খাসিয়াদের ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠিত হচ্ছে কাল

প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২৫

খাসিয়াদের ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ অনুষ্ঠিত হচ্ছে কাল

Manual6 Ad Code

বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজার | ২১ নভেম্বর ২০২৫ : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া খাসিয়া পুঞ্জির খেলার মাঠে আগামীকাল শনিবার (২২ নভেম্বর ২০২৫) অনুষ্ঠিত হতে যাচ্ছে খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবরণ ও বর্ষবিদায় উৎসব ‘খাসি সেং কুটস্নেম’। দিনব্যাপী আয়োজিত এই উৎসবে সিলেট বিভাগের প্রায় ৭০টি খাসিয়া পুঞ্জির হাজারো মানুষ অংশ নেবেন। যোগ দেবেন দেশের বিভিন্ন প্রান্তের দর্শনার্থী এবং বিদেশি পর্যটকরাও।

অর্থনৈতিক সংকট পেরিয়ে আবারও উৎসব আয়োজন

গত বছর কঠিন অর্থনৈতিক সংকটের কারণে সেং কুটস্নেম উৎসব অনিশ্চয়তার মুখে পড়েছিল।
আরপি নিউজ সহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর সরকারের শীর্ষ পর্যায়ের আগ্রহ ও প্রশাসনের সহযোগিতায় শেষ পর্যন্ত উৎসবটি আয়োজন করা সম্ভব হয়। এবছরও খাসিয়া সম্প্রদায়ের আর্থিক দুরবস্থা থাকলেও সরকার, সংস্কৃতি মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় উৎসবটি আয়োজনের প্রস্তুতি শেষ পর্যায়ে।

খাসি সোশ্যাল কাউন্সিলের সাধারণ সম্পাদক অনিলজয় ডিখার বলেন, “পান ব্যবসায় চরম মন্দা চলছে। ন্যায্য দাম না পাওয়ায় খাসিয়া জনগোষ্ঠী অর্থনৈতিক সংকটে রয়েছে। তবু সংস্কৃতি মন্ত্রণালয়ের আর্থিক অনুদান ও প্রশাসনের সহায়তা, এবং খাসি নেতাদের উদ্যোগে এবছরও আমরা উৎসবটি করতে পারছি।”

Manual3 Ad Code

কাউন্সিলের সভাপতি জিডিশন প্রধান সুচিয়াং বলেন,
“অর্থনৈতিক সংকট থাকলেও সরকার ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করেছে। এটি শুধু উৎসব নয়, আমাদের সংস্কৃতি ও সামাজিক বন্ধনের গুরুত্বপূর্ণ অংশ।”

খাসিয়াদের বৈচিত্র্যময় সংস্কৃতির মহামিলন

Manual7 Ad Code

খাসি সেং কুটস্নেম উৎসব খাসিয়া সম্প্রদায়ের কাছে একটি সার্বজনীন, ঐতিহ্যবাহী ও প্রাচীন অনুষ্ঠান। দেবতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং নতুন বছরের আহ্বান এ উৎসবের মূল তাৎপর্য।

Manual6 Ad Code

উৎসবে খাসিয়ারা পরিধান করেন তাদের ঐতিহ্যবাহী পোশাক। পরিবেশন করেন পাহাড়ি নৃত্য, আদি গান এবং জুম চাষসহ জীবিকার বিভিন্ন দিক তুলে ধরা সাংস্কৃতিক পরিবেশনা। এই আয়োজনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের কাছে তাদের ইতিহাস, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ঐতিহ্য তুলে ধরা হয়।

মাছ শিকার, খেলাধুলা ও মেলা—দিনভর আনন্দে মুখর পুঞ্জি

সকাল থেকে রাত পর্যন্ত উৎসবস্থলে আয়োজন থাকবে মাছ শিকার, ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা ও খাবারের আয়োজন। মাগুরছড়া পুঞ্জির মাঠে বসবে খাসিয়া জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী মেলা। বিভিন্ন স্টলে পাওয়া যাবে খাসিয়াদের বিশেষ পোশাক, পান, তীর-ধনুক, বাঁশ-বেতের তৈরি নানা সামগ্রী এবং হস্তশিল্প।

এ আয়োজনকে ঘিরে মাগুরছড়া পুঞ্জি পরিণত হবে খাসি সংস্কৃতির প্রাণবন্ত মিলনমেলায়।

সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার দাবি

খাসিয়া সম্প্রদায়ের এ বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানে প্রতিবছরের মতো এবারও অংশ নেবেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, বাঙালি সম্প্রদায়ের সদস্য এবং দেশি-বিদেশি পর্যটকরা।
উৎসবের রাষ্ট্রীয় সহায়তা পাওয়ার খবরে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সমাজ-সাংস্কৃতিক ব্যক্তিরা।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, সাংবাদিক ও কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “খাসিয়াসহ সব আদিবাসী জনগোষ্ঠীর জীবন-জীবিকা ও সাংস্কৃতিক বৈচিত্র্য সংরক্ষণে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা অত্যন্ত জরুরি। তাদের সমস্যার সমাধান ও উন্নয়নের জন্য পরিকল্পিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।”

ঐতিহ্য রক্ষার শপথ

সেং কুটস্নেম শুধু একটি উৎসব নয়—এটি খাসিয়া জনগোষ্ঠীর অস্তিত্ব, পরিচয় ও সাংস্কৃতিক উত্তরাধিকারের ধারক। নতুন বছরের প্রারম্ভে তারা অঙ্গীকার করেন নিজেদের সামাজিক সম্পর্ক আরও সুদৃঢ় করার, ঐতিহ্যকে লালন করার এবং নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার।

আগামীকাল খাসিয়াদের এই প্রাণের উৎসব পুঞ্জির মাঠজুড়ে সৃষ্টি করবে রঙ-বেরঙের, নৃত্য-গানের ও বন্ধনের অনন্য এক আবহ।

 

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ