হয়েছে। এরপর গত সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে। অন্য উপদেষ্টাদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টা বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে কাজ চলছে।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও বলেন, সব রাজনৈতিক দল একমত হলে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে সরকারের আপত্তি নেই।
জানা গেছে, সরকার ও নির্বাচন কমিশনের এই অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছে রাজনৈতিক দলগুলো। অবশ্য তারা আগে থেকেই নির্বাচনী তৎপরতা শুরু করেছে। সারাদেশে চলমান ইস্যুতে সভা-সমাবেশের পাশাপাশি নির্বাচনী কৌশল নির্ধারণ ও প্রার্থী বাছাইয়ের কাজ চলছে।

এ ক্ষেত্রে পিছিয়ে নেই বামপন্থী দলগুলোও। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বাম-প্রগতিশীলদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। বামপন্থী দল ও জোটগুলোর মধ্যে পারস্পরিক আলোচনা ও বৈঠক চলছে। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল, গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং মুক্তবুদ্ধি চর্চায় বিশ্বাসী বিশিষ্টজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
বামপন্থী দলগুলোর শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দিতে চায় বামপন্থীরা।

Manual3 Ad Code

এর জন্য জোটের বাইরেও বাম ধারার অন্য যেসব রাজনৈতিক দল রয়েছে, তাদের সঙ্গে আলাপ-আলোচনা শুরু করা হয়েছে। নির্বাচনকে সামনে রেখে নতুন যুক্তফ্রন্ট গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। অবশ্য আগে থেকেই এই প্রক্রিয়া চলছিল। ফ্যাসিবাদ ও স্বৈরাচারবিরোধী আন্দোলন চলাকালে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হয়। এরই মধ্যে কয়েক দফা বৈঠকও হয়েছে। চলতি সপ্তাহে আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে।
বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘আমাদের দাবি, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা। একই সঙ্গে এই নির্বাচন ২৫ ডিসেম্বরের আগে হতে হবে। তাই অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের দিনক্ষণ ও তারিখ ঘোষণা করতে হবে। একই সঙ্গে প্রয়োজনীয় সংস্কার ও জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে হবে।’

Manual2 Ad Code

তিনি বলেন, ‘নির্বাচনী পরিবেশ সৃষ্টি হলে ও বিদ্যমান পদ্ধতিতে ভোট হলে বাম জোট ৩০০ আসনে প্রার্থী দেবে। নির্বাচনে দলীয় নেতাদের পাশাপাশি বাম ও প্রগতিশীল এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এমন ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হবে। এরই মধ্যে ভোটের জন্য মাঠ পর্যায়ে নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে।’

সরকার নির্বাচনের সম্ভাব্য সময়ের কথা জানালেও সেখানে যথেষ্ট ফাঁক রয়েছে বলে মনে করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক ও বাম জোটের আরেক শীর্ষ নেতা বজলুর রশীদ ফিরোজ। তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলা, দ্রব্যমূল্যসহ সার্বিক পরিস্থিতি নির্বাচনের জন্য কতটা অনুকূলে তা নিয়ে প্রশ্ন রয়েছে। আগামী দিনে সার্বিক পরিস্থিতির আরো অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর আশঙ্কাও আছে। তবে আমরা চাই, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়া হোক। সেক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন হলে দলগতভাবে আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। আমরা বাম জোটগতভাবে নির্বাচন করতে চাই। জোটের পরিসর বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। দ্রুতই জোটের বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে।’

বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, ‘গণ-অভ্যুত্থানের জন-আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য বুর্জোয়া দলগুলোকে বাদ দিয়ে একটি নতুন জোট গঠনের উদ্যোগ আছে। বাম, গণতান্ত্রিক, প্রগতিশীল ও উদারনৈতিক দলকে নিয়ে এ ধরনের একটি জোট গঠনের চেষ্টা চলছে। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ পেলে এই কার্যক্রম আরো জোরদার করা হবে।’

Manual1 Ad Code